
নীল জলের শীতল পরশ। হাতে জিহ্বা পোড়ার মতো গরম কাবাব। খেতে খেতেই জমে উঠবে সন্ধ্যার আড্ডা। আড্ডার পাশাপাশি খাবারের এই স্বাদ নিতে চলে আসতে পারেন হোটেল ওয়েস্টিনে। নিচতলা থেকে লিফটের পাঁচ নম্বর বোতামটা চেপেই পৌঁছে যাবেন সোজা স্প্ল্যাশ রেস্তোরাঁয়।
১৬ জানুয়ারি এক অনুষ্ঠানে এই রেস্তোরাঁর নানা আয়োজন সম্পর্কে জানায় হোটেল ওয়েস্টিন কর্তৃপক্ষ।
মাছ, মুরগি বা গরুর নানা পদের কাবাব, তন্দুরি, শর্মা, মালয়েশিয়ান পিঠা খেতে পাওয়া যাবে এখানে। আছে মাংস আর সামুদ্রিক মাছের বারবিকিউ।
নীল জলে ঘেরা সুইমিংপুলকে সামনে নিয়েই বসতে পারেন চেয়ার টেনে। খাবার খেতে খেতেই সরাসরি দেশি-বিদেশি গান উপভোগ করা যাবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রতি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার এখানে হকার্স নাইটে গান, খাওয়া আর খোশগল্পে মেতে ওঠার সুযোগ থাকবে। সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই হকার্স নাইট। এ ছাড়া সপ্তাহের প্রতিদিনই এখানে খাওয়ার সুযোগ রয়েছে।
চাইলে আগেই টেবিল বুক করে রাখতে পারেন ৯৮৯১৯৮৮ নম্বরে ফোন করে।