খাঁচার ভেতর ধুঁকছে প্রাণ
অযত্ন-অবহেলায় বন্দরনগরের একমাত্র চিড়িয়াখানাটি এখন নিজেই রুগ্ণ। সৌন্দর্য হারাচ্ছে দিন দিন। কমছে দর্শনার্থী। নতুন কোনো প্রাণী সংযোজন হয়নি, বরং গত চার বছরে মারা গেছে ১৫ প্রাণী। এই নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন মোহাম্মদ রফিকঅবকাঠামোগত সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ ও যথাযথ তত্ত্বাবধানের অভাবে দিন দিন শ্রীহীন হয়ে পড়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। লালনপালনে অযত্ন-অবহেলার কারণে অনেক প্রাণী রুগ্ণ ও চলৎশক্তিহীন হয়ে পড়েছে। প্রাণীবৈচিত্র না থাকায় দর্শণার্থী আশানুরূপ বাড়ছে না। যাঁরা আসেন তাঁরাও ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, চিড়িয়াখানাটি একসময় ছিল লাভজনক প্রতিষ্ঠান। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এটি দিন দিন প্রাণীশূন্য হচ্ছে। এতে দর্শনার্থীরা প্রায় সময় ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। চিড়িয়াখানাটির উন্নয়নে সরকার এখনই নজর না দিলে এটি কাগুজে প্রতিষ্ঠানে পরিণত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি চলছে নিজস্ব আয় দিয়ে।প্রাণী আছে ৬৭ প্রজাতিরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিড়িয়াখানায় বর্তমানে ৬৭ প্রজাতির ৩৭৫টি প্রাণী রয়েছে। এর মধ্যে একটি বাঘ, দুটি সিংহী, দুটি ভালুক, ছয়টি মায়া হরিণ, একটি প্যারা হরিণ, একটি ইমু, একটি মেছো বাঘ, দুটি মেছো বিড়াল, দুটি শৃগাল, চারটি সজারু, চারটি ধনেশ পাখি, দুটি অজগর উল্লেখযোগ্য। এ ছাড়া রয়েছে, তিতির, ভারতীয় ময়ূর, ভুবনচিল, শঙ্খচিল, নিশিবক, ওয়াক, সাদাবক, কানাবক, পানকৌড়ি, মদনটাক, ইগল, টিয়া, ময়না, কোকিল, তিলাঘুঘু, গ্রিফন শকুন, বৃহৎ টিয়া, কুমির, বানর ইত্যাদি। চার বছরে মারা গেছে ১৫ প্রাণীসামান্য কিছু প্রাণী নিয়ে নগরের ফয়’স লেকের পাশে ছয় একর জায়গায় ১৯৮৯ সালে যাত্রা শুরু হয় চট্টগ্রাম চিড়িয়াখানার। বর্তমানে এখানে ৬৭ প্রজাতির ৩৭৫টি পাখি ও প্রাণী রয়েছে । সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত চার বছরে একটি বাঘ, একটি সিংহ, আটটি হরিণসহ ১৫টি প্রাণী মারা গেছে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওই সময়ে একটি বাঘ, একটি সিংহ ও একটি হরিণ মারা যাওয়ার কথা স্বীকার করে। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মো. মনজুর মোরশেদ বলেন, ‘দুই বছর আগে এই চিড়িয়াখানায় ৪২ প্রজাতির পাখি ও প্রাণী ছিল। বর্তমানে আছে ৬৭ প্রজাতির। তবে আমরা এই মুহূর্তে সংখ্যা বা প্রজাতি কোনোটাই বাড়াতে চাই না। চিড়িয়াখানার উন্নয়নকাজ শেষ করেই প্রজাতি ও সংখ্যা বাড়ানো হবে।’ একা আছে চন্দ্র ২০০৯ সালে মারা গেছে সঙ্গী পূর্ণিমা। সেই থেকে বড় একা হয়ে পড়েছে চন্দ্র। বর্তমানে চন্দ্রের বয়স ১৮ বছর। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে চন্দ্র। সঙ্গী না থাকায় নতুন কোনো বাচ্চার জন্ম দিতে পারছে না চন্দ্র। ডেপুটি কিউরেটর বলেন,‘ চন্দ্র মারা গেলে বাঘশূন্য হয়ে পড়বে চট্টগ্রাম চিড়িয়াখানা। এ ব্যাপারে চিড়িয়াখানা উন্নয়ন কমিটির সভাপতি আনিসুর রহমান মিয়া বলেন, ‘এ মুহূর্তে আমরা অন্তত একটি বাঘ সংগ্রহের চেষ্টা করছি।’ অরক্ষিত চিড়িয়াখানাচিড়িয়াখানার পূর্ব-দক্ষিণ পাশ রক্ষিত হলেও পশ্চিম ও উত্তর পাশ অরক্ষিত। ১২ নভেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় অর্ধশতাধিক দর্শনার্থী ঘুরে ঘুরে চিড়িয়াখানার বিভিন্ন প্রাণী দেখছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিম পাশের বস্তির ৮-১০ কিশোর। দিলদার আলী (১৪) নামের একজন কিশোর বলে, ‘আমি প্রায় দিন কাঁটাতারের বেড়া দিয়ে চিড়িয়াখানায় ঢুকি। এখানের পশুপাখি দেখলে ভালো লাগে।’ ফটিকছড়ির ধুরুং এলাকা থেকে স্বপরিবারে প্রথমবারের মতো চিড়িয়াখানায় এসেছেন আদিল মোস্তাফা। অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘মনে করছিলাম, অনেক কিছুই আছে এ চিড়িয়াখানায়। এখানে খাঁচা আছে ঠিকই কিন্তু খাঁচাভরা প্রাণী নেই।’ পরিবার নিয়ে নগরের হালিশহর থেকে আসা দর্শনার্থী ইমরুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চিড়িয়াখানার অভ্যন্তরীণ সড়কগুলো দেখে মনে হচ্ছে অজপাড়া-গাঁ। সব জায়গায় ময়লা আর্বজনায় ভরা।’সরেজমিন চিড়িয়াখানাচিড়িয়াখানায় খাঁচা বা শেড রয়েছে ৩৭টি। এসব শেড মরচে ধরে বিবর্ণ হয়ে গেছে। খাঁচার ভেতর ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। প্রাণীর খাবারের চৌবাচ্চাগুলোয় নোংরা পানি। অভ্যন্তরীণ সড়কগুলোর ইট-সুরকি উঠে গেছে। চিড়িয়াখানার উত্তর পাশে পাখির দুটি খাঁচায় দেখা যায় একাধিক প্রজাতির পাখি। এক খাঁচাতেই দেখা মিলল ভূবনচিল-শঙ্খচিল-মদনটাক-ঈগল। অন্য একটিতে রয়েছে নিশি বক-ওয়াক-পানকৌড়ি-সাদা বক-কানা বক ইত্যাদি।চিড়িয়াখানার দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠা হওয়ার পর থেকেবৈচিত্র্যময় নানা প্রজাতির পশুপাখি তথা প্রাণীতে সমৃদ্ধ চিড়িয়াখানার জৌলুশ বাড়াতে চট্টগ্রামের নেতারা আন্তরিক উদ্যোগ নেননি। ফলে দিন দিন এটি শ্রীহীন হয়ে পড়ছে। এটিকে সমৃদ্ধ করতে হলে পাঁচ-ছয় কোটি টাকা দরকার। কিন্তু সরকারের কাছ থেকে কোনো বরাদ্দ পাওয়া যায়নি।২৫ লাখ টাকার উন্নয়নকাজ হচ্ছেচিড়িয়াখানা উন্নয়ন কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আনিসুর রহমান মিয়া জানিয়েছেন, চিড়িয়াখানার অবকাঠামোগত সমস্যা নিরসনের লক্ষ্যে ২৫ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় একটি শিশু কর্নার করা হবে। এতে শিশুদের জন্য কিছু রাইডের ব্যবস্থা থাকবে। এ ছাড়া পাহাড়ে ওঠা-নামার সিঁড়ি নির্মাণ, চিড়িয়াখানার কাঁটাতারের বেড়া মেরামত, অভ্যন্তরীণ সড়ক সংস্কার, গভীর নলকূপ স্থাপন, ফুলের বাগান তৈরি এবং ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়ন করা হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। এই হিসেবে চিড়িয়াখানাকে আরও সমৃদ্ধ করা দরকার। এ জন্য বড় অঙ্কের টাকা প্রয়োজন। নিজস্ব আয় থেকে যতটুকু সম্ভব আমরা করে থাকি।’সংশ্লিষ্ট সূত্র জানায়, চিড়িয়াখানায় প্রবেশমূল্য (জনপ্রতি) ১৫ টাকা। প্রতিদিন গড়ে চিড়িয়াখানা দেখতে আসে এক হাজার ৭০০ দর্শনার্থী। সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীর ভিড় বাড়ে। গত শুক্রবার দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার।প্রতি মাসে প্রবেশমূল্য খাতে চিড়িয়াখানা আয় করে সাড়ে ছয় লাখ টাকা। একজন ডেপুটি কিউরেটরসহ এখানে কর্মচারী আছেন ১৭ জন। প্রতি মাসে প্রাণী-পাখির খাবার, রক্ষণাবেক্ষণ ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ওই টাকা প্রায় খরচ হয়ে যায়। তবে বিভিন্ন দিবস উপলক্ষে অতিরিক্ত দর্শনার্থী হলে আয়ও কিছুটা বাড়ে।