কয়েক পদ তেতো
চৈত্রের শেষ দিনে অনেকেই তেতো খাবার খান। সেটা আবার হয় নিরামিষ। তবে তেতো বলে এসব খাবারে স্বাদের কমতি নেই। শাহানা পারভীন দিয়েছেন এমন কিছু খাবারের রন্ধনপ্রণালি।পাটশাকের ঘণ্টউপকরণ: পাটশাক ২ আঁটি, মসুর ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি ফালি। রসুন কুচি ৩-৪ কোয়া, হলুদ গুঁড়া সামান্য, বোম্বাই মরিচ ১টি, লবণ, তেল প্রয়োজনমতো। প্রণালি: পাটশাক ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। ডাল ধুয়ে ২ কাপ পানি, ১ কোয়া রসুন কুচি, কাঁচা মরিচ ফালি, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে চুলায় দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে এলে পাটশাক দিতে হবে। পাটশাক ও ডাল সেদ্ধ হয়ে মাখামাখা হলে অন্য একটি কড়াইয়ে তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভাজতে হবে। ভাজা হলে পাটশাকসহ ডাল আস্তে আস্তে কড়াইয়ে ঢেলে দিতে হবে। বোম্বাই মরিচ টুকরা করে শাকে দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে পরিবেশন করা যায় মজাদার পাটশাকের ঘণ্ট। (মিষ্টি অথবা তেতো পাটশাক একই পদ্ধতিতে রান্না করা যায়)হেলেঞ্চার বড়াউপকরণ: হেলেঞ্চা বা গিমা শাক কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, মসুর ডালবাটা ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ কুচি ১ চা-চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, ডিম ১টি, বেকিং পাউডার সামান্য, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। প্রণালি: তেল ছাড়া ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। কড়াইয়ে তেল দিয়ে পছন্দমতো বড়া তৈরি করে ডুবো তেলে ভেজে তুলতে হবে। গরম ভাতের সঙ্গে গরম বড়া পরিবেশন করা যায়। নিমশুক্তোউপকরণ: নিমপাতা ১ মুঠো, আলু, বেগুন, কাঁচকলা, গাজর, শজনে ডাঁটা, শিমের বিচি, ঝিঙা, পটোল সব সবজি ৫০ গ্রাম করে। সেদ্ধ করা বুটের ডাল আধা কাপ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, আদা ও রসুনবাটা ১ টেবিল-চামচ, নারকেলবাটা ২ টেবিল-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, পানি ২-৩ কাপ।প্রণালি: সবজি একটু লম্বা করে কেটে ধুয়ে নিতে হবে। নিমপাতা ধুয়ে সামান্য লবণ মাখিয়ে তেলে ভেজে বাটিতে তুলে রাখতে হবে। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, নারকেলবাটা, লবণ ও সামান্য পানি দিয়ে ভালো করে কষাতে হবে। মসলা কষানো হলে সব সবজি ও ডাল দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজি সেদ্ধ হলে কাঁচা মরিচ, ভাজা জিরার গুঁড়া ও সব শেষে ভাজা নিমপাতা দিয়ে নামিয়ে চৈত্রসংক্রান্তিতে বাটিতে নিয়ে গরম গরম খাওয়া যায় নিমশুক্তো।উচ্ছে নিরামিষউপকরণ: ছোট করলা ১ কাপ (পাতলা করে কাটা), আলু ১টি, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া সামান্য, হলুদ গুঁড়া সামান্য, জিরা গুঁড়া আধা চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, কাঁচামরিচ ফালি ২টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, পানি ১ কাপ।প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো হলে আলু কুচি দিতে হবে। আলু সেদ্ধ হয়ে এলে উচ্ছে দিতে হবে। একটু নেড়ে ১ কাপ পানি দিতে হবে। উচ্ছে সেদ্ধ হয়ে মাখামাখা হলে কাঁচা মরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করা যায়।