কয়েক প্রণালির মিশেলে
নতুন নতুন রান্না করা, কয়েক রকম রন্ধনপ্রণালির মিশেলে নতুন কিছু করা কামরুন নাহারের শখ। তাঁর জন্ম চট্টগ্রামের রাউজানে। বেড়ে ওঠা ঢাকায়। মা ও শাশুড়ির কাছ থেকে শিখেছেন নানা পদের রান্না। তবে চট্টগ্রামের আঞ্চলিক খাবারের প্রতি তাঁর টান অন্য রকম। নকশার পাঠকদের জন্য কামরুন নাহার দিয়েছেন তেমন কয়েকটি রান্নার প্রণালি।ভাজা মুরগি (দুরুস)উপকরণ: ১ কেজির একটি মুরগি, জয়ত্রি, জায়ফল, শাহজিরা ভাজা গুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, জিরা ১ চা-চামচ, এলাচ ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ টেবিল-চামচ, আদা, রসুন ও পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, দুধ ১ কাপ, তেল পরিমাণমতো। প্রণালি: আস্ত মুরগি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে, মুরগির বুকের দুই পাশ ছিদ্র করে রান আটকে দিতে হবে। মাথা, গলার দিক দিয়ে ভেতরে সব মসলা মাংসের সঙ্গে ভালোভাবে মাখাতে হবে। এবার একটি পাত্রে মসলা মাখানো মুরগি দুধ দিয়ে চুলায় দিন। দুধ শুকালে অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে ভালোভাবে ভাজতে হবে। লাল রং হয়ে এলে নামিয়ে পোলাও বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন। ভুনা মাংস (কালো ভুনা) উপকরণ: গরুর রানের মাংস হাড়ছাড়া ২ কেজি, ১ টেবিল-চামচ শুকনা মরিচের গুঁড়া, আধা টেবিল-চামচ হলুদের গুঁড়া, জিরাবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, তেজপাতা ৪টি, ছোট এলাচ ৪টি, দারচিনি মাঝারি ৪ টুকরা, লবঙ্গ, লবণ অল্প, সরিষার তেল পরিমাণমতো । প্রণালি: টুকরা টুকরা করে মাংস কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রান্না করার পাত্রে নিয়ে সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখাতে হবে। তারপর চুলায় দিয়ে অল্প আঁচে কাঠের কাঠি দিয়ে নাড়া দিয়ে রান্না করুন। মনে রাখবেন, পানি দেওয়া যাবে না। মাংস কালো না হওয়া পর্যন্ত অল্প আঁচে নাড়ুন। নামানোর আগে জয়ত্রি, জায়ফল, এলাচ, দারচিনি, জিরা ভেজে গুঁড়া করে দিন। মাংস কালো ও তেলতেলে হলে নামিয়ে রাখুন। স্বাদ বাড়াতে একাধিকবার অল্প আঁচে রাখুন। গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। পরিমাণে বেশি রান্না করলে ফ্রিজে রেখে দেবেন। খাবারের আগে দুই মিনিট ওভেনে গরম করে পরিবেশন করুন।পায়েস কপি উপকরণ: বড় বাঁধাকপি ১টি, দুধ ২ কেজি, গুঁড়া দুধ ২ কাপ, খেজুরের গুড় আধা কেজি, চিনি ১ কাপ, চালের গুঁড়া ১ কাপ, ছোট এলাচ ৪টি, দারচিনি ২ টুকরা, পেস্তাবাদাম, কিশমিশ, গোলাপজল। প্রণালি: বাঁধাকপির ভেতরের সাদা অংশ কুচি কুচি করে কেটে নিন। এগুলো একটি পাত্রে অল্প সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এবার একটি পাত্রে দুধ, চালের গুঁড়া, এলাচ, দারচিনি, পেস্তাবাদাম, পানি ঝরানো কপি দিয়ে অল্প আঁচে নাড়ুন। আলাদা একটি পাত্রে গুড় অল্প পানি দিয়ে আঁচে রাখুন। পায়েস আঠালো হয়ে এলে নামানোর আগে গুড়ের পানি (রস) মিশিয়ে দিন। দুধ না ফাটার জন্য এই ব্যবস্থা। চুলা থেকে নামিয়ে কিশমিশ, পেস্তাবাদাম দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন। মাছের কোপ্তা (খালিছা)উপকরণ: কাঁটাছাড়া ছোট রুই মাছ ১ কেজি (ফলি বা কার্পজাতীয় মাছ দিয়েও করা যায়)। আধা চা-চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চা-চামচ হলুদের গুঁড়া, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা, আদাবাটা ও রসুনবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি ৪টি, পেঁয়াজ ১ টেবিল-চামচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়া ১ টেবিল-চামচ, লবণ অল্প, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ময়দা ২ টেবিল-চামচ, তেল পরিমাণমতো। প্রণালি: আস্ত মাছ শিলপাটায় বেটে ভেতরের অংশ বের করতে হবে। ওপরের চামড়া আলাদা করে, কাঁটা ছাড়িয়ে নিন। এবার কাঁটাছাড়া মাছের সঙ্গে সব মসলা মেখে ময়ান করুন। এবার মাছের চামড়ায় মাখানো মাছ রেখে হাত দিয়ে মাছের আকৃতি তৈরি করুন। এবার তেল দিয়ে ভালোভাবে ভেজে নিন।