খসে পড়ছে পলেস্তারা, বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাদের পলেস্তারা খসে পড়েছে, টিন দিয়ে ছাদের ফুটো ঢেকে দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। তার পরও সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে। এভাবেই ঝুঁকি নিয়ে কাজ করেন আনোয়ারার বরুমচড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলার তিনটি ইউনিয়নের ভূমিসংক্রান্ত কাজ এ কার্যালয়ে হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্যাহত হচ্ছে কার্যক্রম।
সরেজমিনে দেখা গেছে, দুই কক্ষবিশিষ্ট বরুমচড়া ইউনিয়ন ভূমি কার্যালয়টি বর্তমানে অনেকটাই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের ছাদের পলেস্তারা খসে গিয়ে রড বেরিয়ে এসেছে। কর্মকর্তা-কর্মচারীরা একটি কক্ষের ছাদ টিন দিয়ে ঢেকে দিয়েছেন বৃষ্টির পানি ঠেকানোর জন্য। কিন্তু তাতেও বন্ধ হয়নি পানি পড়া। পাশের কক্ষেও ছাদ চুইয়ে পানি পড়ে।
বরুমচড়া ভূমি কার্যালয় সূত্র জানায়, ১৯৬৭ সালে বর্তমান ভবনে ভূমি কার্যালয়ের কাজ শুরু হয়। এ কার্যালয়ে বরুমচড়া, রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের ১৪টি মৌজার ভূমিসংক্রান্ত কাজ হলেও বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কার্যালয়টিতে একজন ভূমি উপসহকারী কর্মকর্তা ও তিনজন কর্মচারী কর্মরত আছেন। তবে, ১০ বছর ধরে ভূমি সহকারী কর্মকর্তার পদটি শূন্য রয়েছে।
কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, কার্যালয় চালু হওয়ার পর থেকে এই ভবনের সংস্কার কাজ হয়নি। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হচ্ছে কার্যালয়ের গুরুত্বপূর্ণ দলিলপত্র।
ভূমি উপসহকারী কর্মকর্তা কাজী মো. এনামুল হক বলেন, ‘ভবনটি খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। চরম ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুষমা সুলতানা প্রথম আলোকে বলেন, ‘এ ভবনটির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব, আর বরাদ্দ পেলেই সংস্কারকাজে হাত দেওয়া হবে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘প্রয়োজনীয় বরাদ্দ পেলে আশা করছি আগামী অর্থবছরের শুরুতে ভবনের সংস্কারের কাজে হাত দিতে পারব।’