ক্ষুধার কাছে উপেক্ষিত শ্রম আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রফিকের বয়স বড়জোর ১৪ বছর। মা-বাবা নেই। এই বয়সে সে দৈনিক আট থেকে ১০ ঘণ্টা স্ক্রিন প্রিন্টের কাজ করে নিজের পেট চালায়। সারা দিন কাজ শেষে রাতে আশ্রয় নেয় নগরের বিআরটিসি এলাকার একটি আশ্রয়কেন্দ্রে। সমাজসেবা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে রফিকের মতো কর্মজীবী শিশুর সংখ্যা ৫০ হাজারের বেশি। প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘণ্টা কাজ করে এসব শিশু। অথচ শ্রম আইনে উল্লেখ রয়েছে, একজন শিশু চার থেকে পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না। বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশের ২০০৪ সালের পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রামে তখন শ্রমজীবী শিশু ছিল ৩৮ হাজার। সারা দেশে এই সংখ্যা ৭৪ লাখ বলে ইউনিসেফের এক জরিপে বলা হয়েছে। একই জরিপে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিকের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১৩ লাখ। এ ছাড়া গৃহকর্মী শিশুর সংখ্যা চার লাখের বেশি। শ্রম মন্ত্রণালয়ের অধীনে যেসব উন্নয়ন সংস্থা কাজ করছে তাদের মতে, সারা দেশে শিশু শ্রমিকের সংখ্যা এক কোটির মতো। এসব প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, ঝালাই, জাহাজভাঙা শিল্প, গ্যারেজ ও কলকারখানার ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে শিশুরা। অপরাজেয় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, ‘সারা দেশের শিশু শ্রমিকদের ১২-১৫ শতাংশ চট্টগ্রামে রয়েছে। পেটের ক্ষুধার কারণে শিশুরা নানা ঝুঁকিপূর্ণ কাজে জড়িত রয়েছে। অনেক উদ্যোক্তা শিশুদের অধিকার সম্পর্কে সচেতন নয়। একেবারে কম করে হলেও ১০ ঘণ্টা কাজ করছে এক-একজন শিশু। সহ্য করছে অনেক নির্যাতনও।’ সমাজসেবা অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের অধীনে বিভিন্ন উন্নয়ন সংগঠন চট্টগ্রামে শিশু শ্রমিকদের নিয়ে কাজ করছে বলে জানা যায়। এ প্রসঙ্গে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা হাসান মাসুদ বলেন, ‘কর্মজীবী শিশুদের পুনর্বাসনের জন্য উন্নয়ন সংগঠনের মাধ্যমে আমাদের বেশকিছু প্রকল্প চালু রয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে তাদের নিরুৎসাহিত করা হয়।’চট্টগ্রামের ইউসেফের নয়টি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে প্রায় ছয় হাজার কর্মজীবী শিশু-কিশোর। সমাজের নিম্নবিত্ত শ্রেণীর এসব শিশু-কিশোরের কাছে শিক্ষার চেয়েও বেশি প্রাধান্য পায় তাদের কাজ। কর্মক্ষেত্রে নানা লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করেও তারা সংগ্রাম চালিয়ে যায়। ১৫ বছরের মো. শামীম কাজ করে নগরের পাহাড়তলির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। গ্রিল রং করা থেকে শুরু করে ঝালাইয়ের কাজও করে শামীম। দৈনিক পাঁচ-ছয় ঘণ্টা খেটে সে পায় মাত্র ১৫ টাকা। কাজে ভুল হলে বকাঝকা এমনকি মার খেতে হয় বলে জানায় সে । শ্রম আইনে নিষেধ থাকলেও ক্ষুধার জ্বালা মেটাতে শিশুরা এসব কাজে নিয়োজিত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বেশির ভাগ নিয়োগকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়মনীতি মানে না বলেও অভিযোগ। শিশুশ্রম আইনে বলা আছে, একজন শিশু শ্রমিককে চার থেকে পাঁচ ঘণ্টার বেশি কাজে লাগানো যাবে না। এ ছাড়া ১৪ বছরের (ক্ষেত্রবিশেষে ১২ বছর) কম বয়সের শিশুদের কাজে লাগানোর নিয়ম নেই।