ক্ষুব্ধ গ্রামবাসী নিজেরাই সংস্কার করলেন সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ডিসি সড়কের ৭২০ মিটার অংশে দীর্ঘদিন ধরে ভোগান্তি সয়েছেন গ্রামবাসী। সড়ক মেরামতের জন্য বারবার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে ক্ষুব্ধ গ্রামবাসী নিজেরাই সংস্কার করলেন সড়ক। নিজেদের অর্থের পাশাপাশি দিয়েছেন স্বেচ্ছাশ্রমও।স্থানীয় লোকজন জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে মরিয়মনগর ইউনিয়নের মরমপাড়া গ্রামের বিয়ানবাজার সোনালী ব্যাংক থেকে কর্ণফুলী নদীর তীর পর্যন্ত মরিয়মনগর ডিসি সড়কের ৭২০ মিটার অংশ সংস্কার করা হয়নি একবারও। অথচ সোনালী ব্যাংক থেকে মরিয়মনগর চৌমুহনী পর্যন্ত সড়কের দেড় কিলোমিটার অংশ গত ২০ বছরে দুবার সংস্কার ও কার্পেটিং করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মরমপাড়া গ্রামের বাসিন্দা মনির হোসেন (৭১) জানান, ১৯৬৫ সালে কাপ্তাই সড়কের চৌমুহনী থেকে কর্ণফুলীর তীর পর্যন্ত মরিয়মনগর ডিসি সড়কটি নির্মাণ করা হয়। সেই থেকে সংস্কারের অভাবে সোনালী ব্যাংক থেকে কর্ণফুলীর তীর পর্যন্ত ৭২০ মিটার অংশ ভেঙে তছনছ হয়ে যায়। সড়কটির ইট উঠে গিয়ে মাটির সঙ্গে মিশে যায়। সৃষ্টি হয় অসংখ্য গর্তের। প্রতিবছর বর্ষার পর গ্রামবাসী নিজেদের প্রয়োজনে গর্তগুলো মাটি দিয়ে ভরাট করতেন। কিন্তু চলতি বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা নাজুক হওয়ায় গ্রামবাসী স্বেচ্ছায় মেরামতের উদ্যোগ নেন। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম জানান, সড়কটি সংস্কারের জন্য সামর্থ্য অনুযায়ী অর্থ দেন গ্রামের লোকজন। এরপর জুলাই মাসের প্রথম দিকে কাজ শুরু হয়। এখনো সড়কটির ৮০ মিটারের কাজ বাকি রয়েছে। রাতেও সড়কে ইট বিছানো ও বালু ঢালার কাজ করছেন গ্রামবাসী। এতে প্রায় তিন লাখ ৫০ হাজার টাকারও বেশি ব্যয় হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সোনালী ব্যাংক থেকে কর্ণফুলীর তীর পর্যন্ত সড়কটির পুরো অংশে বালু ঢালার কাজ শেষ হয়েছে। এখন চলছে ইট বিছানোর কাজ। গ্রামের যুবক ও বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি কিশোরেরাও স্বতঃস্ফূর্তভাবে সড়ক সংস্কারকাজ করছে। গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক দিয়ে শুধু মরিয়মনগরের লোকজন নয়, কর্ণফুলী নদীর দক্ষিণ পারের কোদালা ইউনিয়নের ১৫ হাজার মানুষও যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এ সড়কটি সওজ কর্তৃপক্ষ গত ৪০ বছরেও একবার সংস্কারের প্রয়োজন মনে করেনি।এ প্রসঙ্গে সওজ বিভাগের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের নির্দেশে গত বছর প্রায় সাত লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ঠিকাদার লোকসানের ভয়ে সংস্কারকাজ করেনি।