খাওয়ার অনুপযোগী রং ও ঘনচিনি দিয়ে আইসক্রিম

একটি ১৫ বাই ২০ ফুটের সেমি পাকা ঘর। দেয়ালে নেই পলেস্তারা। কক্ষের এক পাশে সারি সারি পিপে ও নানা সরঞ্জাম স্তূপ করে রাখা হচ্ছে। এক পাশে বড় শীতলীকরণ যন্ত্রে তৈরি হচ্ছে আইসক্রিম। কোনোটা লেমন, কোনোটা অরেঞ্জ, কোনোটা বা চকবার। কিন্তু কী দিয়ে তৈরি হচ্ছে লোভনীয় এসব আইসক্রিম?
কক্ষে রাখা পিপের ঢাকনা খুলতেই সেটা বোঝা গেল। খাওয়ার অনুপযোগী রং, ট্যাপের পানি আর স্যাকারিনে ভর্তি সেসব। অন্য একটি কক্ষে রাখা ফ্রিজ খুলতে বেরিয়ে এল ঘনচিনির কৌটা আর কারখানায় ব্যবহার হয় এমন নানা ধরনের রঙের গুঁড়ো।
নগরের বহদ্দারহাটে অবস্থিত আইসক্রিম তৈরির এই কারখানার নাম সুমাইয়া আইস বার। কারখানার মালিক ফাইজুল আগে আইসক্রিম বিক্রি করতেন। আর এখন তিনি আইসক্রিম কারখানার মালিক। বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৯ মার্চ কারখানাটি সিলগালা করে দেন।

গরমকাল আসার সঙ্গে সঙ্গে বেড়েছে আইসক্রিমের কদর। আর এই সুযোগে একশ্রেণির মৌসুমি ব্যবসায়ী নিম্ন মানের আইসক্রিম তৈরি এবং বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছেন। নগরের বিভিন্ন স্থানে এই ধরনের প্রায় শতাধিক আইসক্রিম কারখানা বর্তমানে চালু রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা গেছে, নিম্ন মানের আইসক্রিম বানানোর জন্য ঘনচিনি, স্যাকারিন, খাওয়ার অনুপযোগী রং, অ্যারারুট, রাসায়নিক ও ট্যাপের পানি ব্যবহার করা হচ্ছে। ভাড়া বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে স্থাপন করা হয়েছে করখানা। এসব কারখানার নেই প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র। কম দামি এসব আইসক্রিমের গ্রাহক স্কুল-কলেজের শিক্ষার্থী ও নিম্ন আয়ের লোকজন।
এই ধরনের আইসক্রিম স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে চিকিৎসকদের অভিমত। জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, যেসব উপাদান এসব আইসক্রিমে ব্যবহার করা হয় তা শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশুদের অস্থিমজ্জার ক্ষতি হতে পারে। এ থেকে ব্লাড ক্যানসারসহ নানা ধরনের রোগ হতে পারে। দীর্ঘ মেয়াদে মানুষের কিডনি ও লিভারের ক্ষতি হবে। এ ছাড়া শিশুদের মানসিক বিকাশে এ ধরনের রাসায়নিকের আইসক্রিম ক্ষতিকর।
সম্প্রতি নগরের সদরঘাট থানাধীন ডিটি রোড এলাকায় হ্যাপি আইস বার নামে একটি কারখানা সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। মো. শফিকুল হক এই কারখানার মালিক। তিনি বরিশাল থেকে কিছুদিন আগে এসে আইসক্রিম বানানো শুরু করেন। অভিযানকালে মো. শফিকুল হক আদালতকে বলেন, ‘প্রতিবছর গরমের সময় চট্টগ্রাম এসে আইসক্রিম তৈরি করি।’
অনুসন্ধানে জানা গেছে, দুই ধরনের লোক এই ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের একটি শ্রেণি আগে নিজেরা ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন। এখন বিক্রি বাদ দিয়ে নিজেই একটি কক্ষ ভাড়া নিয়ে আইসক্রিম তৈরির কাজে লেগে পড়েছেন। অন্য শ্রেণিটি স্থায়ীভাবে এই আইসক্রিম বিক্রির সঙ্গে জড়িত। তবে শীতকালে ওই ব্যবসা বন্ধ রাখে তারা। গরম এলে তারা আবার আইসক্রিম তৈরিতে সক্রিয় হয়।
জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন বলেন, ‘আমাদের কাছে নগরের বিভিন্ন স্থান থেকে আইসক্রিমের বিষয়ে অভিযোগ এসেছে। এই হিসাবে নগরে শতাধিক নিম্ন মানের আইসক্রিম কারখানা রয়েছে। আমরা পর্যায়ক্রমে অভিযান চালাচ্ছি। এসব আইসক্রিমে নিষিদ্ধ ঘনচিনি, স্যাকারিন, খাওয়ার অনুপযোগী রংসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়।’
নগরের চান্দগাঁও, সদরঘাট, পাহাড়তলী, হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় ছোট ঘর ভাড়া নিয়ে এসব আইসক্রিম কারখানা গড়ে উঠেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
আইসক্রিম কারখানা স্থাপন করতে হলে সিটি করপোরেশন, বিএসটিআইসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন ও ছাড়পত্র লাগে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। কিন্তু এসব কারখানার কোনোটিরই বৈধ কাগজপত্র নেই। চলতি মাসে নগরের বিভিন্ন স্থানে ছয়টি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে কোনোটিতেই কাগজ পাওয়া যায়নি বলে জানান রুহুল আমীন। এসব কারখানায় কোনো রসায়নবিদও পাওয়া যায়নি। ইচ্ছেমতো রং ও রাসায়নিক মিশিয়ে আইসক্রিম বানাচ্ছেন শ্রমিকেরাই।
জানতে চাইলে বিএসটিআইয়ের উপপরিচালক শওকত ওসমান প্রথম আলোকে বলেন, ‘যেসব প্রতিষ্ঠান নিম্ন মানের আইসক্রিম বানায়, তারা আইস বার নামে ব্যবসা চালাচ্ছে। আইস বার লিখলে আমাদের লাইসেন্স নিতে হয় না। তবে তারা যদি মোড়কে আইসক্রিম লেখে তাহলে আমরা মামলা দিতে পারব।’