ক্ষুব্ধ আদভানির আত্মসমীক্ষার ডাক
জাতীয় কংগ্রেসের বেহাল অবস্থার কারণে ভারতজুড়ে বিজেপির পক্ষে একটা হাওয়া বইছে কিছুদিন থেকেই। কিন্তু অন্তঃকলহে সেই হাওয়া এখন থমকে গেছে কিছুটা। বস্তুত বিজেপির দলীয় কোন্দল এখন তীব্র আকার ধারণ করেছে। দলটি এখনো নিশ্চিত করে আগামী (২০১৪ সালের) লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর নাম তুলে ধরতে পারেনি। নরেন্দ্র মোদি ও লালকৃষ্ণ আদভানির নাম উঠলেও এ নিয়ে তীব্র মতান্তর আছে। এই এলোমেলো অবস্থার মধ্যে এক ‘বাকবোমা’ ফাটিয়ে দলের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছেন আদভানি।পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ আহূত ৩১ মের ভারত বন্ধ্ বেশ সফল হয়। তাই দেখেই বিজেপি মনে করতে শুরু করে, ২০১৪ সালে ক্ষমতায় যাওয়ার পথে অনেকখানি এগিয়ে গেছে তারা। কিন্তু ওই দিনই দলের প্রবীণ নেতা সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি প্রকারান্তরে ‘বিদ্রোহ’ ঘোষণা করে বসেন দলের বিরুদ্ধে। আরও প্রকট হয়ে পড়ে দলের অন্তঃকোন্দল। আদভানি তাঁর নিজস্ব ব্লগে বিজেপিকে পরামর্শ দেন ‘আত্মসমীক্ষার’। লেখেন, ‘কংগ্রেসের নেতৃত্বাধীন বর্তমান ইউপিএ সরকারের ওপর দেশবাসী প্রচণ্ড ক্ষুব্ধ। কিন্তু তারা আমাদের (বিজেপি) ওপরও খুশি নয়।...পরিস্থিতি যা, তাতে আমাদের আত্মসমীক্ষার প্রয়োজন হয়ে পড়েছে।’ আদভানির এ মন্তব্যের পর দেশব্যাপী রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, কেন তিনি হঠাৎ এ সময় নিজের দল সম্পর্কে এমন মন্তব্য করলেন। আর এ নিয়ে ইতিমধ্যে দলের সভাপতি নীতিন গডকড়ির সঙ্গে আদভানির মতপার্থক্য প্রকাশ্যে চলে আসে। গডকড়ির সঙ্গে বনছে না সুষমা স্বরাজেরও, যিনি কিনা লোকসভায় বিরোধীদলীয় নেত্রী। প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে বিজেপির একাংশ চাইছে নরেন্দ্র মোদিকে। কিন্তু অন্য একটি অংশ থেকে এর বিরোধিতা করা হচ্ছে। এ পক্ষের বক্তব্য, গুজরাটের ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গা নরেন্দ্র মোদির মুখে যে কালিমা লেপন করেছিল নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল তো খোলাখুলিই নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্যদিকে আদভানির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তরুণ নেতৃত্বের একাংশ। ২০০৪ ও ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি আদভানিকে সামনে রেখে লড়েছিল। আদভানির সমর্থক নেতা-কর্মীরা চাইছেন সামনের নির্বাচনেও তাঁর নেতৃত্বেই লড়ুক বিজেপি। কিন্তু তাতে সায় দেয়নি দলের শীর্ষ নেতৃত্ব। এবার দ্বিতীয়বারের জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন অপেক্ষাকৃত তরুণ নেতা নিতীন গডকড়ি। তিনি চাইছেন না আদভানিকে সামনে রেখে আগামী নির্বাচনে লড়তে। এ কারণে আদভানি ক্ষুব্ধ। কর্ণাটক এবং ঝাড়খন্ড রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ওপর অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে। বিজেপির এই অবস্থার সুযোগ নিতে মাঠে নেমে পড়েছে কংগ্রেস। বিভিন্ন জনমত সমীক্ষায় কংগ্রেসের নিজের দুর্দশা ফুটে উঠলেও তাকে সামাল দিতে বিজেপির অন্তঃকলহের সদ্ব্যবহার করতে তৎপর হয়েছে তারা। কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি বলেছেন, ‘আমরা তো আগে থেকেই বলে আসছি বিজেপির আত্মসমীক্ষার প্রয়োজন। আমাদের এ কথা কতটা সত্যি, তা প্রমাণ হয়ে গেল আদভানির কথায়।’ বিজেপির দলীয় মুখপত্র কমল সন্দেশ-এর সম্পাদকীয়তেও উঠে এসেছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের টুকরা ছবি। তাতে সভাপতি গডকড়ির নানা সিদ্ধান্তের কঠোর সমালোচনা করা হয়েছে। বিজেপির এই অভ্যন্তরীণ সংকট আগামী লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। জনমত জরিপ বেশ এগিয়ে নিয়ে গেলেও এই অভ্যন্তরীণ কোন্দল তাদের অনেকখানি পিছিয়েও দিয়েছে। অমর সাহা, কলকাতা