খরচের তুলনায় দাম পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা হরিমোহন দাশ। তিনি গুমাই বিলে এবার ৪০ শতক জমিতে আমন চাষ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় ২৩ হাজার টাকা। সেই সঙ্গে রয়েছে নিজের শ্রম। ফলনও ভালো হয়েছে। কিন্তু ধান বেচে পেয়েছেন ১৯ হাজার টাকা। চার হাজার টাকা লোকসান গুনেছেন বলে জানান তিনি। শুধু তিনি নন, গুমাই বিলসহ বিভিন্ন এলাকার অনেক কৃষক এখন লোকসানের আশঙ্কা করছেন। কৃষকেরা জানান, গত তিন থেকে চার বছরের মতো এবারও রাঙ্গুনিয়ার সব কটি বিলে আমন ফসলের বাম্পার ফলন হয়েছে। কিন্তু সারের মূল্যবৃদ্ধি, পানি সেচ খরচ ও শ্রমিকের বেতন বেড়ে যাওয়ায় আমন ফসল উৎপাদন খরচ দ্বিগুণের বেশি বেড়ে যায়। সে অনুযায়ী বাজারে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় প্রায় সব কৃষক এবার আমন চাষে লোকসানের মুখে পড়েছেন। কৃষি কার্যালয় সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার নয় ওয়ার্ডে ছোট-বড় প্রায় ২৩টি বিল রয়েছে। এসব বিলের প্রায় ১৬ হাজার ৪৬৫ হেক্টর জমিতে আমন চাষাবাদ করা হয়েছে। সব বিলে আমনের বাম্পার ফলন হয়েছে।মুরাদনগর পৌর এলাকার কৃষক রেজাউল করিম জানান, প্রতি কেজি ইউরিয়া ১২ টাকার স্থলে কিনতে হয় ২০ টাকায়। শ্রমিকের মূল্য ৩০০ টাকার স্থলে ৭০০ টাকা পর্যন্ত বেড়ে যায়। তার ওপর রয়েছে সেচ খরচ। সব মিলিয়ে এবার আমন ফসল উৎপাদন খরচ দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। ফলে আমন চাষে এবার কোনো লাভ হয়নি। স্বনির্ভর ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের কৃষক একরাম হোসেন জানান, বাজারে প্রতিমণ ধানের মূল্য ৩৮০ থেকে ৪০০ টাকা। অথচ প্রতিমণে উৎপাদন খরচ পড়েছে ৫০০ টাকার বেশি।গুমাইবিলের সেচ প্রকল্পের মালিক আনোয়ার হোসেন পানিসেচ খরচ বৃদ্ধির সত্যতা স্বীকার করে বলেন, দফায় দফায় বিদ্যুৎ বিল ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সেচ খরচ বেড়ে যায়। তার ওপর বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জ্বালানি তেল কিনে সেচপাম্প চালাতে না হলে সেচ খরচ আরও কিছুটা কম হতো। উপজেলার পোমরা ইউনিয়নের তালুকদারপাড়া বিলের কৃষক আমির হোসেন, সাবের আহমদ, পারুয়া ইউনিয়নের হাজারী বিলের কৃষক আবদুস সাত্তার, মনির আহমদ, পদুয়া ইউনিয়নের নারিশ্চা বিলের সেলিমুল হকসহ অনেকে জানান, তাঁরা গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এবার আমন চাষাবাদ করেছেন। কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রত্যেকে লোকসান গুনছেন। এ অবস্থায় প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ পরিশোধ করা তাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা রমিজ উদ্দিন বলেন, এবার আমন মৌসুমের শুরুর দিকে সার, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং শ্রমিকের বেতন বেড়ে যাওয়ায় ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলেছে। এতে ফসল উৎপাদনের খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে কৃষকেরা উৎপাদন খরচও পাচ্ছেন না।উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, কিন্তু উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়ায় বিলের কৃষকের মুখে হাসি নেই। তবে আসন্ন বোরো মৌসুম শুরুর আগে উৎপাদন খরচ কমিয়ে আনার আশা করছেন কৃষকেরা।