ক্ষোভের আগুনে পুড়ল লন্ডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজিরবিহীন সহিংসতায় ক্ষতবিক্ষত লন্ডন। কারও কারও মতে, বিশ্বের বাণিজ্যিক রাজধানী বিশাল এই ঐতিহ্যবাহী নগরের চারদিকে এখন ধ্বংসলীলার বীভৎস ছবি। তাণ্ডব অবশ্য কেবল লন্ডনে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়েছে বার্মিংহাম, লিভারপুল ও ম্যানচেস্টারের মতো আরও কয়েকটি বড় নগরে। পুলিশের গুলিতে ট্যাক্সি-আরোহী এক যুবকের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলেও ঘটনা কয়েক দিনে গড়ানোয় এর নেপথ্যের গভীরতর কারণগুলো আলোচিত হচ্ছে এখন। এর মধ্যে রয়েছে সমাজের আর্থিক বৈষম্য, পুলিশের বাড়াবাড়ি, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন বিষয়।লন্ডনের এই সহিংসতা অপেক্ষাকৃত বয়সীদের মনে করিয়ে দিয়েছে ২৬ বছর আগের ব্রডওয়াটার ফার্ম সহিংসতার কথা। ১৯৮৫ সালের ওই ঘটনায় প্রধানত এলাকার কালো বাসিন্দারা অংশ নেয়। ওই সময় পুলিশ একটি বাড়ি তল্লাশি করতে গেলে ওই বাড়ির এক নারী হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এর জেরে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল। দাঙ্গার সময় এক পুলিশকে ছুরি মেরে হত্যা করা হয়। এমনিতেই এলাকার কৃষ্ণাঙ্গ তরুণ-যুবক ও মূলত শ্বেতাঙ্গদের নিয়ে গঠিত মেট্রোপলিটন পুলিশের মধ্যে চাপা উত্তেজনা ছিল। সিনথিয়া জ্যারেট নামের ওই নারীর মৃত্যু চাপা ক্ষোভের আগুনে ঘি ঢালে। সেই ঘটনা থেকে কর্তৃপক্ষ আদৌ কোনো শিক্ষা নিয়েছে কি না, তা-ও আলোচিত হচ্ছে এবার।উত্তর লন্ডনের জাতিগত বৈচিত্র্যে ভরা এলাকা টটেনহামে কয়েক দিন আগে মার্ক ডুগান নামের ২৯ বছর বয়সী এক যুবক পুলিশের গুলিতে নিহত হন। গত শনিবার রাতে এ নিয়ে এক প্রতিবাদ মিছিল থেকে শুরু হয় সহিংসতা। টটেনহাম থেকে তা লন্ডনের নানা দিকে এবং ক্রমে বার্মিংহাম, ব্রিস্টল, লিভারপুল ও নটিংহামের মতো বড় নগরে ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রীষ্মকালীন অবকাশ বাতিল করে ইতালি থেকে লন্ডনে ফিরতে বাধ্য হন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। করণীয় ঠিক করতে সম্প্রতি মুলতবি হওয়া পার্লামেন্টের অধিবেশন আবার ডাকেন তিনি। কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলার ঘোষণা দিয়েছেন ক্যামেরন। ভাঙচুর ও লুটপাটের প্রসঙ্গ তুলে ব্রিটিশ সমাজের কিছু কিছু অংশের অসুস্থ মানসিকতায় আক্ষেপও করেন প্রধানমন্ত্রী।টটেনহামের বাসিন্দা মার্ক ডুগান ট্যাক্সিতে করে কোথাও যাচ্ছিলেন। পথে থামিয়ে পুলিশ তাঁর ট্যাক্সি তল্লাশি করে। ডুগান তখন খেপে গিয়ে একজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেছে পুলিশ। একপর্যায়ে পুলিশ গুলি করলে তাঁর মৃত্যু হয়।প্রতিবাদ জানাতে ক্ষুব্ধ জনতা ব্রডওয়াটার ফার্ম এলাকা থেকে মিছিল বের করে। এ এলাকাতেই ১৯৮৫ সালের ৬ অক্টোবরের মিছিল বের হয়েছিল। এবারও সেখানেই বিশৃঙ্খলা শুরু হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ বাধে। ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয় এবং ছড়িয়ে পড়ে।সহিংসতায় বিভিন্ন ভবন, দোকানপাট, ব্যাংক, বিপণিবিতান জ্বালিয়ে দেওয়া হয়েছে। নজিরবিহীন লুটপাট চলে বিভিন্ন স্থানে। সুযোগসন্ধানী কিছু লোকের পাশাপাশি সংঘবদ্ধ চক্রও নাকি লুটপাটে অংশ নেয়। এ পর্যন্ত সহিংসতার বলি হয়েছে চারজন সাধারণ মানুষ। পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে অনেক। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে প্রায় ৫০০ মানুষ।ঘটনা সম্পর্কে লন্ডনবাসীর প্রতিক্রিয়া মিশ্র। তবে সবাই এক বাক্যে এই মাত্রার সহিংসতার নিন্দা করেছেন। টটেনহামের ২৩ বছর বয়সী যুবক রিচার্ড তাউইয়াহ কয়েক দিন ধরে চলা এই সংঘর্ষকে ‘অমানবিক’ বলে আখ্যা দেন। তিনি বলেন, যা ঘটেছে, এর জন্য এ রকম প্রতিক্রিয়া হতে পারে না। শনিবার রাতের ধ্বংসযজ্ঞের পরদিন সকালে প্রার্থনার জন্য গির্জায় যেতে পারেননি আদেয়েমি আদেয়াগবো। প্রধান সড়ক ও আশপাশের এলাকা ঘিরে রাখা পুলিশ পথে তাঁকে আটকে দেয়। এই সহিংসতাকে ‘অসভ্য আচরণ’ বলে উল্লেখ করেন কৃষ্ণাঙ্গ আদেয়াগবো।তবে বিপরীত মতও আছে। সাউথ ব্যাংক ইউনিভার্সিটির ছাত্র জেইক মানুর ধারণা, মার্ক ডুগানের নিহত হওয়ার ঘটনা এবং এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের খোলামেলা কথা না বলাই সহিংসতাকে উসকে দেয়। তিনি আরও বলেন, এ এলাকায় দীর্ঘ দিন থেকে চাপা উত্তেজনা ছিল। এর কিছুটা সম্প্রদায়গত বিষয় নিয়ে। মানু বলেন, মাদকের আখড়া হিসেবে টটেনহামের দুর্নাম আছে। কিন্তু এখানকার সবাই তো আর মাদকাসক্ত বা মাদকের ব্যবসায়ী নন। মার্ক ডুগানকে অনেকেই চেনে। তিনি ভালো মানুষ ছিলেন। কিন্তু পুলিশ তাঁকে অপরাধী চক্রের লোক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।তরুণদের নিয়ে কাজ করেন ৪৩ বছর বয়সী মিশেল জ্যাকসন। তাঁর অভিযোগ, কালোদের ওপর পুলিশের নজর থাকে বেশি। জ্যাকসন বলেন, ‘রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশ কালো ছেলে-ছোকরাদের ডাকবেই। তাদের শরীর এবং সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করা হবে। এটা মানবাধিকার লঙ্ঘন। এই সহিংসতায় আমি খুশি নই। কিন্তু আমি মনে করি, এটার প্রয়োজন ছিল। জনগণ জানবে, এখানে কী চলছিল।’নরমা জোনস বলেন, ‘আমি কালো-সাদানির্বিশেষে সব ধরনের মানুষকে লুটপাটে অংশ নিতে দেখেছি। এই সহিংসতা শুধু কালো বা সাদার বিষয় নয়, তরুণদের সঙ্গে পুলিশের বিরোধের জের মাত্র। অন্য আরও কারণ আছে।’সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য পুলিশের আচরণকে দায়ী করেন ৬৮ বছর বয়সী আলফ্রেড গ্রিফিথ। এলাকায় ৩০ বছর ধরে বাস করা গ্রিফিথ বলেন, ‘এলাকার কিছু পুলিশ কর্মকর্তার আচরণ আমি জানি। আমি তাঁদের ব্যাপারে খুশি নই।’পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ নাকচ করা হয়েছে। পুলিশ বলছে, পথে থামিয়ে তল্লাশি চালানোর ব্যাপারে তারা নিয়ম মেনেই চলে। এ ব্যাপারটি নজরদারি করা কমিটিতে স্থানীয়দের প্রতিনিধি আছে। পুলিশের এ কাজের ধরন নিয়ে আপত্তি থাকলে এলাকাবাসী তা যথানিয়মে জানাতে পারে।ব্রডওয়াটার ফার্ম সহিংসতার সময় থেকে লন্ডন তথা যুক্তরাজ্যে সাম্প্রদায়িক ব্যাপারে অগ্রগতি হয়নি, তা মোটেই বলা যাবে না। তখন লন্ডন মেট্রোপলিটন পুলিশে সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মী ছিল ১৮০। এখন তা প্রায় তিন হাজার। তখন পুলিশের কর্মীরা কৃষ্ণাঙ্গদের প্রতি অবমাননাকর মন্তব্য হরহামেশাই করতেন। এখন একটিমাত্র বর্ণবাদী মন্তব্য চাকরি যাওয়ার জন্য যথেষ্ট। ১৯৮৫ সালের তুলনায় অন্তত টটেনহামে বেকারত্বের হার অর্ধেকের মতো।বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি শহরে শহরে সহিংসতা ও লুটপাট ছড়িয়ে পড়াকে উৎসাহিত করেছে। টুইটার ও ব্ল্যাকবেরি মেসেঞ্জার নাকি বিশেষভাবে সহায়তা করেছে। লজ্জা দূরে থাক, অনেকে ইন্টারনেটে বাহাদুরি দেখিয়ে নিজের লুটের মাল হাতে ছবি তুলে দিয়েছে। এসব অন্য তরুণদের উৎসাহিত করেছে। ব্রিটিশ এক অপরাধবিজ্ঞানী বলেছেন, লুটপাট ক্ষমতাহীন লোকদের হঠাৎ ক্ষমতাবান ভাবতে শেখায়। আর এই অনুভূতিটির একটি মাদকতাময় আকর্ষণ আছে। অন্যায় করেও বিচার হবে না, এই ধারণা বিশেষ করে, সব সময় অভিভাবকদের শাসনে থাকা তরুণদের পাগল করে দেয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাও সহিংসতা এই মাত্রায় ছড়ানোর একটি কারণ। ইরানি বংশোদ্ভূত বিশিষ্ট ব্রিটিশ নারী উদ্যোক্তা ক্যামিলা বাটমাঙ্গেলিধ দাঙ্গাকারীদের বর্ণনা করেছেন ‘অবহেলিত বঞ্চিত শ্রেণীর’ মানুষ বলে। মাহফুজার রহমান