জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আদালত যে যাবজ্জীবন ও ১৫ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন তাতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন পেশার মানুষ। তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে জামায়াত শিবির যাতে দেশে অরাজকতা চালাতে না পারে সেজন্য রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা। মতামত নিয়েছেন হামিদ উল্লাহপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, ‘আমি ক্ষুব্ধ, হতাশ ও বিস্মিত। তাঁর বিরুদ্ধে ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিই প্রমাণিত হয়েছে। তা সত্ত্বেও এত বড় গণহত্যাকারী, সাংস্কৃতিক-কর্মী, শিক্ষক ও ছাত্র হত্যাকারী কী করে এত লঘু দণ্ডের মাধ্যমে পার পেয়ে গেলেন? আজকে সারা দেশের বিভিন্ন পেশার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এতে বোঝা যায় বাঙালি জাতি কলঙ্ক মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যুদ্ধাপরাধীদের ক্ষমা নেই, তাদের ক্ষমা করা যায় না।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, ‘আদালতের প্রতি আমার আস্থা আছে। তাঁরা স্বাধীনভাবে কাজ করেছেন। তবে কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা অপরাধের তুলনায় অনেক কম বলে মনে হয়। কারণ মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ ছিল তার সবকটিই প্রমাণিত হয়েছে। কাদের মোল্লা ১৯৭১ সালে জঘন্যতম অপরাধে লিপ্ত ছিলেন। তাই এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।’কাদের মোল্লার বিরুদ্ধে আদালতের রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শহীদ জায়া মুশতারী শফী। তিনি বলেন, ‘একাত্তরে আমি স্বামী ও স্বজন হারিয়েছি। সে সময় কাদের মোল্লার নেতৃত্বে শতাধিক মানুষকে খুন করা হয়েছে। তাঁর অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। আলবদর বাহিনীর এ নেতা স্বাধীনতার পরও এ দেশে লুটপাট করেছেন। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে ইতিহাসের কাছে আমরা অপরাধী হয়েই থাকব। আমার কাছে মনে হচ্ছে এই রায় একটি প্রহসন।’ মুক্তিযোদ্ধা, গবেষক ও চিকিৎসক মাহফুজুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘তাদের দুর্বলতা না থাকলে কাদের মোল্লা এভাবে ছাড় পেতেন না। তবে এ রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা যে যুদ্ধাপরাধ করেছেন তা প্রমাণিত হলো। কিন্তু একই অপরাধে একজনের ফাঁসি হলো আর আরেকজনের যাবজ্জীবন এই বৈষম্য কেন হলো আমার কাছে তা বিরাট প্রশ্ন।’মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মো. শাহাবুদ্দিন বলেন, ‘আমার মনে হচ্ছে তরুণ প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ হয়ে গেলাম। রায়ে দেখা যায়, তাঁর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এতেই তাঁর মৃত্যুদণ্ড হতে পারত। কিন্তু তা না হওয়ায় অত্যন্ত হতাশ হয়েছি। যাঁরা মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর দোসরদের নৃশংসতা দেখেছেন এবং আজকের তরুণ প্রজন্ম যাঁরা ইতিহাস জানেন তাঁরা সবাই এই রায়ে বিচলিত। আশা করি, তাঁর যাতে ফাঁসি হয় সেজন্য আইনানুগ সব ব্যবস্থা নেওয়া হবে।’ মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সাংস্কৃতিক-কর্মী আবদুল হালিম দোভাষ বলেন, ‘আবদুল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হোক। কারণ এ রায় আমাদের কাছে অপ্রত্যাশিত। উচ্চ আদালতে আপিলের পাশাপাশি আমাদের রাজপথেও থাকতে হবে যত দিন না অসমাপ্ত যুদ্ধের শেষ হয়।’ বাকলিয়া এলাকার গৃহবধূ মাবিয়া আক্তার বলেন, ‘রায়ের পর সারা দিন হতাশ হয়ে বাসায় বসেছিলাম। কোনো কাজ করতে পারিনি। কাদের মোল্লার রায়ে আমার কোনো ব্যক্তিগত ক্ষতি হয়নি। কিন্তু দেশের বিরাট ক্ষতি হলো। আমি তো এ দেশেরই একজন।’