ক্ষোভের নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বিশ্বকাপবিরোধীদের বিক্ষাভ
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বিশ্বকাপবিরোধীদের বিক্ষাভ

ফিফা বিশ্বকাপ নিয়ে সারা বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা৷ ফুটবলের দেশ ব্রাজিলই এবারের টুর্নামেন্টের আয়োজক৷ কিন্তু আশ্চর্য হলেও সত্যি, এই বিশাল আয়োজন নিয়ে দেশটির সাধারণ অনেক মানুষ অসন্তুষ্ট৷ তাদের ক্ষোভ সরকার ও ফিফার প্রতি৷
ব্যয়বহুল এই বিশ্বকাপ আয়োজন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে৷ আর এতে শোষণের শিকার হচ্ছে দেশটির সাধারণ মানুষ বা করদাতারা৷ এদিকে আয়োজনের অগ্রগতিও রীতিমতো হতাশাজনক৷ খেলা শুরু হতে বাকি মাত্র কয়েক দিন৷ কিন্তু এখনো স্টেডিয়াম ও বিভিন্ন সড়ক এবং বিমানবন্দরগুলোর নির্মাণকাজ অসমাপ্ত রয়ে গেছে৷ দুর্বল ইন্টারনেটব্যবস্থা ও মুঠোফোনসেবার নিম্নমানের কারণে দেশটিতে ভ্রমণকারী ১০ হাজার সাংবাদিক সমস্যায় পড়তে পারেন৷ আরও আশঙ্কার কথা হলো, জনমনে অসন্তোষ থেকে রাজপথে সহিংসতা শুরু হতে পারে৷ বিভিন্ন সংগঠন ইতিমধ্যে বিশ্বকাপবিরোধী স্লোগানসংবলিত আন্দোলন শুরু করে দিয়েছে৷ এসব স্লোগানের মধ্যে রয়েছে: ‘কোনো বিশ্বকাপ হবে না’, ‘লোকজন রুটি চায়, সার্কাস নয়’, ‘শিক্ষা ও চিকিৎসার জন্য আমাদের অর্থ চাই’ ইত্যাদি৷
ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ ফিফা অবশ্য এসব বিষয় নিয়ে তেমন চিন্তিত নয়৷ বিশ্বকাপ বা অলিম্পিকের মতো বড় ক্রীড়া আসরের আয়োজন বরাবরই অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে৷ আর জনগণের একটি বড় অংশ সেই ব্যয় বহন করে এবং ছোট একটি অংশ লাভবান হয়৷ এবারের বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটির কর্তৃপক্ষ অবকাঠামো উন্নয়নের নতুন সূচনার প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু যে দেশের স্তরে স্তরে লুকিয়ে আছে দুর্নীতির বিষ, সেখানে স্বল্প সময়সীমার মধ্যে বড় রকমের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিতান্তই কঠিন৷ যেমন: সাও পাওলোর ইতাকেরাও স্টেডিয়ামটি ১২ জুন খেলা শুরুর আগে সম্পূর্ণ প্রস্তুত হবে না৷ তাই জনমনে প্রশ্ন, ‘এক হাজার ১০০ কোটি মার্কিন ডলার খরচ করে আমরা এই পেলাম?’ এই জিজ্ঞাসাকে অযৌক্তিক বলার সুযোগ নেই৷
ব্রাজিলের শীর্ষস্থানীয় একটি সংবাদ সাময়িকীর জন্য লেখেন ইয়ান বোয়েশাত৷ তাঁর ভাষ্য, বিশ্বকাপ উপলক্ষে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে অপ্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছে৷ যেমন: মানাউসে কোনো ফুটবল সংস্কৃতি বা প্রথম ও দ্বিতীয় বিভাগে খেলার যোগ্য কোনো দল পর্যন্ত নেই৷ অথচ সেই শহরে তৈরি করা হচ্ছে বিশাল এক স্টেডিয়াম৷ এ জন্য হাজার হাজার দরিদ্র মানুষকে বাড়িছাড়া করে স্টেডিয়াম ও আশপাশের সড়কের জন্য প্রয়োজনীয় স্থান বের করেছে কর্তৃপক্ষ৷ এসব মানুষের অধিকাংশকেই শহরের কেন্দ্রস্থল থেকে অনেক দূরে চলে যেতে বাধ্য করা হয়েছে৷ কাজেই ক্ষতিগ্রস্ত নানা স্তরের এসব মানুষ বিশ্বকাপ উৎসব চলাকালেই বড় ধরনের বিক্ষোভ নিয়ে রাজপথে নেমে যেতে পারে৷ তবে দেশটিতে ফুটবলের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার৷ ব্রাজিল দল জিতে গেলে হয়তো তেমন অপ্রীতিকর কিছু ঘটবে না৷ কিন্ত দলটি পরাজিত হলে সার্বিক পরিস্থিতি মিলিয়ে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা ভয়াবহ আকার ধারণ করতে পারে৷
আলোকচিত্র সাংবাদিক আনা লিরা বলেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রতিবাদকারী ও সরকারি বাহিনীর সংঘর্ষে গত বছর থেকে এ পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছে এবং অন্তত ৩০০ জন আহত হয়েছে৷ এখন বিশ্বকাপে ব্রাজিল দল যদি ভালো খেলে, তাহলে জনমনে ক্ষোভ হয়তো চাপা পড়েই থাকবে৷ কিন্তু প্রিয় দলের ব্যর্থতায় জনসাধারণের ব্যক্তিগত লোকসানের বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠতে পারে৷ পরিণামে সহিংস বিক্ষোভ শুরুর আশঙ্কা রয়েছে৷
রাজধানী ব্রাসিলিয়ায় একটি নতুন স্টেডিয়ামের সামনে প্রায় তিন হাজার আদিবাসী মানুষ নিজস্ব সংস্কৃতির পোশাকে গত সপ্তাহে বিক্ষোভ দেখিয়েছিল৷ তাদের নেতা লিন্দোমার তেরেনা সেখানে বলেন, ‘আমাদের সরকার কার স্বার্থে কাজ করে? সাংবিধানিক অধিকার ও জনগণকে রক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার পরিবর্তে সরকার মাত্র এক মাস স্থায়ী একটি আসরের জন্য জমি দখল এবং শত শত কোটি ডলার বিনিয়োগ করছে৷ এতে করে বড় বড় ব্যবসায়ীকে মুনাফার সুযোগ করে দেওয়া হচ্ছে৷’
তবে সরকার দমে যায়নি৷ বিক্ষোভকারীদের দমনে দেশটির পার্লামেন্টে সন্ত্রাসবিরোধী একটি নতুন আইন তড়িঘড়ি করে উত্থাপন করা হয়েছে৷ এতে সামরিক বাহিনী অতিরিক্ত ক্ষমতা পাবে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নাগরিক ও সাংবিধানিক অধিকার ২০ বছরের বেশি সময়ের জন্য স্থগিত করা হবে৷ অথচ ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফ একসময় মার্ক্সবাদী বিপ্লবী সংগঠনে সক্রিয় ছিলেন৷ জনগণকে বঞ্চিত রেখে তাঁর অধীনে বিশ্বকাপ আয়োজনের ঘটনায় পুরোনো বিপ্লবী আদর্শবাদীদের অনেকে ব্যথিত হয়েছেন৷
ফিফা একটি সুন্দর বিশ্বকাপের আসর দেখতে চায়, কোনো বিক্ষোভ-আন্দোলন নয়৷ তারা জানে, জনগণকে নিজেদের বঞ্চনা ও বিভিন্ন অনিয়মের ব্যাপারে চুপ রাখতে ব্রাজিল দলের জয় চাই৷ প্রেসিডেন্ট রুসেফও জানেন, বছরের শেষ দিকে আসন্ন নির্বাচনে তাঁর জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে যদি ব্রাজিল দল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়৷
অন্যান্য দেশে ফুটবল মূলত মধ্যবিত্তের খেলা হলেও ব্রাজিলসহ লাতিন আমেরিকার দেশগুলোতে খেলাটি শ্রমিকশ্রেণি থেকে শুরু করে দরিদ্র বস্তিবাসীর সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে রয়েছে৷ তাই ব্রাজিলের রাজনৈতিক পরিস্থিতি কী হবে, সেটাও এখন দেশটির সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনগোষ্ঠীর আবেগ-অনুভূতির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে৷ এভাবেই একটি ফুটবল দলের জয়-পরাজয় রাজনীতিতেও অনেক কিছুর নির্ণায়ক হতে পারে৷
আশিস আচার্য