খাঁচার জীবন
খুপরিমতো খাঁচায় পায়ে শেকল বাঁধা একটা হাতি। বিধ্বস্ত এবং চোখে তার রাজ্যের বিষাদ ছবিটি তুলেছেন অস্ট্রেলিয়ার কেলি হাসি-স্মিথ। ছবিমেলায় কেলির ছবির বিষয়ের শিরোনাম ‘কেজ’। খাঁচার ভেতর ওই হাতিটির মতো আরও অনেক প্রাণীর ছবি নিয়েই ‘কেজ’। যেখানে দেখা যায়, মানুষের বিনোদনের জন্য কী হেনস্তাই না হচ্ছে বনের মুক্ত-স্বাধীন কতগুলো প্রাণী! কেলি হাসি-স্মিথ অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের কুইন্সল্যান্ড কলেজ অব আর্টে ফটোগ্রাফি বিষয়ে স্নাতক শেষ করেছেন। এখন সেখানেই পড়ান। পাশাপাশি ছবি তো তোলেনই। এত বিষয় থাকতে এই খাঁচার ভেতরের প্রাণীগুলোই কেন তাঁর ছবির বিষয় হলো? কেলি বললেন, ‘২০১০ সালে চীনের পিংইয়াও ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্টিভ্যালে আমার ছবির একটা প্রদর্শনী হয়েছিল। তো কাজের ফাঁকে একদিন ঘুরতে গিয়েছিলাম স্থানীয় একটি চিড়িয়াখানায়। আর সেখানে গিয়েই আবিষ্কার করলাম নতুন এবং ভীষণ বিষাদময় একটি জগৎ। চিড়িয়াখানার বদ্ধ ও দুর্বিষহ পরিবেশে বাস করা প্রাণীগুলোকে দেখে খুব খারাপ লেগেছিল। তখন থেকেই চিড়িয়াখানার প্রাণীদের নিয়ে কাজ শুরু আমার। বিশ্বের অনেক চিড়িয়াখানার প্রাণীর ছবি তুলেছি। আর ছবিগুলোয় উঠে এসেছে বিনোদন ও সাজসজ্জার জন্য মানুষ কী করে প্রাণীদের ব্যবহার করছে।’কেলির ছবিগুলো দেখতে পারবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। শুক্র-শনিবার: বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা। রোববার-বৃহস্পতিবার: বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।