খবরের মধ্যেও 'ভাইটামিন' আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকের ভাইয়ের মন অত্যন্ত ভালো। মন ভালো থাকলে বাকের ভাই চা বেশি খান। মতি মিয়া এখন পর্যন্ত ১১ কাপ চা দিয়েছে, আরেকটা অর্ডারের অপেক্ষায় আছে। চা এক ডজন পূরণ হলেই বাকের ভাই বলুক আর না বলুক সে ক্যাসেট প্লেয়ারে গান ছেড়ে দেবে। বেজে উঠবে ‘হাওয়া মে উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা মলমল...’
বাকের ভাই আরেক কাপ চা অর্ডার দেওয়ার আগেই বদি চলে এল। বদির মধ্যে দুশ্চিন্তা কাজ করছে।
: বাকের ভাই, খবর শুনেছেন?
: শুনেছি। খুবই আনন্দের খবর। এই খবর শোনার সঙ্গে সঙ্গে পটকা ফাটানো উচিত। মুনা পছন্দ করে না বলে ফাটাতে পারছি না। পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি!
: কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না, বাকের ভাই! নো আন্ডারস্ট্যান্ড!
: বোঝাবুঝির তো কিছু নাই। ভিআইপি ব্যাক টু প্যাভিলিয়ন...জেলের মাল জেলে!
: আর এইটা সম্ভব হইছে কিনা পত্রিকার খবরের কারণে! সবই তো আন্ডারস্ট্যান্ড হলো বাকের ভাই, কিন্তু আমার প্রশ্ন অন্যখানে! মাই কোয়েশ্চেন ইজ...বাকের ভাই, ‘অন্যখানে’র ইংরেজি কী?
: অন্যখানে দূরের জিনিস। দূরের জিনিসের ইংরেজি জেনে লাভ নাই।
: ঠিক। অত্যন্ত রাইট কথা, বাকের ভাই। আমার কোয়েশ্চেনটা হলো, ভিআইপি আসামিরা অন্য কোনো উপায়ে হাসপাতালে থাইকা দিন কাটাইতেছিল। এসির বাতাস, আত্মীয়স্বজনের সাহচর্য, ঘরের খাবার, নার্সের সেবা—সবই তারা পাইতেছিল। দিনের পর দিন রাতের পর রাত তাদের কী সুখের সাজা কাটছিল! তবে পত্রিকার খবরের পরই ঘটনা গেল ঘইটা! ভিআইপি এখন জেলের ভেতর! কিন্তু যারা জেলের ভেতর গেল তারা কি আর ভিআইপি থাকল? মানে যদি তারা ভিআইপি হয়, তাইলে তারা জেলে ক্যান? আর যারা সাজা পায় তারা আবার ভিআইপি হয় ক্যামনে?
: প্রশ্ন জটিল আছে। জিলাপির মতো জটিল! এই রকম প্রশ্ন দিনে একটার বেশি ভাবা উচিত না! বদি, তুমি এ রকম আরও কোনো প্রশ্ন ভেবেছ নাকি?
: জি না, বাকের ভাই। একটাই ভেবেছি! আর ভেবেছি যে জেলের ভেতরেও কিন্তু গণতন্ত্র থাকা উচিত। মানে সেইখানেও গাহি সাম্যের গান, ভিআইপি আর সাধারণ আসামির ভেতর নাই কোনো ব্যবধান!
: ঠিকঠাক শুধু খবর হওয়া লাগবে, বদি! তাইলে সবখানেই গণতন্ত্র থাকবে। কারণ মাইরের মধ্যে যেমন ভাইটামিন আছে, তেমনই খবরের মধ্যেও ভাইটামিন আছে! ভাইটামিনের এত বিস্তার দেখে খুবই আনন্দ লাগছে, বদি! একটা পটকা ফুটায়ে ফেলব নাকি?
: ফোটান, বাকের ভাই।
: কিন্তু মুনা যদি নিউজ পেয়ে যায়?
: তাইলে থাক, বাকের ভাই। ‘নিউজ’ যে কেমন ঝামেলা করতে পারে সেইটা তো দেখলামই!
: তাইলে পটকার বদলে আরেক কাপ চা খাই। মতি মিয়া...
মতি মিয়া এই ডাকেরই অপেক্ষায় ছিল। চা দিয়েই সে গান ছেড়ে দিল, ‘হাওয়া মে উড়তা যায়ে মেরে লাল দোপাট্টা মলমল...’
বাকের ভাই পিরিচে ঢেলে চা খেতে খেতে বদির প্রশ্ন নিয়ে ভাবতে শুরু করলেন। ভাবনার জন্য ‘হাওয়া মে উড়তা যায়ে’ গানটাও খুব উপাদেয়।