খতিজা ফকিরের গায়েবি চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের আলনায় রাখা রোজী আকতারের সালোয়ার-কামিজ দুটো এখনো আছে। শোকেসে শোভা পাচ্ছে নেইলপলিশ, লিপস্টিক, হাতের চুড়ি। গত ঈদে কেনা দুই জোড়া নতুন জুতাও পড়ে আছে টেবিলের নিচে। মেয়ের ব্যবহূত এসব জিনিস দেখে বারবার ডুকরে কেঁদে উঠছেন মা ছানোয়ারা বেগম। পরিবারের অন্য সদস্যরা তাঁকে সান্ত্বনা দিতে গেলে বিলাপ করতে করতে বলে ওঠেন, ‘আমি কেন ভণ্ড খতিজা ফকিরের কাছে মেয়েকে নিয়ে গেলাম। আমার মেয়ে কেন লাশ হয়ে ফিরল?’ গত ৫ সেপ্টেম্বর হাটহাজারীর মেখল এলাকার কথিত গায়েবি ফকির খতিজা বেগমের কাছে ঝাড়-ফুঁকের চিকিৎসা করাতে মানসিক প্রতিবন্ধী মেয়ে রোজী আক্তারকে (২২) নিয়ে গিয়েছিলেন ছানোয়ারা বেগম। দুদিনের মধ্যে ভালো হয়ে যাবে—এমন নিশ্চয়তা পেয়ে খতিজার কাছে রোজীকে রেখে যান ছানোয়ারা। কিন্তু ১৭ দিনের মাথায় ২২ সেপ্টেম্বর লাশ হয়ে ঘরে ফেরেন রোজী। ওই দিন হালদা নদী থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।রোজী উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামের আবদুল মোনাফের মেয়ে। মামলার বিবরণ এবং মামলার বাদী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খতিজা ফকির সম্পর্কে চিকিৎসার নামে প্রতারণার নানা ঘটনার কথা জানা গেছে। জানা যায়, রোজীর বড় ভাই আবদুল হালিম গত ২৪ সেপ্টেম্বর বাদী হয়ে হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় খতিজা ফকিরসহ অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করা হয়।কথিত খতিজা ফকির বর্তমানে জেলহাজতে রয়েছেন। তবে রোজীর মারা যাওয়া বা নদীতে তাঁর লাশ পাওয়ার বিষয়ে সঠিক কোনো কথা বলছেন না তিনি। ২ অক্টোবর এই প্রতিবেদক থানাহাজতে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে তাঁকে রোজীর মারা যাওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি মাটিতে সিজদা দিয়ে নানা রকম ভান করছেন। এ সময় তাঁর পরনে ছিল সাদা কাপড়, মাথায় পট্টি ও হাতে তসবিহ। তিনি শুধু বলেন, ‘সে (রোজী) কোথায় গেছে, আমি জানি না। আমি কিছুই জানি না।’১৩ অক্টোবর রোজীর মা ছানোয়ারা বেগম এই প্রতিবেদককে বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর মানসিক সমস্যা দূর করতে মেয়েকে খতিজা ফকিরের কাছে নিয়ে যাই। দুই দিনের মধ্যে ভালো করার নিশ্চয়তা দিয়ে তিনি আমার কাছ থেকে ছয় হাজার টাকা নেন এবং দুই দিন পর এসে মেয়েকে নিয়ে যেতে বলেন। কথামতো দুই দিন পর মেয়েকে আনতে গেলে তাকে আমার সঙ্গে দেখা করতে না দিয়ে চিকিৎসার জন্য আরও সাত দিন সময় চান খতিজা। বাড়ি এসে ব্যাপারটি বড় ছেলেকে জানাই। গত ১৮ সেপ্টেম্বর সে (বড় ছেলে) খতিজার মুঠোফোনে (০১৮১৭-২২৫২৬৯) আমার সঙ্গে মেয়েকে দেখা করতে না দেওয়ার কারণ জানতে চান। কিন্তু খতিজা আমার ছেলের কথার উত্তর না দিয়ে উল্টো নানা রকম গায়েবি কথা বলে হুমকি-ধমকি দেন।’রোজীর বড় ভাই আবদুল হালিম দাবি করেন, ‘আমার বোনকে নির্যাতনের মাধ্যমে হত্যা করে লাশ হালদা নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা খবর নিয়েছি, ওই খতিজা ফকিরের ঘরে বখাটে একটা চক্র থাকে। বিভিন্ন জায়গা থেকে আসা রোগীদের, বিশেষ করে মেয়েদের চিকিৎসার নামে পাঁচ-ছয় দিন পর্যন্ত রেখে দেওয়া হয় খতিজার ঘরে।’ স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া, মোহাম্মদ নকীব, এরশাদ উল্লাহও কামাল উদ্দিন বলেন, ‘প্রায় ১৬-১৭ বছর ধরে আধ্যাত্মিক চিকিৎসার নামে খতিজা বেগম মানুষকে বিশেষ করে নিরীহ মহিলাদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছেন।’ মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ১৬ অক্টোবর বলেন, ‘খতিজা ফকির তেল পড়া-পানি পড়া-ডাব পড়া দিয়ে বিভিন্ন রোগীর চিকিৎসা করেন এটা জানি। তবে চিকিৎসা করাতে গিয়ে রোজীর মৃত্যুটা রহস্যজনক। আমি চাই ঘটনার সঠিক তদন্ত হোক।’স্থানীয় বাসিন্দা মো. ফোরকান বলেন, ‘খতিজা দেড় বছর আগে আমার দাদির কোমরের ব্যথা ভালো করার নিশ্চয়তা দিয়ে তিন হাজার টাকা নেন। কিন্তু সেই ব্যথা আজও ভালো হয়নি।’গত ২৯ সেপ্টেম্বর খতিজা ফকিরের বাড়িতে তাঁর বড় ছেলে আবদুল মান্নান বলেন, ‘একটি মহল আমার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রোজী মানসিক প্রতিবন্ধী ছিল। সে হালদা নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আমার মা ১৭-১৮ বছর ধরে ঝাড়-ফুঁকের চিকিৎসা করে এলেও কারও ক্ষতি করেননি।’ নাম প্রকাশ না করে হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের একজন শিক্ষার্থী জানান, ২০০৮ সালের প্রথম দিকে খতিজা ফকিরের ঘরে তাঁর এক পুত্রবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায়ও খতিজা ফকির কিছুদিন জেল খাটেন। মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার উপপরিদর্শক শাহ আলম ১৫ অক্টোবর বলেন, ‘গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেও খতিজা ফকির নানারকম ভান করে রোজীকে হত্যার বিষয়টি এড়িয়ে যান। আমার কাছে মনে হয়েছে খতিজা বেগম নিজেই একজন মানসিক প্রতিবন্ধী।’হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম ১৬ অক্টোবর বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’ পুত্রবধূর আত্মহত্যার ঘটনায় ইতিপূর্বে তাঁর জেলখাটা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটিও তদন্ত করে দেখা হচ্ছে।’