খরাসহিষ্ণু নারিকা-১ ধানের সম্ভাবনা রাঙামাটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনকাল কম ও খরাসহিষ্ণু হওয়ায় পাহাড়ের জুমে রোপণ করা যায়। কাপ্তাই হ্রদ এলাকার পতিত জমিতেও চাষ করার উপযোগী। পাকার পর সহজে ঝরে পড়ে না এ ধান। কিছুটা লবণসহিষ্ণুও। ফলে খাদ্য উৎপাদনে নতুন বিপ্লবের সূচনা করতে পারে নারিকা-১ জাতের ধান। রাঙামাটি কৃষি সমপ্রসারণ বিভাগের কর্মকর্তারা পরীক্ষামূলভাবে এ ধানের চাষ করে এমন আশার কথা জানিয়েছেন।রাঙামাটি কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজল তালুকদার জানান, এ ধান উচ্চফলনশীল (হাইব্রিড) নয়। তাই উৎপাদিত ধান থেকেই বীজ তৈরি করা যাবে। উগান্ডায় এ প্রজাতির ধানচাষের মাধ্যমে খাদ্যসংকট অনেকটা দূর করা হয় বলে তিনি জানান। পার্বত্য চট্টগ্রামের আবহাওয়ায়ও নারিকা-১ ধান চাষের উপযোগী বলে তিনি উল্লেখ করেন।রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা পবন কুমার চাকমা জানান, ‘জীবনকাল কম ও খরাসহিষ্ণু হওয়ায় জুম ছাড়াও কাপ্তাই হ্রদসংলগ্ন পতিত জমিতে নারিকা-১ জাতের ধান চাষে ভালো ফলন পাওয়া যাবে।’ তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার পর অনেক টিলাজমি ভেসে ওঠে। এসব জমিতে সেচের অভাবে চাষ করা যায় না। ফলে প্রতি বছর হ্রদসংলগ্ন ব্যাপক জমি পতিত থেকে যায়। অপরদিকে বড় পাহাড়ের ছোট ছোট গাছ কেটে পুড়ে ধান ও শাকসবজির চাষ করাই হলো জুমচাষ। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার আদিবাসীরা এখনো জুম চাষের ওপর নির্ভরশীল। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে ১৪ হাজার ৭১৬ হেক্টর পাহাড়ে জুমচাষ হয় বলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কৃষি সমপ্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে। জুমে নারিকা-১ ধানের আবাদ ভালো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা।রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের ঝগড়াবিল ব্লকের মিতিংগাছড়ি গ্রামের চাষি সুভাষচন্দ্র কার্বারি (তঞ্চঙ্গ্যা) জুমের এক জায়গায় প্রায় ১২০ বর্গমিটার এলাকায় নারিকা-১ জাতের ধানের ৫০০ গ্রাম বীজ বপন করেছেন। দেখা গেছে, অন্য জাতের ধানে শীষ বের না হলেও নারিকা-১ ধান পাকতে শুরু করেছে। সুভাষচন্দ্র তঞ্চঙ্গ্যা জানান, জুমে অন্য ধানের চেয়ে নারিকা-১ জাতের ধানের চারা সহজে বেড়ে উঠেছে। অন্য জাতের ধানের বৃদ্ধি অনেকটা বৃষ্টির ওপর নির্ভরশীল। কিন্তু নারিকা-১ জাতের ধান খরাসহিষ্ণু হওয়ায় বৃষ্টির তেমন প্রয়োজন হয় না। অন্য জাতের ধানের জীবনকাল ১২০ দিন হলেও নারিকা-১ ধানের ৯০ দিন বলে জানান কৃষিবিদেরা।কৃষি সমপ্রসারণ বিভাগের ঝগড়াবিল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিরাজ মোহন চাকমা জানান, নারিকা-১ জাতের ধানচাষে ১৫ সেন্টিমিটার দূরত্বে ডিবলিং পদ্ধতিতে বা লাইন টেনে দুই সেন্টিমিটার গভীরতায় বীজ বপন করতে হবে। প্রতি ১০০-১২০ বর্গমিটার প্লটে ৫০০ গ্রাম বীজ বপন করা যাবে। তার আগে বীজ পরিষ্কার পানিতে তিনবার ধোয়ার পর ৩২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। কৃষি সমপ্রসারণ বিভাগের কর্মকর্তারা জানান, উচ্চফলনশীল জাতের ধানচাষে মৌসুমভিত্তিক যে মাত্রায় সার প্রয়োগ ও যত্ন নিতে হয় নারিকা-১ ধানেও তা-ই করতে হবে।