কয়েক মিনিটে চাপমুক্তি

একঘেয়ে জীবনে অহরহ মানসিক চাপ আসে। তখন সবকিছুই অসহ্য মনে হয়। খুব অসহায় লাগে, কাজে মন বসে না। সব কিছুতেই অস্থির অস্থির লাগে। কিছু সহজ কৌশল অবলম্বন করে মাত্র কয়েক মিনিটেই এ ধরনের পরিস্থিতি থেকে রেহাই পাওয়া সম্ভব।
আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে কয়েক মিনিটে চাপমুক্তির জন্য কয়েকটি কৌশলের কথা বলা হয়েছে। এগুলো হলো:
একটু বিরতি নিন: যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, একটু নড়েচড়ে বসুন। কয়েক মিনিট বিরতি নিন। নিন বার কয়েক গভীর নিশ্বাস।
প্রিয় গান শুনুন: প্রিয় গানের একটা তালিকা প্রস্তুত রাখুন। চাপ অনুভব করলে কয়েক মিনিট ধরে প্রিয় গান শুনুন। মন ফুরফুরে হয়ে যাবে।
কথা বলুন: কর্মক্ষেত্র বা বাসা—যেখানেই থাকুন, চাপের সময় কাছের বা পাশের মানুষের সঙ্গে কথা বলুন। কথা যে প্রাসঙ্গিক হতেই হবে, এমন কোনো যুক্তি নেই।
বিশ্বাস করুন সমাধান আছে: জীবনে সমস্যা যেমন আছে, তেমনি আছে যৌক্তিক ও ফলপ্রসূ সমাধান। সমস্যার সমাধানে মনে বিশ্বাস রাখুন। কয়েক মিনিট শান্ত থাকুন, সমাধান খোঁজ করুন। উপায় মিলে যাবে।
উঠে পড়ুন: এক জায়গায় ঝিম মেরে বসে থাকলে চাপ চেপে বসে। উঠে পড়ুন। কয়েক মিনিটের জন্য বাইরে যান। প্রসাধন কক্ষে গিয়ে চোখেমুখে পানি দিতে পারেন। রাস্তার মানুষ দেখতে পারেন। পারেন আকাশের দিকে তাকিয়ে থাকতে।
কৌশলগুলোর কোনোটিতে কাজ না দিলে চিকিৎসকের পরামর্শ নিন।