মানুষ বাস, ট্রেন বা উড়োজাহাজে চেপে কত স্থানেই না যায়। পাড়ি দেয় এক মহাদেশ থেকে আরেক মহাদেশেও। ভ্রমণ শুধু দুটি স্থানের মধ্যে যাতায়াতই নয়, ভ্রমণ একটি স্থান সম্পর্কে অনেক তথ্যও তুলে ধরে। জানা যায় সেই এলাকার সমাজ-সভ্যতা সম্পর্কে অনেক কিছু।কিন্তু এ ধরনের ভ্রমণের দূরত্ব কি মাত্র কয়েক শ গজ হতে পারে? কয়েক শ গজ গেলেই কি দুটি ভিন্ন রীতিনীতি আর সংস্কৃতির দেখা মেলে? উত্তর হচ্ছে—হ্যাঁ, সম্ভব। তার প্রমাণ লো উ সীমান্ত-ক্রসিং। এই ক্রসিং চীনের মূল ভূখণ্ডের শেনজেন থেকে হংকংকে পৃথক করেছে। যদি পাসপোর্ট যাচাই ও নিরাপত্তা তল্লাশির ব্যাপার না থাকত, তাহলে এই সীমান্ত পার হতে লাগত মাত্র কয়েক মিনিট। প্রাকৃতিক বা অন্য সৌন্দর্য উপভোগ করার মতো কিছু এ যাত্রায় নেই। সীমান্তের দুই পাশেই রয়েছে নেহাতই সাদামাটা কিছু ভবন। সীমান্তটি পার হতে হয় মাথার ওপরে আচ্ছাদন দেওয়া কয়েক শ মিটারের একটি সেতু দিয়ে। বর্তমানে প্রতিদিন প্রায় তিন লাখ লোক এই সীমান্ত পার হয়। বিখ্যাত ব্র্যান্ডের জিনিস কিনতে বা শুধুই বেড়াতে অনেক চীনাই মূল ভূখণ্ড থেকে হংকং যান। উল্টো দিক থেকেও যাত্রী কম নয়।শেনজেনের অধিকাংশ সংবাদপত্রে বরাবর প্রকাশিত হয় বেইজিংয়ের সরকারি কর্মকর্তাদের পরামর্শে লেখা বিভিন্ন বিষয়। কিন্তু সীমান্তের দক্ষিণেই নজরে আসবে ভিন্ন চিত্র। হংকং থেকে প্রকাশিত পত্রিকায় পাঠক পাবেন অনেক সংবাদ ও তথ্য, যা সরকারের নিয়ন্ত্রণমুক্ত। হংকংয়ে পাওয়া যাবে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস-এর মতো পত্রিকা। অল্প সময়ের মধ্যে এটাও স্পষ্ট হয়ে যাবে যে বহির্বিশ্বের সঙ্গে হংকং বেশি সংযুক্ত। সীমান্তের ওপারে রয়েছে ‘সেভেন-ইলেভেনের’ মতো চেইন স্টোরের শাখা। ক্লান্ত পর্যটকেরা পশ্চিমা কফিশপ ‘স্টারবাকস’-এর কফিতে চুমুক দিয়ে চাঙা হতে পারবেন সেখানে।শেনজেন ও হংকংয়ের মধ্যে ভাষাগত পার্থক্যও রয়েছে। শেনজেনের সীমান্তরক্ষীরা কথা বলেন ম্যান্ডারিনে। চীনের বিশাল ভূখণ্ডকে ঐক্যবদ্ধ রাখতে বেইজিং উত্তরাঞ্চলের এ ভাষাটিই বেছে নিয়েছে। কিন্তু হংকংয়ের কর্মকর্তারা এখনো নিজেদের আঞ্চলিক ভাষা অর্থাৎ ক্যান্টনিজে কথা বলেন। এগুলো সীমান্তের দুই পাশের কিছু খণ্ডচিত্র হতে পারে। তবে এ থেকে ধারণা হয়, চীনের অন্যসব এলাকার চেয়ে হংকং আলাদা। আর এ ধারণা সত্যিও। হংকং একটু আলাদা এবং এটা তার স্বতন্ত্র ইতিহাসেরই কারণে।১৯৯৭ সালে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার আগে হংকং ছিল ব্রিটেনের উপনিবেশ। সেখানে শাসনকাজ চালাতেন লন্ডন থেকে পাঠানো একজন গভর্নর। চীনের মূল ভূখণ্ডের মতো কঠোর পরিশ্রম আর ব্রিটিশের শৃঙ্খলা—এ দুই মিলিয়ে এ উপনিবেশ সমৃদ্ধ হয়েছে। চীনের কাছে হস্তান্তরের পরও অনেক ব্রিটিশ-পদ্ধতি চালু রয়েছে সেখানে। হংকং থেকে ব্রিটিশরা পাততাড়ি গুটালেও ভূখণ্ডটি চলে তার এত দিনের নিজস্ব নিয়মে। এ জন্য হংকং এখনো অনেক উন্মুক্ত, আন্তর্জাতিক ও মূল ভূখণ্ডের চেয়ে বেশি স্বাধীন। গত ২০ বছরে না যাওয়ার পরও যদি কোনো পর্যটক আজ হংকংয়ে যান, তবে তেমন কোনো তফাৎ তিনি দেখতে পাবেন না। এক দশকে সেখানে যে পরিবর্তন এসেছে, তা সামান্যই। সূত্র: বিবিসি