কড়া নজরদারিতেও শুল্ক ফাঁকির প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যে শুল্ক ফাঁকির ঘটনা রোধ করতে গত বছরের ডিসেম্বর থেকে কড়া নজরদারি শুরু করে কাস্টম হাউস কর্তৃপক্ষ। যে পরিমাণ টাকা শুল্ক ফাঁকি শনাক্ত হচ্ছে, তার দ্বিগুণ জরিমানাও করা হচ্ছে।শুল্ক ফাঁকির প্রবণতা বেশি হয় এমন পণ্য যত বেশি সম্ভব কায়িক পরীক্ষা করে খালাস দেওয়া হচ্ছে। শুল্ক ফাঁকিতে জড়িত কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হয়েছে। এ রকম কঠোর নজরদারির পরও আমদানিকারকদের মধ্যে শুল্ক ফাঁকির প্রবণতা কমছে না। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, এতদিন ঘোষণার বাইরে পণ্য এনে শুল্ক ফাঁকির প্রবণতা বেশি ছিল আমদানিকারকদের মধ্যে।কিন্তু এখন জাল কাগজপত্র বানিয়ে শুল্ক-কর পরিশোধ ছাড়াই পণ্য খালাসের প্রবণতা বেড়ে গেছে। গত দুই মাসে এভাবে পাঁচটি চালান খালাসের চেষ্টা করেছেন পাঁচজন আমদানিকারক। এর মধ্যে ১১ কনটেইনার রাসায়নিকের চালান ভুয়া কাগজপত্রে খালাসের পর শুল্ক-কর জমা দেয় আমদানিকারকের প্রতিনিধি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট। অন্য চালানগুলো জাল কাগজপত্রে খালাস নেওয়ার পর্যায়ে আটক হয়।শুল্ক ফাঁকির প্রবণতা বেড়ে গেছে কি না জানতে চাইলে কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান প্রথম আলোকে বলেন, শুল্ক ফাঁকির চেষ্টা সব সময় হয়েছে। তবে এসব ঘটনা এখন বেশি ধরা পড়ছে।কাস্টম হাউসের এক প্রতিবেদনে দেখা যায়, গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চার মাসে শুধু ১০টি বড় চালানে দুই কোটি ৩৬ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা হয়। চার মাসে ১৮৪টি মামলায় প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়।এ সময়ে শুধু আটটি চালান থেকে অতিরিক্ত রাজস্ব আদায় করা হয় প্রায় আট কোটি টাকা। একই সময়ে আমদানি-নিষিদ্ধ পণ্যের চালানও ধরা পড়ে।এ প্রসঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বলেন, ‘এখন শুল্ক ফাঁকির বেশি ঘটনা ধরা পড়ছে। এর সঙ্গে আমদানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্ট কেউ না কেউ জড়িত। এসব অনিয়মের সঙ্গে কারা জড়িত, সেটা আমরা দেখতে চাই।’ শুল্ক ফাঁকি ও আমদানি-নিষিদ্ধ পণ্য শনাক্ত করার ঘটনায় কাস্টম হাউস কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে ফৌজদারি মামলা করছে না জানিয়ে তিনি বলেন, ফৌজদারি মামলা হলে পুলিশ রাঘব-বোয়ালদের শনাক্ত করতে পারত। এসব অনিয়মের ঘটনাও অনেক কমে যেত বলে মনে করেন তিনি।কাস্টম হাউসের একাধিক প্রতিবেদনে দেখা যায়, কাছাকাছি পণ্যে শুল্কহারের ব্যবধান বেশি-এমন ক্ষেত্রে শুল্ক ফাঁকির ঘটনা বেশি ঘটছে। এ ক্ষেত্রে এগিয়ে আছে বিপি শিট জাতীয় পণ্য।গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এ ধরনের ৮৫টি চালানে অনিয়ম শনাক্ত করা হয়েছে। এসব চালান থেকে সাড়ে ১১ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করা হয়েছে।এ ছাড়া নিষিদ্ধ পণ্য আমদানির ঘটনাও বাড়ছে। গত ২০ ফেব্রুয়ারি পোশাকশিল্পের আমদানি করা মূলধনি যন্ত্রপাতির কনটেইনার খুলে পাওয়া গেছে প্রায় দেড় কোটি টাকা মূল্যের আমদানি-নিষিদ্ধ ১৯৬টি পুরোনো ফটোকপি মেশিন।এর আগে গত বছরের মাঝামাঝি তিনটি চালানে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের আমদানি-নিষিদ্ধ পোস্তদানা আটক করা হয়েছে।