২২/২ হাতিরপুল, ঢাকা—এ ঠিকানায় গেলে আমরা দেখতে পাব একটি খুদে চিড়িয়াখানা। চিড়িয়াখানার মালিক আবদুল ওয়াদুদ। তাঁর সংগ্রহে আছে প্রায় ২৫০ প্রজাতির খাঁচায় পোষা পাখি। পাখিগুলো নিয়ে তিনি আয়োজন করেছিলেন ‘বিদেশি পাখি প্রদর্শনী’। শুনুন বিস্তারিতপালের গোদা ব্লু-গোল্ড ম্যাকাওটি চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের সঙ্গীসাথিরাও তার সঙ্গে গলা মেলাতে শুরু করল। উঠানে পা রাখতেই মনে হলো, বিশাল অন্যায় হয়ে গেছে, এ তারই প্রতিবাদ। কান পাতা সত্যিই দায়। এই হয়তো থামে, কান কিছুটা স্বস্তি পায়; মুহূর্তেই ট্যা-ট্যা-ট্যা! এ যেন কানের সঙ্গে পাখির লুকোচুরি খেলা! তবে অমন চিৎকার-চেঁচামেচির মধ্যে ছিল না সালভারকাস্টেড কাকাতুয়াটি। ইন্দোনেশিয়ার এই পাখির গায়ের রং দুধসাদা। মাথায় একটা ঝুঁটি আছে, ডিমের কুসুমের মতো হলুদ। বেজায় ভদ্র-নম্র স্বভাবের এই পাখি ভীষণ গম্ভীর। মাঝেমধ্যে কেবল ঝুঁটিটা ফুলিয়ে মাথা দোলায়। দেখে মনে হয়, যেন কানে হেডফোন দিয়ে বেশ ‘তালের’ একটা গান শুনছে! তার এক জাতভাই ছিল সামনেই, নাম মুলুকান কাকাতুয়া। সে-ও ভারি শান্ত স্বভাবের। মাঝেমধ্যে দু-একটা বুলি আওড়ায়। প্রদর্শনীতে একমাত্র এই পাখিটিই ছিল পুরোপুরি মুক্ত। বেচারা এমনই পোষ মেনেছে, উড়ে যাওয়ার নামও করে না। চাইলেই হাতে তুলে কোলে নেওয়া যায়। বেশ স্নেহকাতর, ঘাড়ে হাত বুলিয়ে দিলে জাভা দ্বীপপুঞ্জের এই বাসিন্দা চোখ বন্ধ করে ফেলে। তবে ঠিক পাশেই ছিল প্রদর্শনীর সবচেয়ে দুর্ধর্ষ তিন সদস্য। একটির কথা তো আগেই বলা হয়েছে—ব্লু-গোল্ড ম্যাকাও। আর দুটির নাম—গ্রিন উইং ও স্কারলেট ম্যাকাও। কণ্ঠ যেমনই হোক, এগুলোর চেহারা-সুরত মনে রাখার মতো, লাল-নীল-হলুদের অকৃপণ উপস্থিতি এগুলোর পালকে পালকে। আর ব্লু-গোল্ড ম্যাকাওটি কেরামতিও জানে বেশ, আধো-আধো উচ্চারণে সে ‘হ্যালো’ও বলতে পারে। লোকজন শুনে তাজ্জব। শুধু তা-ই নয়, সার্কাসের দলে জায়গা হলে এই পাখি বাজিমাত করত নিশ্চিত। এ গেল খাঁচার বাইরের পাখির কথা, যেগুলো কিনা প্রদর্শনীতে ঢোকার মুখেই ছিল। তার পরই শুরু খাঁচার কলোনি!কলোনির প্রথম সারির সবার ওপরের যে খাঁচা, সেটাতে কোনো পাখির নাম লেখা নেই। প্রদর্শনীর লোকজনকে জিজ্ঞেস করেও উত্তর মিলল না। তাই নিজেরাই একটা নাম দিয়ে দিলাম— জবুথবু! জবুথবুই বটে, সেই শুরু থেকে শেষ, পাখিটি কোনো এক কারণে জবুথবু হয়েই বসে রইল! দেখতে অনেকটা টিয়া পাখির মতো; এই পাখির দেশ যে কোথায়, তা জানা গেল না। অবশ্য বিশেষজ্ঞরা বলেন, পাখির কোনো দেশ নেই।দ্বিতীয় খাঁচার বাসিন্দার নাম পিন্যান্ট। অস্ট্রেলিয়ার এই পাখি ভীষণ উদাস। এর দৃষ্টি কেবলই খাঁচার বাইরে আকাশের দিকে। লাল-আকাশি আর নীল রঙের মিশেল এর পুরো শরীরে। নিউজিল্যান্ডের পাখি কাকারিকি। গায়ের রং কুসুম হলুদ। গলায় লাল রঙের একটা ব্যান্ড। বেশ নাদুসনুদুস পাখি দুটো, সারাক্ষণ এগুলোর মুখ চলছেই—এটা খায়, ওটা নেয়। পরের সারির বাসিন্দার নাম রেইনবো লরি। অনেক দিন রংধনু না দেখলে এই পাখি সেই সাধ পুষিয়ে দিতে পারবে কোনো সন্দেহ নেই। নামের সঙ্গে গায়ের রঙের পুরোপুরি মিল। অস্ট্রেলিয়ার এই পাখি কেবল দেখতেই বাহারি নয়, ছলাকলাও জানে বেশ! এই হয়তো নরম সুরে ডাকছে, এই আবার গর্জন করছে ঠিক বাঘের মতো! ভীষণ অস্থিরও বটে।অস্ট্রেলিয়ার আরেক পাখির নাম রক পাবলার। কালো লেজ, গায়ের রং হলুদ, মাথাটা সবুজাভ। ভীষণ গোমড়ামুখো। পরের খাঁচায় দেখা গেল হালকা গোলাপি রঙের একজোড়া ছোট্ট আদুরে পাখি। এগুলোও অস্ট্রেলিয়ার, নাম বুরকিস প্যারাকিট। দুটি পাখিই দারুণ রূপসচেতন, নিজেদের প্রসাধনেই এরা ব্যস্ত ভীষণ। দক্ষিণ আমেরিকার জঙ্গলের বাসিন্দা হ্যানস ম্যাকাও আমাদের দেশি টিয়ার মতোই। আকারও একই রকম, তবে একবার চিল্লাফাল্লা শুরু করলেই হয়েছে, অজ্ঞানও জ্ঞান ফিরে পেতে বাধ্য! চূড়ান্ত কর্কশ।প্রদর্শনীর ছোট পাখিগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর কোনটি? এই প্রশ্নের উত্তরে হয়তো এই পাখি দুটির নাম সবাই সামনে রাখবেন। কোন পাখি দুটি? যে পাখি দুটির খাঁচার সামনে কোনো নাম-ঠিকানা ছিল না! নাম না বলতে পারলেও তাদের গায়ের রং বলতে পারি, মেঘমুক্ত মধ্যদুপুরের আকাশের রং! ঠোঁট গোলাপি। কালো মাথা। চোখে চশমার মতো সাদা বৃত্ত। খাঁচার ভেতর এগুলোর জন্য একটা হাঁড়ির ঘর বানিয়ে দেওয়া হয়েছে। সারাক্ষণ পাখি দুটি গায়ে গা লাগিয়ে বসে থাকে। দেখেই বোঝা যায়, এরা সুখী দম্পতি!ইস্টার্ন রোজেলা নামের এক জোড়া পাখি ছিল সেখানে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এদের বাস। পয়লা দর্শনেই দর্শক ভাববেন, এই পাখিগুলোর পালকে খানিক আগে জলরং ছিটিয়ে দেওয়া হয়েছে। নিউগিনির পাখি ব্ল্যাক ক্যাপড লরি। ভীষণ আমুদে। এই পাখির নাচ দেখে সাম্বা নৃত্যের কথা মনে পড়ে। কণ্ঠও বেশ সুরেলা। ঝগড়াটে পাখির খেতাব দিলে সান কনার পাখিটিই সেরা হবে। এই পাখিগুলো যে ব্রাজিলের, তা ওদের গায়ের রং দেখেই বোঝা যায়। ব্রাজিলের পতাকার রঙের এই পাখিও বেশ আমুদে। আরেকটা পাখির কোনো নাম-ঠিকানা ছিল না, প্রদর্শনী-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এর নাম ব্লু প্যারোট। ব্লু প্যারোটের গায়ের রং আকাশি। এই পাখিকে আমরা দুষ্টুর শিরোমণি খেতাব দিয়ে এসেছি! কেন? খাঁচার সামনে যেতেই এই পাখি নিপুণ হাতে (পড়ুন পায়ে) খাবার পানির পাত্রটি উল্টে দিল! ঠিক নাক ছুঁয়ে পানি গড়িয়ে পড়ল আমাদের সামনে! একটু হলে ‘পক্ষী কর্তৃক স্নাত’ জাতীয় সংবাদ হয়ে যেত আরকি! আরেকটা পাখি কথা না বললেও এর নামটা বলতেই হয়, চ্যাটারিং লরি। উত্তর মুলুকাস দ্বীপের এই পাখি নাকি বেজায় বাচাল, নাম দেখেই অবশ্য আন্দাজ করা যায়। তবে পাখিটি সেদিন গম্ভীর দিন কাটাল। বাইরে বৃষ্টি ছিল বলেই অমন ভাবগাম্ভীর্য কি না, বোঝা গেল না! তবে গাম্ভীর্যের মহা প্রদর্শনী ছিল আবদুল ওয়াদুদের তিনতলা বাড়িটির উত্তর দিকের ছাদে। সেখানে ভীষণ উত্তেজনা বিরাজমান। এক জোড়া ব্লু-গোল্ড ম্যাকাওয়ের বসত সেখানে। মাস কতক আগে এই দম্পতি বাচ্চা দিয়েছে। তাই এখন এরা ভীষণ গম্ভীর ও আক্রমণাত্মক! এবং এরাই প্রদর্শনীর সবচেয়ে দামি পাখি। দাম ৪০ লাখ টাকা।ফিরে আসার সময় কথা হলো প্রদর্শনীর আয়োজক আবদুল ওয়াদুদের সঙ্গে। বললেন, ‘দেশি পাখি পোষা অন্যায়। তাই আমি বিদেশি পাখিই পুষি। এই পাখিগুলো দেখলে মন ভালো হয়। দর্শকও নিশ্চয়ই আনন্দ পাবেন, এই চিন্তা থেকেই প্রদর্শনীর আয়োজন করেছি।’ প্রদর্শনীতে এসেছিল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের প্রথম শ্রেণীতে পড়ুয়া আলফি। ছোট্ট এই দর্শক বলল, ‘পাখি দেখে আমার খুব ভালো লেগেছে!’