ক্ষোভ ও মমতার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা গানের ঐতিহ্যে ‘আমার গান’ আর ‘আমার গাওয়া গান’-এর পার্থক্য ঘুচে গেছে রবীন্দ্রনাথ ও নজরুলে এসে। এই স্রোতধারায় নিজে লিখে, সুর করে ও গেয়ে ‘আমার গান’-এর ভান্ডার পূর্ণ করার কাজে এপার বাংলা ও ওপার বাংলার অনেকেই জ্যেষ্ঠতা অর্জন করেছেন। খিড়কি খুলে দিয়ে অচেনা হাওয়ার ঝাপটায় বাংলা গানের এ ধারার আসরে নতুন ঐতিহ্য রচনায় তরুণতম যাঁরা লিপ্ত আছেন, ফারজানা ওয়াহিদ সায়ান তাঁদেরই কনিষ্ঠতম একজন।১৯৯৮ সালে মন্ট্রিয়লের মঞ্চে প্রথম নিজের একক গান নিয়ে হাজির হন সায়ান। বয়স ষোল কি সতেরো। তখনো ছোট করে চুল ছেঁটে নিজেকে আগাগোড়া কালো কাপড়ে মুড়িয়ে রাখতেন কি না জানি না, কিন্তু দীর্ঘদিন ওকে ওভাবে ওই পোশাকেই দেখছি। সংস্কৃতি বিকাশকেন্দ্রে দর্শন চক্রের গুরুগম্ভীর ক্লাসে কিংবা উন্মুক্ত বারান্দার তুমুল আড্ডায় সায়ানের উপস্থিতি ছিল নিয়মিত। কিন্তু খোলা গলায় যখন-তখন উনি গাইতেন না। গান করার একটা পরিবেশ তৈরি হলে, তবেই ওর গান শুনেছি। স্পষ্ট গতিমুখ সে গানে, কথাগুলো যেমন তীক্ষ, তেমনই মর্মভেদী ওর রাগ, ওর দুঃখ, ওর মিনতি আর ওর ভালোবাসা। সায়ান অন্তরে যেমন বিপ্লবী, তেমনি বাইরেও। ওর বিশ্বাসের সঙ্গে ওর জীবন একাকার। দশ-এগারো বছর বয়স থেকে গাইছেন। সংগীতে নিবেদিত দাদা ওয়াহিদ উদ্দিন আহমেদ, আব্বাসউদ্দীন, আবদুল লতিফ—এঁদের সঙ্গে গাইতেন। পরম বন্ধু ছিলেন ওরা। অমন সংগীতপাগল পরিবারের মেয়ে সায়ান সংগীত চর্চার মূল ধারায় কিন্তু থাকলেন না। পরিবারের অন্যরা—চাচা ফেরদৌস ওয়াহিদ, চাচাতো ভাই হাবিব ওয়াহিদ যন্ত্রানুষঙ্গের বিপুল সমাহারে যার যার মতো গান করলেও সায়ান শিল্পীপ্রধান পরিবেশনায় মগ্ন। নিজে লেখেন, সুর করেন—তারপর গেয়ে চলেন।বব ডিলান, পল সায়মন, উডি গাত্রি, জোয়ান বায়েসের মতো বুকে স্বপ্ন তাঁর। আমাদের প্রতুল বন্দ্যোপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায়, মৌসুমী ভৌমিক, সানি যুবায়ের, মাহমুদুজ্জামান বাবু, কৃষ্ণকলির পরপরই তবে কি নাম আসে সায়ানের? নিশ্চয়ই। আপন ঐশ্বর্য নিয়ে মূল ধারার সমান্তরালে গান গেয়ে চলেছেন তাঁরা। গানের মধ্যেই খেটে যাওয়া মানুষের আর্তি, শোষণ, বঞ্চনা আর সমাজের অসংগতিকে উন্মোচন করছেন। মানুষের প্রাণের স্ফূর্তি আর অবদমনকে যেমন খুঁজছেন, তেমনই করে ভালোবাসায় সিক্ত হওয়ার বাসনাকেও খুঁজছেন। সায়ানের গানের কথা ও সুরে সেই খোঁজটাই স্পষ্ট হয়ে ওঠে। পেশায় আইনজীবী হলেও গানটাকে মুখ্য করে দেখতে চান সায়ান। তাই গান তাঁর সর্বক্ষণের সঙ্গী। তাঁর ধ্যানজ্ঞান। তাঁর অনেক গানকেই সামাজিক সরল উপদেশ মনে হতে পারে, কিন্তু সায়ান বলেন, ‘এগুলো নিতান্তই আমার ব্যক্তিগত অনুভূতির ধারক। আর এগুলোকে গাইবার চেষ্টা আমার গণতান্ত্রিক অধিকার। একজন মানুষের অনুভূতির গল্প কারও জন্য প্রস্তাবিত আদর্শমালা হতে পারে না।’ হারমোনিয়াম আর পরিবেশনার ফাঁকে ফাঁকে মাউথ অর্গান বাজিয়ে গান করেন সায়ান। যন্ত্র বলতে ওইটুকুই। এতে গানের বক্তব্যের সবটুকু অনায়াসে উপস্থিত হতে পারে; সুর তখন শুধুই শ্রোতার মর্মস্পর্শের অনুষঙ্গ। প্রতুল বন্দ্যোপাধ্যায় তো যন্ত্র ছাড়াই সুর-তার-লয়ের অপরূপ সমন্বয় ঘটান তাঁর গানে। গলার কী অপূর্ব ওঠা-নামা, কখনো নরম কখনো চড়া। প্রতুলের গান যেমন সায়ানের অনুপ্রেরণা, তেমনই শাহনাজ রহমতুল্লাহর গাওয়া গানও তাঁর আজীবনের আরাধনা। সুযোগ পেলেই তাঁর গান গাওয়ার চেষ্টা করেন সায়ান। নজরুল-রবীন্দ্রনাথ থেকে গাইতেও তাঁর প্রাণ মাতে।নিজের গানকে শৃঙ্খলায় বাঁধতে চান সায়ান। কিন্তু সে বন্ধন যাতে শৃঙ্খলে পরিণত না হয়, সে ব্যাপারে খুবই সজাগ তিনি। যে কেউ গাইতে পারে তাঁর গান। নানাজনের গাওয়ার মধ্যেই তো কথাগুলো ছড়িয়ে পড়বে—একেকজনের গাওয়ায় একেকভাবে ধ্বনিত হবে। কিন্তু তাঁর গান রেকর্ডিংয়ের বেলায় অভিজ্ঞ সংগীত আয়োজকদের যন্ত্রানুষঙ্গে গানের যে মেজাজ দাঁড়ায়, যে ভিন্ন চেহারা পায়, সে প্রসঙ্গে সায়ান স্টুডিও ও স্টেজের স্পষ্ট ব্যবধানের কথা বলতে গিয়ে বলেন, ‘মাঝের এই অদক্ষতা ও অসম্পূর্ণতার সবটুকু লজ্জা নিয়েই আমি ও আমার গান।’ ছোট-বড় নানা অনুষ্ঠানে এখন নিয়মিত গাইলেও গানের মান এবং পরিশীলিত রুচি যাতে অক্ষুণ্ন থাকে, সে ব্যাপারে কোনো রকম ছাড় দিতে নারাজ সায়ান। জীবনযাপনেও এটা তাঁর আজীবনের স্বপ্ন। সংসারকে গোছাতে চাইছেন নিজের মতো করে। বৈবাহিকজীবন ও গান যেন সমান তালে চলে—এ নিয়ে উদ্বিগ্ন না হয়ে বোঝাপড়া দিয়ে সবকিছুর সমাধান করতে আগ্রহী সায়ান।শুধু জীবনমুখী গানই নয়, অন্তরের একান্ত কিছু অনুভূতি নিয়ে লেখা অনেক গান জমে আছে। সেসব গানের কথায় সুর দিতে এখন ব্যস্ত এই শিল্পী তাঁর বহুমুখী ও বিচিত্র গানশোনার জগৎ থেকে প্রাপ্ত প্রেরণাকে কাজে লাগাতে চাইছেন; রপ্ত করতে চাইছেন গানের গায়কি, আয়ত্ত করতে চাইছেন গানের বিবিধ ধরন। যে জন্য দিনের বেশ কিছু সময় গানশুনেই কাটে তাঁর। লেখার বেলায় নিজের ভাবনার জগেক আরও স্পষ্ট ও প্রসারিত করতে চান সায়ান। বাণীর অন্তর্নিহিত শক্তি অন্যের চিন্তাকে যাতে অনায়াসে স্পর্শ করে, অন্তর্বর্তী ভাবনার আদান-প্রদান যাতে সুগম হয়—সেটাই একমাত্র লক্ষ্য তাঁর।গান পোকা থেকে প্রথম সিডি বেরোয় ২০০৮ সালে। ২০টি গান নিয়ে দ্বিতীয় সিডি এর পরের বছর।ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি সায়ানের গান কখনো কারও মনে একটু হলেও প্রেরণা জোগাতে পারে, তখনই তাঁর এই চেষ্টা সার্থক হয়ে উঠবে—এটাই কামনা সায়ানের।