খাঁচা বানিয়ে সংসার চলে না
লোহাগাড়া উপজেলার ছাটিয়ালপাড়ার কুটিরশিল্পের কারিগরেরা ভালো নেই। এই গ্রামের ২৫০টিরও বেশি পরিবার বাঁশের খাঁচা বানিয়ে সংসার চালান। বাঁশসহ নানা উপকরণ কেনার জন্য এখানকার কারিগরদের অনেকেই উচ্চ সুদে ঋণ নিয়েছেন বেসরকারি সংস্থা থেকে। আয়ের বড় একটা অংশ চলে যায় কিস্তি পরিশোধ করতে। তাই খাঁচা বিক্রি করে সংসার চলছে না এখন তাঁদের। রেনু আরা বেগম (৪০) শৈশব থেকে বাঁশ-বেতের কাজ করেন। বর্তমানে প্রতিদিন গড়ে ১০টি খাঁচা তৈরি করে মাসে আয় করেন ছয় হাজার টাকা। একটি বেসরকারি সংস্থা থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছেন তিনি। মাসে দুই হাজার টাকা চলে যায় কিস্তি পরিশোধ করতে। স্বামীহীনা এই নারীকে চার ছেলেমেয়ের খাবার জোগাড় করতে হয়। যে টাকা আয় করেন তা দিয়ে পরিবারের খাবার জোটানোই কঠিন হয়ে দাঁড়ায়।একই অবস্থা রাবেয়া বেগম ও নুরজাহান বেগমেরও। বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছেন তাঁরাও। এই দুজন সপ্তাহে কিস্তির টাকা পরিশোধ করেন সাড়ে ৬০০ টাকা করে । তাঁরা জানান, খাঁচা বিক্রি করে চাল-ডালও কিনতে পারেন না ঠিকমতো। এ গ্রামে এ রীতি চলছে দীর্ঘদিন ধরে। অভাবের জ্বালায় অনেকে এ পেশা ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন। ছাটিয়াল গ্রামের কুটিরশিল্পের কারিগরদের অনেকেই তাঁদের বাপ-দাদার পেশা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। বিভিন্ন বেসরকারি সংস্থা এখানে উচ্চ সুদে ঋণ দিচ্ছে কারিগরদের। খাঁচা বিক্রি করে প্রতি সপ্তাহে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হয়। অনেকে সাত থেকে আট বছর ধরে কিস্তির টাকা পরিশোধ করে যাচ্ছেন নিয়মিত। কিন্তু ঋণমুক্ত হতে পারেননি এখনো। খোঁজ নিয়ে জানা যায়, এ গ্রামের ২৫০ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবার সরকারি-বেসরকারি একাধিক সংস্থা থেকে ঋণ নিয়েছে। এসব সংস্থার মধ্যে রয়েছে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, প্রত্যাশা, আইডিএফ, বিআরডিবি ও সমাজসেবা অধিদপ্তর, উদ্দীপন, আশা ও ইসলামী ব্যাংক।বেসরকারি সংস্থা উদ্দীপনের শাখা ব্যবস্থাপক আখতার হোসেন বলেন, ‘তথ্য গোপন করে অনেক গ্রামবাসী একাধিক সংস্থা থেকে ঋণ নেন। এতে ঋণের বোঝা বেড়ে যায়। এ জন্য ঋণদাতা ও গ্রহীতাকে আরও সচেতন হওয়া প্রয়োজন।’ লোহাগাড়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা সুজিত কুমার দাশ বলেন, ‘আমরা ছাটিয়ালপাড়ার অল্পসংখ্যক কুটিরশিল্পীদের মাসিক কিস্তিতে ঋণ সুবিধা দিয়েছি। ভবিষ্যতে সুযোগ থাকলে সহজ শর্তে ও মাসিক কিস্তিতে সরকারিভাবে ঋণ প্রদান করা হবে।’ লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সারা দিবা (ইউএনও) বলেন, ‘সরকারিভাবে সহজ শর্তে ঋণ দেওয়া হয়। এ ছাটিয়ালপাড়া গ্রাম সরেজমিনে পরিদর্শন করে আরও সহজ শর্তে ঋণ দেওয়া যায় কি না তদন্ত করে দেখব।’ লোহাগাড়া উপজেলার চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ‘অবকাঠামোগত উন্নয়নের অভাবে বাংলাদেশের গ্রামাঞ্চলে শিল্পকারখানা নেই বললে চলে। এ কারণে গ্রামের ক্ষুদ্র কুটিরশিল্পকে সরকারি-বেসরকারি উদ্যোগে সহজ শর্তে ঋণ দানের মাধ্যমে বাঁচিয়ে রাখা উচিত। এতে গ্রামীণ অর্থনীতি সচল থাকবে, দারিদ্র্যও কমবে।’