কড়া নাড়ছে জব্বারের বলীখেলা ও মেলা
সব বয়সী মানুষের গন্তব্য লালদীঘির মাঠ। খালি হাতে যাচ্ছেন আর ফিরছেন দুহাতে নানা পদের জিনিস নিয়ে। ফেরার সময় অনেকের নজর কাড়ে ঘরমুখো শিশু-কিশোরদের হাসিমুখ, বাঁশি কিংবা টমটম গাড়ির শব্দ। পরিচিত জনের সঙ্গে দেখা হলেই প্রশ্ন—মেলায় গেলে? কী কী কিনলে? এমন দৃশ্য প্রতি বছরের, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের স্মারক নগরের লালদীঘি ময়দানের জব্বারের বলীখেলা ও মেলাকে ঘিরে। আবারও দোরগোড়ায় কড়া নাড়ছে দিনটি। ১২ বৈশাখ (২৫ এপ্রিল) ১০৪তম আসর বসছে এ মেলার।পরিধি: মেলা বসে আন্দরকিল্লা মোড় থেকে বক্সিরহাট পুলিশ বিট হয়ে লালদীঘির চারদিক, হযরত আমানত শাহ (রা.) মাজার পেরিয়ে জেল সড়ক, দক্ষিণে বাংলাদেশ ব্যাংক চত্বর পেরিয়ে কোতোয়ালি থানার মোড়, পশ্চিমে কেসি দে সড়ক হয়ে সিনেমা প্যালেস পর্যন্ত বিশাল এলাকাজুড়ে। সূচনা: জব্বারের বলীখেলার মূল উদ্যোক্তা ছিলেন নগরের বক্সিরহাট ওয়ার্ডের বদরপাতি এলাকার ব্যবসায়ী প্রয়াত আবদুল জব্বার। বাঙালি যুব সম্প্রদায়কে ব্রিটিশবিরোধী মনোভাবে উদ্বুদ্ধ করে তাদের শক্তির মহড়া প্রদর্শন এবং মনোবল চাঙা রাখার উদ্দেশ্যে তিনি ১৯০৯ সালের ১২ বৈশাখ এ খেলার সূচনা করেন। ব্রিটিশ ও পাকিস্তান আমল এমনকি স্বাধীনতার পরও প্রতিবেশী মিয়ানমারসহ দেশের বিভিন্ন এলাকার নামীদামি বলীরা এতে অংশ নিতেন। সাম্প্রতিক বছরগুলোতে বৃহত্তর চট্টগ্রামের কিছু শৌখিন বলীই এই খেলার ঐতিহ্য ধরে রাখছেন। কারণ, একসময় রাজা-বাদশা, গ্রামীণ সর্দার-মাতব্বরসহ বিভিন্ন মহলের কাছে বলী তথা কুস্তিগীরদের কদর ছিল বীরের মতো। সে অর্থে আধুনিক যুগে কুস্তিগীরের মাহাত্ম্য নেই বললেই চলে। তাই খেলার চেয়ে মেলাই হয়ে উঠেছে বলীখেলার মূল উপজীব্য। মেলায় যা পাওয়া যায়: মানুষের দৈনন্দিন ও গৃহস্থালি কাজে লাগে অথচ জব্বারের বলীখেলার মেলায় পাওয়া যায় না তেমন উদাহরণ খুব কমই দেখা গেছে। ছোটদের খেলনাপাতি, আসবাবপত্র, প্রসাধনসামগ্রী, ঘর সাজানোর নানা উপকরণ, ফলমূল, আচার, খাদ্যদ্রব্য যেমন: গজা, খই, মুড়ি-খইয়ের মোয়া, তিলের মোয়া, চিনিমাখা ছোলাবুট, মুড়ি, বাতাসা, নাড়ু, ভুট্টা, জিলাপি, মিষ্টি, দই, চানাচুর, বাঙ্গি, তরমুজ, ডাব-নারকেলসহ মৌসুমি ফল, ফলের বীজ, গাছের চারা, হস্তশিল্প, মৃৎশিল্প, তৈজষপত্র, দা-বঁটি, খুন্তিসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের পসরা বসে এই মেলায়। বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনী, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চল থেকে উদ্যোক্তা-বিক্রেতারা আসেন নানা রকম পণ্য নিয়ে। এসব পণ্যের আকর্ষণে নগর ছাড়াও গ্রাম-গ্রামান্তর থেকে আসে অগণিত মানুষ। সারা বছর এ মেলাটির জন্য অপেক্ষায় থাকেন অনেকেই। হরতাল না দেওয়ার আহ্বান: আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী জানান, খেলা ও মেলা সুষুম ও জাঁকজমকভাবে আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে। এ ব্যাপারে একাধিক উপকমিটি কাজ করছে। মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী, বলী এবং অতিথি আমন্ত্রণ কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্রেতা-বিক্রেতা ও দর্শক সমাগম নিয়ে কোনো সংশয় আছে কি না, জানতে চাইলে জহরলাল হাজারী বলেন, ‘এই খেলা ও মেলা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। বিভিন্ন অঞ্চলের হাজারো মানুষ অপেক্ষা করে এই সময়টির জন্য। তাই আমরা এ সময়টাতে হরতাল না দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছি। আশা করি, তারা জনগণের আবেগ ও প্রত্যাশার কথা বিবেচনা করে আমাদের আবেদনে সাড়া দেবে।’