খাঁটি তৈল দিবস
মুখের ত্বক সুন্দর রাখতে নাকি তেলজাতীয় ও ভাজাপোড়া খাবার এড়ানোর বিকল্প নেই। তার ওপর আমি আবার গ্যাস্ট্রিকের রোগী। তাই বাসায় তেলের খাবারের ওপর একেবারে কারফিউ জারি হয়ে গেল। মা পইপই করে বলে দিলেন তেলজাতীয় খাবার থেকে শত হস্ত দূরে থাকতে এবং সেটা নাকি শুরু করতে হবে কাল থেকেই। কথাটা আমার খানিকটা মনেও ধরে গেল, দেখিই না চেষ্টা করে! বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন বয় মন্টু মিয়ার সঙ্গে আমার দারুণ সখ্য। আমি আবার একটু ভোজনরসিক কিনা! প্রতিদিনের স্পেশাল আইটেমের নাম আমাকে জানানোর কাজটা মন্টু মিয়া খুব নিষ্ঠার সঙ্গেই করে থাকে। আজ ক্যান্টিনে ঢুকতেই মন্টু গরগর করে বলতে লাগল, ‘আজ তেলে ভাজা পরোটা, দুই রকমের ভাজি, ডুবোতেলে ভাজা চপ, সরিষার তেলে ভাজা পাকোড়া....।’ আমি হাত তুলে বললাম, ‘মন্টে, আমার কানটাই তেলতেলে হয়ে গেছে। তেল ছাড়া কিছু থাকলে দে।’ ভূতের মুখে রাম নাম শুনছে এমন দৃষ্টি নিয়ে মন্টু আমার দিকে তাকাল। ক্যান্টিন থেকে বেরোতেই তানিয়া বলল, ‘দোস্ত, আমার স্কিন আর হেয়ারটা কেমন অয়েলি অয়েলি হয়ে গেছে, কী করা যায় বল তো?’ কোনোমতে তার হাত থেকে ছাড়া পেয়ে ‘আড্ডার’ দিকে এগোলাম। এখানে খানিকক্ষণ ‘তেলফ্রি’ অবস্থায় থাকা যাবে। কিন্তু আমাকে দেখে বন্ধু তারেক বলল, ‘দোস্ত, মারাত্মক কাহিনি, আজ সুজা স্যারকে যে তেলটা দিলাম না, স্যার তো খুশিতে আটখান! দেখিস, পরের সেমিস্টারে আমিই হায়েস্ট।’ আমি কোনোমতে বললাম, ‘বন্ধু, শরীরটা ভালো লাগছে না, মাথাটা কেমন ঘুরছে, বাসায় যাচ্ছি।’ রাস্তায় প্রচণ্ড জ্যাম, আর এর মধ্যে একের পর এক হকার কদুর তেল, তিসির তেল ইত্যাদি বিক্রির চেষ্টা চালাচ্ছে। এক হকার শিশি ভর্তি বিদঘুটে একটা জিনিস আমার দিকে বাড়িয়ে ধরে বলল, ‘ভালো জোঁকের তেল, খাঁটি জিনিস পাবেন, হাদিয়া মাত্র ১০ টাকা, দেব এক শিশি?’ আমি তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালাম। লোকটা কেটে পড়ল। কী একটা তেলতেলে দিন গেল! যা-ই হোক, বাসায় ফিরে ঘুম দেব। তবে, অবশ্যই নাকে তেল দিয়ে নয়। ঘরে ঢুকতেই ছোট বোন বলল, ‘আপু, রস+আলোর পাঠকসংখ্যার জন্য লেখা চেয়েছে, দেবে নাকি?’ আমি আগ্রহ নিয়ে বললাম, ‘বাহ, কী বিষয় দিয়েছে এবার?’ ‘তেল’, উত্তর এল। নাজিয়া তাবাস্সুমঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।