ক্ষুব্ধ রাঙামাটির বেতারশিল্পীরাও
বেতারের তালিকাভুক্ত শিল্পীদের কাছ থেকে ১০ শতাংশে উৎসে কর কাটার বিষয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন রাঙামাটি বেতারের শিল্পীরা। উৎসে কর কাটার বিষয়টি জানার পর বেতারের তালিকাভুক্ত শিল্পীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।রাঙামাটি বেতারের শিল্পীরা জানান, একটি অনুষ্ঠান করার জন্য বেতার যে সম্মানী দেয়, তা থেকে যাতায়াত খরচই ওঠে না। শিল্পীরা তাঁদের সম্মানী বৃদ্ধির জন্য কয়েক মাস ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন।কিন্তু দাবি মানার বদলে সম্মানী থেকে ১০ শতাংশ উৎসে কর কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁরা জানান।বেতারের শিল্পী রফিক আশেকী, স্বপ্না মারমা, মো. রফিক, সুমন তঞ্চঙ্গ্যা, ফারজানা আক্তার, উতিং তিং মারমা, ফনীন্দ্র লাল ত্রিপুরা ও ঝুলন দত্ত জানান, শিল্পীদের জন্য উৎসে কর কাটার বিধান অবমাননাকর। সরকারের ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাঁরা বেতারে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন।