খাঁচায় মুক্তি ছাটিয়াল পাড়ার দারিদ্র্য

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ও আমিরাবাদ ইউনিয়নের প্রান্তসীমায় ছাটিয়ালপাড়া গ্রামের দুই শতাধিক পরিবারে সচ্ছলতা এনেছে বাঁশ ও বেতের খাঁচা। শত বছর ধরে এ গ্রামের মানুষ খাঁচাসহ অন্য জিনিসপত্র বানিয়ে জীবিকা নির্বাহ করছেন। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এখানকার তৈরি খাঁচার চাহিদা রয়েছে। ছাটিয়ালপাড়া গ্রামের বাসিন্দারা বংশপরম্পরায় এই পেশা ধরে রেখেছেন। প্রতিটি পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যরাও খাঁচা তৈরিতে হাত লাগান। সম্প্রতি এই গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়ির সামনে চলছে খাঁচা তৈরির কাজ। বাঁশের পাতলা বেতি স্তূপ করে রাখছেন একদল নারী-পুরুষ। আরেক দল বেতি দিয়ে বুনছেন ঝুড়ি ও খাঁচা।
গ্রামের লোকজন জানান, একসময় উপজেলার ডলু ও কৃষ্ণ খালের তীরে প্রচুর বাঁশ ও বেত জন্মাত। এ ছাড়া আশপাশের বনেও প্রচুর বাঁশ পাওয়া যেত। এ কারণে গ্রামের লোকজন বাঁশ-বেতের খাঁচা ও ঝুড়ি বানানো শুরু করেন। তবে এখন বাঁশ-বেত কমে যাওয়ায় কাঁচামালের সংকট দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় সরকারের কাছে সহজ শর্তে ও মাসিক কিস্তিতে ঋণসুবিধা দাবি করেছেন কারিগরেরা।
সাত-আট বছর বয়স থেকে খাঁচা তৈরি করছেন মাহমুদুর রহমান (৬৫)। এখন পরিবারের সব সদস্য খাঁচা বানান। তিনি বলেন, ‘একেকটি খাঁচা ৪০-৫০ টাকায় বিক্রি করি। খাঁচা বানিয়ে সংসার চালাচ্ছি। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাচ্ছি। মেয়েদের বিয়েও দিয়েছি।’
গ্রামের আরেক বাসিন্দা জান্নাতুল আয়েশা (৪০) জানান, প্রতিদিন গড়ে ১৫টি খাঁচা তৈরি করেন তিনি। বর্তমানে তাঁর চার ছেলেমেয়ে লেখাপড়া করছে। মাসিক আয় সাত-আট হাজার টাকা। খাঁচা বানিয়ে পাকা ঘরও তৈরি করেছেন তিনি।
স্থানীয় পাইকারি ব্যবসায়ী আবদুল সালাম জানান, ছাটিয়ালপাড়ার তৈরি খাঁচাগুলো প্রথমে স্থানীয় পাইকারেরা কিনে নেন। পরবর্তী সময়ে সেগুলো চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুমিল্লা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। গ্রাম থেকে প্রতি সপ্তাহে সাত শ থেকে এক হাজার খাঁচা কেনেন বলে তিনি জানান।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিজাম উদ্দিন বলেন, শত বছরের ঐতিহ্য এ কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহযোগিতা। কারণ, কিছু মানুষ দাদনের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান জানান, ছাটিয়ালপাড়া পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ–আলোচনার ভিত্তিতে সরকারিভাবে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।