খরচ নয় সংগ্রহ
পণ্য আদান-প্রদানের প্রয়োজনে মুদ্রার প্রচলন, সে বহু বহু বছর আগের কথা। সংগ্রহের বিষয় মুদ্রা, সেও বহু দিন ধরে বিশ্বের অত্যন্ত জনপ্রিয় শখ হিসেবে পরিচিত। শৈশবের এ দুরন্ত শখটিকে খুব কম লোকই ধরে রাখেন। ধাতব মুদ্রা সংগ্রহ করা এসব লোককে বলা হয়ে থাকে ‘নিউমিজমেটিস্ট’।সংগ্রহের বিষয়হাতের কাছে নতুন কোনো মুদ্রা এলে নিশ্চয়ই মুঠোবন্দী করতে ইচ্ছে করে। মুদ্রাটি মুঠোবন্দী করতে হয়তো নগদ কিছু অর্থ খসেই গেল। এভাবে সংগ্রহটি একদিন অনেক বড় হবে ঠিকই; কিন্তু একটি পূর্ণাঙ্গ সংগ্রহ হয়ে উঠবে না। তাই প্রথম থেকেই একটু বুঝেশুনে সংগ্রহ করতে হবে। ধাতব মুদ্রা সাধারণত দেশ, সময় ও বিষয় অনুসারে সংগ্রহ করা হয়।হরেক রকম মুদ্রাপ্রকাশ উদ্দেশের ওপর ভিত্তি করে ধাতব মুদ্রা দুই ধরনের হয়ে থাকে—স্মারক ও সাধারণ মুদ্রা।স্মরণীয় কোনো ঘটনা কিংবা বিখ্যাত কোনো ব্যক্তিকে উপজীব্য করে বিভিন্ন দেশের টাঁকশাল এ মুদ্রা ছাড়ে। এ ধরনের মুদ্রা সাধারণত এর আসল মূল্য থেকে বেশি দামে বিক্রি হয় এবং পণ্য আদান-প্রদানে ব্যবহূত হয় না। গতবছর ২৯ অক্টোবর তেমনই একটি পাঁচ পাউন্ড মূল্যমানের স্মারকমুদ্রা ইস্যু করেছে ব্রিটেনের টাঁকশাল রয়েল মিন্ট। মুদ্রাটির এক পিঠে যথারীতি ব্রিটিশ রানির প্রতিকৃতি এবং অন্য পাশে ষাটের দশকের জনপ্রিয় ব্যান্ড বিটলসের প্রতিষ্ঠাতা সদস্য জন লেননের মুখাবয়ব। প্রতিটি মুদ্রার দাম নির্ধারিত হয়েছে ৪৪ দশমিক ৯৯ পাউন্ড। বাংলাদেশ এ পর্যন্ত নয়টি স্মারকমুদ্রা ইস্যু করেছে। সংগ্রাহকের কাছে এ ধরনের মুদ্রা খুবই লোভনীয় বস্তু।সাধারণত পণ্য আদান-প্রদানের ক্ষেত্রে যেসব মুদ্রা আমরা সচরাচর দেখি, সেগুলো সাধারণ মুদ্রা। আর বর্তমানে যে মুদ্রাগুলোর বাজারমূল্য নেই, তাকে ‘অচল পয়সা’ হিসেবে চিনে থাকি। এ অচল মুদ্রা সংগ্রাহকদের কাছে ঠিকই মূল্যবান। মাঝেমধ্যে টাঁকশালে ভুল বা ত্রুটিপূর্ণ মুদ্রা মুদ্রিত হয়। এসব মুদ্রাকে বলা হয়ে থাকে ‘এরর কয়েন’। এ ধরনের মুদ্রার বিশেষ সংগ্রহ মূল্য রয়েছে।মুদ্রার অবস্থাধাতবমুদ্রার অবস্থা সম্পর্কে প্রতিটি সংগ্রাহককে সচেতন থাকা জরুরি। হাতবদলের মাধ্যমে মুদ্রার গায়ে নানা রকম ক্ষতের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত মুদ্রাগুলো সংগ্রহ না করাই ভালো। ধাতুর গায়ে ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে মুদ্রাকে পাঁচটি পর্যায়ে বিভক্ত করা হয়।১. আনসার্কুলেটেড কয়েন: যেসব মুদ্রা এখনো ব্যবহার করা হয়নি।২. এক্সট্রিমলি ফাইন কয়েন: এ ধরনের মুদ্রায় খুবই সামান্য ক্ষয় থাকে। ৩. ভেরি ফাইন কয়েন: মুদ্রার উঁচু অংশে অল্প ক্ষয় থাকে।৪. ফাইন কয়েন: যেসব মুদ্রার উঁচু অংশ ঘষে ক্ষয় হয়ে গেছে।৫. গুড বা ফেয়ার কয়েন: এ ধরনের মুদ্রায় লেখা ও ছবি দেখা যায় ঠিকই, কিন্তু স্পর্শ করলে উঁচু অংশ বোঝা যায় না।সংগ্রহ কৌশলমুদ্রা সংগ্রহের সবচেয়ে বড় কৌশলটি হতে পারে বিদেশ থেকে আসা কারও কাছ থেকে সে দেশের মুদ্রা চেয়ে নেওয়া। বন্ধুবান্ধব কিংবা পাড়া-প্রতিবেশীর সাহায্য নেওয়া যেতে পারে। পুরোনো ভাঙারির দোকান, জুয়েলারি ওয়ার্কশপ কিংবা গুলিস্তানের ভাসমান মানি এক্সচেঞ্জারদের কাছ থেকে সংগ্রহ করা যেতে পারে শখের মুদ্রা। একই রকম দুটো মুদ্রা হলে অন্য সংগ্রাহকের সঙ্গে বিনিময় করে সংগ্রহ বাড়ানো যায়। সংগ্রহ করা যেতে পারে নিলাম থেকে। বিশ্বের অন্যসব দেশের মতো আমাদের দেশেও ধাতবমুদ্রার নিলাম বসে। বিএনসিএস নামের মুদ্রা সংগ্রাহকদের একটি সংগঠন প্রতি দুই মাস পর মাসের চতুর্থ শুক্রবার ঢাকার সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে এ নিলাম আয়োজন করে।সংগ্রাহককে নকল মুদ্রা থেকে সাধবান থাকতে হবে। খুব প্রাচীন বা দুর্লভ মুদ্রার রেপ্লিকা দেখে হুট করে কিনে ফেলা ঠিক হবে না। এ ক্ষেত্রে অভিজ্ঞ সংগ্রাহকের সাহায্য নেওয়া উচিত।মুদ্রা সংরক্ষণছত্রাক, ধুলা, ময়লা, কালি প্রভৃতি ধাতব মুদ্রা নষ্ট করে ফেলতে পারে। তাই সংগ্রাহককে সচেতন থাকতে হবে। সংগৃহীত মুদ্রা স্যাঁতসেঁতে পরিবেশে না রেখে, রাখা যেতে পারে কোনো প্লাস্টিকের খাপে।মুদ্রা রাখার জন্য বিশেষ অ্যালবামও কিনতে পাওয়া যায়। স্বচ্ছ মোটা পলিমারের এসব অ্যালবামের পৃষ্ঠায় অনেক পকেট থাকে। প্রতিটি পকেটে ইচ্ছামতো মুদ্রা সাজিয়ে রাখা যায়। অ্যালবামের আলাদা পৃষ্ঠাও পাওয়া যায়—এগুলো লুজ লিফ নামে পরিচিত।মুদ্রা সংগ্রহ একটি ব্যয়বহুল শখ এবং সংগ্রাহককে ধৈর্যের অগ্নিপরীক্ষা দিতে হয়। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে গড়ে তোলা যেতে পারে এক দুর্লভ সংগ্রহ।কৃতজ্ঞতা: সালাম স্ট্যাম্প সেন্টারলেখক: মুদ্রা ও ডাকটিকিট সংগ্রাহক