কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে মহেশখালীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকায় ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র হতে যাচ্ছে। জাপানের জাইকার অর্থায়নে সরকারি সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি (সিপিজিসিবিএল) এই প্রকল্প বাস্তবায়ন করবে।গত সোমবার কোল পাওয়ার জেনারেশনের কর্মকর্তারা মহেশখালীর প্রশাসন ও সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান। এতে বক্তব্য দেন কোল পাওয়ার বাংলাদেশ লিমিটেডের পরিচালক অলোক কুমার সরকার, জাপানের জাইকা স্টাডি টিমের দলনেতা সাইটো, কোল পাওয়ার প্রজেক্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ খান। সিপিজিসিবিএল সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বিদ্যুৎকেন্দ্রের স্থান নির্ধারণ ও মাঠ পর্যায়ে প্রাকৃতিক-সামাজিক পরিবেশ জরিপকাজ শেষ হয়েছে। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত সঞ্চালন লাইন রুট স্থাপন করা হবে। প্রকল্প সম্পর্কে কোল পাওয়ার প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ খান জানান, দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এ জন্য কয়লাকেন্দ্র, ছাইয়ের পুকুর, কয়লা খালাশ বন্দর, নৌ চলাচল চ্যানেল ও আনোয়ারা গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। সিপিজিসিবিএলের পরিচালক অলোক কুমার সরকার জানান, জাপানের জাইকার অর্থায়নে এখানে দুটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। ইতিমধ্যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য মাঠ পর্যায়ে জরিপকাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে সরকারের কাছে জরিপের প্রতিবেদন জমা দেওয়া হবে। সরকার অনুমোদন দিলেই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু করা হবে।