ছাত্রজীবনে কয়লা বা চারকোল মাধ্যমে কাজ করেননি, দীর্ঘ তিন দশকের বেশি সময় তেলরং ও জলরং মাধ্যমে কাজ করেই পরিচিতি পেয়েছেন শিল্পী ওসমান পাশা। তবে শিল্পীজীবনের মাঝামাঝি এসে কয়লার সম্ভাবনাকে নতুন করে আবিষ্কারের চেষ্টা তাঁর। গত এক বছরের বেশি সময় চারকোল নিয়ে কাটিয়েছেন। অসংখ্য ড্রয়িং ও স্কেচ করেছেন। গত বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর গ্যালারির দ্বিতীয় তলায় সেসবেরই কিছু বাছাই করা কাজ নিয়ে শুরু হয়েছে ওসমান পাশার কয়লা-কথন নামের প্রদর্শনী। চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত।প্রদর্শনীতে স্থান পাওয়া ৬৮টি ড্রয়িং ও স্কেচ কাগজের ওপর চারকোলে আঁকা। প্রায় প্রতিটি ছবিতেই মানবদেহের (ফিগার) উপস্থিতি লক্ষ করা গেছে। তবে যাকে বাস্তবানুগ বা রিয়েলিস্টিক বলা হয়, ওসমানের ফিগারগুলো তেমন নয়। কখনো কেবল দুয়েকটি গীতল রেখা দিয়েই কাজ সেরেছেন তিনি। আবার কখনো চারকোল ঘষে ঘষে বের করে এনেছেন নানা অবয়ব। কুকুরের ভঙ্গিতে শুয়ে থাকা মানুষ এবং মানুষ ও পশুর কামড়াকামড়ির দৃশ্যও দেখা গেছে তাঁর ছবিতে। ওসমান পাশার কথা, ‘আমরা এখন একটা খারাপ সময়ের মধ্যে বসবাস করছি। এই তমসা বা অন্ধকার ধরতে চেয়েছি আমি।’লোভ, কাম, প্রেম, ক্ষুধা, হিংসা—এসব চিরন্তন আবেগ নিয়েই কাজ করেছেন ওসমান। সমসাময়িক পৃথিবীর নানা অনুষঙ্গ বা সংকটের চেহারা অনুপস্থিত তাঁর ছবিতে। শিল্পের ভাষাকে সাম্প্রতিক করে তোলার চেষ্টা নেই তাঁর কাজে। দ্বন্দ্ব-সংঘাতহীন এই কয়লা-কথন তাই জীবনের সরল অনুভূতিরই বয়ান বলা চলে।রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় কিংবা পাবলো পিকাসো ভীষণভাবেই উপস্থিত তাঁর ড্রয়িংগুলোয়। অবশ্য এই উপস্থিতির নতুন তাত্পর্য বা অর্থ তৈরি হয় না। কেন এই অনুকৃতি বা আত্তীকরণ, সেটা বোধগম্য হয়নি সে কারণে।তবে কয়লা নিয়ে ওসমানের সাম্প্রতিক নিরীক্ষা তাঁর সৃষ্টিশীল জগতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে—এমনটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি। তিনি বলেন, ‘চারকোল নিয়ে কাজ করে যেমন আনন্দ পেয়েছি, তেমনি শিল্পভাবনায় নতুন মাত্রা যোগ হয়েছে।’ উল্লেখ্য, কয়লা-কথন ওসমান পাশার ষষ্ঠ প্রদর্শনী। বৃহস্পতিবার এই প্রদর্শনী উদ্বোধন করেন অধ্যাপক আবুল মনসুর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলম খোরশেদ ও জিয়া উদ্দিন খান।