
ঘুম থেকে উঠে এক কাপ চা, আর খুঁটিয়ে খুঁটিয়ে সংবাদপত্র পড়া—এ অভ্যাস এখনো আছে অনেকের। এই তো ছাপা হলো অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের জীবনযাপনের কথা। অধুনা পাতায়। দেখলাম নিজের হাতে চা বানিয়ে দীর্ঘক্ষণ সংবাদপত্রের পাঠক তিনি সাতসকালবেলায়।
তবে তাজা খবর পাওয়ার জন্য এখন আর সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হয় না। অনলাইন আছে না? ছোট্ট যে শিশুটির আগামীকাল পরীক্ষা, নিশ্চিত হরতাল জেনেও ঘুমাতে যাওয়ার আগে মাকে বলে, ‘একবার অনলাইনে খবরটা দেখো হরতাল উইথড্রো হলো কি না?’ আর টেলিভিশনে নিউজ স্ক্রল, সে তো চলতেই থাকে অবিরাম।
প্রথম আলোর প্রবাসী পাঠকেরা কিন্তু দেশের পাঠকদের আগেই তাজা খবর পেয়ে যায়। হয়তো তারা ছুঁয়ে দেখে না নিউজপ্রিন্টের খড়খড়ে ত্বক, কিন্তু যন্ত্রসঙ্গীর ইঁদুর (!) আর বোতাম তো আছেই। ছুঁয়ে দিলেই গরম খবর। আমাদের গবেষণা দল জানিয়েছে, কাগজ, অনলাইন, মুঠোফোন মিলিয়ে প্রতিদিন প্রথম আলোর পাঠক ৬০ লাখ মানুষ! আর এই ৬০ লাখ পাঠকের সামনে প্রতিদিনই প্রথম আলোর পরীক্ষা। এক দশক আগে এই পরীক্ষা শুরু হতো দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে, কিন্তু এখন পরীক্ষা ২৪ ঘণ্টাই। কাগজের প্রথম আলোর সঙ্গে মিলেছে পর্দার প্রথম আলো। তা সে অফিসের কম্পিউটার, ব্যক্তিগত ল্যাপটপ, ট্যাবলেট কিংবা মুঠোফোনেই হোক। ঘটনা ঘটেছে? প্রথম আলো খবরটা দিয়েছে? কী ঘটল? কেন ঘটল? তৎক্ষণাৎ মেটাও পাঠকের মনের ষড় ‘ক’-এর (কি, কে, কেন, কখন, কোথায়, কীভাবে) খিদে। তারপর পরদিনের কাগজে এর সঙ্গে পাঠক বাড়তি চায় ঘটনার পেছনের ঘটনা, পর্যালোচনা, বিশেষজ্ঞ মত...। মানুষের জন্মের যেমন প্রসববেদনা আছে, সংবাদপত্রেরও তাই। খবরটা প্রতিবেদক পেলেন কী করে? কতটা আগে পেলেন? কতটা গভীরে যেতে পারলেন? কী কী বাধা পথ আগলে দাঁড়িয়েছিল? কতটা পথ পেরিয়ে সেই বাধা অতিক্রম করা গেল?
প্রথম আলোর ষোড়শতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই নেপথ্যের গল্পই শোনাচ্ছেন সাংবাদিকেরা। সংবাদপত্রে দুই ধরনের মানুষ কাজ করেন। একদল লেখেন, আরেক দল কাটেন। কাটাছেঁড়ার মধ্য দিয়েই জন্ম হয় মুদ্রণযোগ্য খবরের। বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি বলেছিলেন, অসম্পাদিত কোনো খবর আসলে সাংবাদিকতা নয়। তাই সংবাদপত্রে চাই চৌকস প্রতিবেদক আর দ্বিমুখী মননের (বাইফোকাল মাইন্ড) সম্পাদকের দল। প্রথম আলোর কর্মীদের চেষ্টা তাই প্রতিদিন কাজের মাধ্যমেই আরও শেখা, আরও জানা, আরও পেশাদারির পরিচয় দেওয়া।
গত এক বছরে নানা সহিংস ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেদক আর আলোকচিত্রীরা। দাউদাউ আগুন আর পোড়া মানুষের দুঃখ-বেদনার কাহিনি তুলে ধরেছেন তাঁরা। আবার দেশে জাপানের প্রধানমন্ত্রীর আগমনের আগে ই-মেইলে তাঁর সাক্ষাৎকার পেয়েছেন প্রথম আলোরই বিশেষ প্রতিনিধি। অনুসন্ধানী মন বের করেছে শুধু চাকরির মেয়াদ বাড়াতেই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা মুক্তিযুদ্ধের ভুয়া সনদ জমা দিয়েছেন। দেশের সীমানা ছাড়িয়ে কখনো প্রথম আলোর প্রতিনিধি পাঠাচ্ছেন ভারতের নির্বাচনের খবর, কখনো বা ব্রাজিল থেকে সরাসরি বিশ্বকাপের উন্মাদনা, কখনো বা ফ্রান্সের কান উৎসবে সরাসরি সোফিয়া লরেনের সঙ্গে দেখা।
খবর তো জানাই আছে, এ সংখ্যায় তাই খবরের খবর জানাচ্ছেন প্রথম আলোর কর্মীরা। সঙ্গে গত এক বছরের নির্বাচিত ছবি আর কার্টুন।
পাঠকদের অভিনন্দন। তাঁদের দেওয়া নম্বরেই এখনো প্রথম আলোই শীর্ষে।
সুমনা শারমীন: ফিচার সম্পাদক