কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে কোনো দুর্নীতি, অনিয়ম হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজে কোনো রকম বিলম্ব, অনিয়ম ও দুর্নীতি হবে না। এ জন্য জাপানের সহায়তাকারী সংস্থা জাইকার কাছে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। গত ৩০ ডিসেম্বর মহেশখালীর তাপবিদ্যুৎ প্রকল্প এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানির আয়োজনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী বক্তব্য দেন। বিদ্যুৎ ও জ্বালানিসচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ রফিক বক্তব্য দেন।
অর্থমন্ত্রী বলেন, মহেশখালীতে গভীর সমুদ্রবন্দরসহ তরল প্রাকৃতিক গ্যাসের জন্য এলএনজি টার্মিনাল ও শিল্প এলাকা গড়ে তোলা হবে। পাশাপাশি দক্ষিণ অঞ্চলের ভোলা, পায়রা, মংলা পর্যন্ত সমুদ্র উপকূলীয় এলাকাকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী শিল্প ও বিদ্যুৎ এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, মহেশখালী সমৃদ্ধ এলাকায় পরিণত হবে। এখানে জাপানের বিভিন্ন কোম্পানি কারখানা স্থাপন করবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শ্রমিক নিয়োগে স্থানীয় বাসিন্দাদের প্রাধান্য দিতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার কোম্পানির প্রতি আহ্বান জানান। সুধী সমাবেশ শেষে অর্থমন্ত্রী স্থানীয় জনগণের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।
উল্লেখ্য, ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ১ হাজার ৪১৪ একর জমির ওপর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে ২০১৪ সালের ২৫ আগস্ট। কোল পাওয়ার জেনারেশন কোম্পানির উপবিভাগীয় প্রকৌশলী মাহামুদ আলম জানান, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকল্প এলাকায় চার কোটি টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার বেড়িবাঁধের নির্মাণ শুরু হয়েছে। আগামী আগস্ট মাসে এই কাজ শেষ হবে। এরপর প্রকল্প এলাকায় পুরোদমে কাজ শুরু হবে।