খবরের পেছনে...
সাংবাদিকতায় নারীর বিচরণ নতুন নয়। পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করছেন তাঁরা। কর্মক্ষেত্রের নানা প্রতিকূলতার পাশাপাশি মোকাবিলা করছেন সমাজের রক্ষণশীলতাকেও। বেসরকারি টেলিভিশনে কাজ করছেন চট্টগ্রামের এমন পাঁচ নারী সাংবাদিক জানালেন তাঁদের অভিজ্ঞতার কথা
শখের বশে এসে জড়িয়ে গেলাম
হাজেরা শিউলি, নিজস্ব প্রতিবেদক, সময় টিভি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে এমএ করার পর অনেকটা শখের বশে এই পেশায় আসা। প্রথম দিকে ভেবেছিলাম এ পেশায় স্থায়ী হব না। তবু কীভাবে যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে গেলাম।
সব ধরনের মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা থাকায় এখানে এসে আমার তেমন কোনো সমস্যা হয়নি। চার বছর আগেও চট্টগ্রামে কোনো টিভি চ্যানেলে নারী রিপোর্টার ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে এখানেও মেয়েরা কাজ শুরু করেছে। মাঠে-ময়দানে মেয়েদের সংবাদ সংগ্রহ করতে দেখতে এখনো অভ্যস্ত হয়নি চট্টগ্রামবাসী। কিছুদিন আগে নগরের এ কে খান মোড়ে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের সংবাদ কাভার করছিলাম। হঠাৎ একের পর এক ককটেল বিস্ফোরণ শুরু হয়। তখন পুরুষ সহকর্মীরা আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। অবশ্য এটাকে আমি নেতিবাচকভাবে দেখতে চাই না।
মাঠে-ময়দানে যখন খবরের সন্ধানে মাইক্রোফোন হাতে ছুটে যাই তখন কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। তবে সেটার পাশাপাশি অন্য চিত্রও আছে। দুর্ঘটনা ঘটলে অনেক মানুষ সাহায্য করতেও এগিয়ে আসেন।
আমি নারী এটা ভুলে যাই
লতিফা আনসারী, নিজস্ব প্রতিবেদক, মাছরাঙা
চট্টগ্রাম একটি রক্ষণশীল শহর। এখানে একসময় মেয়েরা সাংবাদিকতা করবে এটা মেনে নেওয়া যেন কঠিন বিষয় ছিল। আমি যখন টেলিভিশন সাংবাদিকতা শুরু করি অনেকের মুখে বলতে শুনেছি মেয়েরা করবে টেলিভিশন রিপোর্টিং! বেশি দিন টিকতে পারবে না! এ রকম আরও অনেক কথা। কিন্তু আমি কখনো পিছনে ফিরে তাকাইনি। খুব বেশি দিন আগের কথা নয়। চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ চলছিল। সেটির সংবাদ সংগ্রহের দায়িত্ব পড়েছিল আমার ওপর। ঘটনাস্থলে র্যাব এবং বিজিবির দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বলেছিলেন, ‘আপনি মেয়েমানুষ, নিরাপদ স্থানে চলে যান।’ তখন আমি তাঁদের বলেছিলাম, ‘আমার ক্যামেরাপার্সনের নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব, আর আমি এখানে কোনো মেয়ের পরিচয়ে আসিনি। আমি একজন দায়িত্বশীল প্রতিবেদক, আমার কাজ যেকোনো পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করা। সেই ঘটনায় ছয়জন নিহত হয়েছিলেন। আর আমি নিরাপদে আমার দায়িত্ব পালন করে ফিরেছিলাম। পেশাগত দায়িত্ব পালনের সময় এমন অনেক পরিস্থিতি আসে, যখন আমি নারী এই কথাটি ভুলে যাই।
ঝুঁকি থাকলেও চ্যালেঞ্জটা নিয়েছি
নাসরিন জাহান, স্টাফ করসপনডেন্ট, ইনডিপেনডেন্ট
সাংবাদিকতা শব্দটার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়। তবু পাঁচ বছরের অনার্স-মাস্টার্স পড়ার সময় ভাবিনি সাংবাদিকতা হবে আমার পেশা এবং নেশা দুটোই। খবরের খোঁজে একদিন পুরুষ সহকর্মীদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে হবে আমাকেও। বাইরে থেকে এই পেশাকে অনেকটা নারীবান্ধব নয় বলেই মনে হয়েছিল। তবু ঘটনাচক্রে সাংবাদিকতা পেশায় হাতেখড়ি। শুরুটা ছিল কেমন যেন অস্বস্তিকর। আর চট্টগ্রাম বলেই হয়তো ভেতরে ভেতরে সেটা আরও বেশি টের পাচ্ছিলাম। কারণ আশপাশে নারী সহকর্মীর সংখ্যা হাতে গোনা। তবে দিন যতই গড়িয়েছে আমি আমাকে এই পেশার একজন হিসেবে চিনেছি। এই পেশায় ঝুঁকি থাকলেও চ্যালেঞ্জটা আমি নিয়েছি। নিজের যোগ্যতা আর সৃজনশীলতা প্রমাণের জন্য এই পেশা সহায়ক বলেই মনে হয়েছে। তবে সহকর্মী এবং পরিবারের সহযোগিতা ছাড়া একজন নারীর জন্য এই পেশায় ক্যারিয়ার গড়ে তোলা অনেক কঠিন। টেলিভিশন সাংবাদিকতায় তাৎক্ষণিকতা খুব গুরুত্বপূর্ণ। তাই সব বিষয়ে আপডেট থাকতে হয়, সময়ও বেশি দিতে হয়।
নারী বলে নিজেকে আলাদা মনে হয় না
শিউলি শবনম, নিজস্ব প্রতিবেদক, বৈশাখী
বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মহেশখালী-কুতুবদিয়া চ্যানেলে জলদস্যুদের হাতে ৩১ জেলে হত্যার ঘটনাটি এখনো অনেক সংবাদকর্মী এমনকি সাধারণ মানুষেরও মনে থাকার কথা। গত বছর ১ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তায় পতেঙ্গা থেকে আমরা ইলেকট্রনিকস মিডিয়ার জনা দশেক সংবাদকর্মী স্পিডবোটে রওনা দিই কুতুবদিয়া চ্যানেলে। যেতে যেতে মাঝেমধ্যেই দিক হারিয়ে ফেলছিল আমাদের নৌযানটি। তবে এসবের ভেতরও আমাদের কিছুক্ষণ পরপরই উদ্ধারকৃত লাশের সংখ্যা বাড়তে থাকার খবর দিতে হচ্ছিল টিভির স্ক্রলে। মুহূর্তেই ১৫ থেকে ১৯, ২২ এভাবে লাশ উদ্ধারের খবর আসছিল সংবাদকর্মীদের কাছে। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অবশেষে আমরা লাশবাহী জাহাজের কাছে পৌঁছাই। এক সপ্তাহ সমুদ্রের নোনা পানিতে থাকা, ফুলে ওঠা ফ্যাকাশে লাশগুলো তখন চেনার উপায় নেই। প্রত্যেক জেলের হাত, পা, চোখ বাঁধা। সারি সারি লাশের মাঝে কোনোমতে ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে সংবাদ পরিবেশন করলাম। ঘটনাটি কাভার করতে যাওয়ার সময় নারী বলে নিজেকে আলাদা কিছু মনে হয়নি।
অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়
ফেরদৌস লিপি, প্রতিবেদক, সময় টিভি
ইলেকট্রনিক সংবাদমাধ্যমে চ্যালেঞ্জ কিছুটা বেশি। এখানে সংবাদ সংগ্রহে সময়ের সঙ্গে যুদ্ধে নামতে হয়। উনিশ-বিশ হলেই পরাজয় নিশ্চিত। চট্টগ্রাম বলেই হয়তো এ পেশায় কাজ করাটা কিছুটা চ্যালেঞ্জিং। কেন ঝুঁকিপূর্ণ এই পেশায় এলাম তার ব্যাখ্যা দিতে হয় পরিচিতজনের কাছে। পাশাপাশি কর্মক্ষেত্রেও আস্থা অর্জন করতে হয়।
এ ক্ষেত্রে নিজের কয়েকটি অভিজ্ঞতার কথা বলব। দেশের অন্যতম প্রধান বাণিজ্যিককেন্দ্র খাতুনগঞ্জে প্রথমবার সংবাদ সংগ্রহে গিয়েছিলাম। শতাধিক পণ্যবাহী ট্রাকের বহর আর পণ্য ওঠানো-নামানোর ব্যস্ততার মাঝে সেখানে প্রবেশ করতেই ব্যবসায়ীদের চোখে-মুখে প্রশ্ন, কেন একজন মেয়ে হয়েও এ ঝামেলার জায়গায় এলাম। কোনো সভা কিংবা ঘরোয়া অনুষ্ঠান কাভার করলেও তো হয়। আবার রাত ১১টা-১২টা কিংবা ভোর পাঁচটা-ছয়টার সময় সংবাদ সংগ্রহ করতে হলেও প্রশ্নের মুখোমুখি হতে হয়। কেন এত রাত বা ভোরে অফিসে যাচ্ছি, এমন ধরনের জিজ্ঞাসা তৈরি হয় অনেকের মনে। কিন্তু পুরুষ সহকর্মীদের তেমন সমস্যায় পড়তে হয় না। তাঁরা কখন, কোথায় এলেন-গেলেন কেউ প্রশ্ন করে না।