খবর পেয়ে দোকান বন্ধ করে পালালেন কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার চট্টগ্রাম নগরের পাঁচটি দোকানকে ৮২ হাজার টাকা জরিমানা কেরছেন। সিলগালা করে দেওয়া হয়েছে আরও পাঁচটি ওষুধের দোকান। অভিযানের খবর পেয়ে এই পাঁচটি দোকান বন্ধ করে পালিয়ে যান কর্মচারীরা।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের উদ্যোগে নগরের নতুন চাক্তাই ও হাফেজনগর এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরুহুল আমিন। এ সময় চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা দেয় নগর পুলিশ।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, ১০টি দোকানেই সরকারি ওষুধ পাওয়া গেছে। এ ছাড়া ফুড সাপ্লিমেন্ট, ভারতীয় ওষুধ, ভায়াগ্রা, সেরিডনসহ অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে। অভিযান চলার সময় পাঁচটি দোকান বন্ধ করে পালিয়ে যান দোকানিরা। পরে এসব ওষুধের দোকান সিলগালা করে দেওয়া হয়।
ওষুধ প্রশাসন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত নতুন চাকতাই এলাকার জাহান ফার্মেসিকে ২০ হাজার টাকা, মদিনা ফার্মেসিকে ৫০ হাজার টাকা, হাফেজ নগর এলাকার মা মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, মিনা ফার্মেসিকে দুই হাজার টাকা এবং মুক্তা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হাফেজনগর এলাকার মোহসেন আউলিয়া ফার্মেসি, কল্যাণ ফার্মেসি, মিলন ফার্মেসি, রনি ফার্মেসি ও মা ফার্মেসি সিলগালা করে দেওয়া হয়েছে।