কোন দিকের গ্লাসটি আমার? চামচ ধরা কি ঠিক হচ্ছে? রেস্টুরেন্টে ও দাওয়াতে এ ধরনের প্রশ্নগুলো প্রায়ই খাওয়ার টেবিলে বিরক্ত করে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন—ইংরেজি এ বাক্যের গুরুত্ব কতখানি, সেটা সবাই জানে। চাকরির সাক্ষাৎকারে, স্কুলে অথবা নতুন বন্ধুদের সামনে কথাটির মান রাখার চেষ্টা করা হয়। কিন্তু খাওয়ার টেবিলে বিষয়টি অনেকেরই মাথায় থাকে না। সঠিকভাবে খাওয়ার মধ্য দিয়ে আপনার রুচি প্রকাশিত হয়। যুক্তরাস্ট্রের ভার্জিনিয়াটেক পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র এক্সিকিউটিভ শেফ নাজিম খান জানালেন খাওয়ার টেবিলের খুঁটিনাটি আবদকায়দা। তিনি শিক্ষক ডট কমে রান্নাবিষয়ক বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দিয়ে আসছেন।খাওয়া শুরুযখন থেকে আপনি ন্যাপকিনটি খুলবেন, তখন থেকেই খাওয়ার পালা শুরু। খাওয়ার টেবিল মোবাইল, ল্যাপটপসহ সব রকম প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন করুন। নাজিম খান বলেন, ঝাঁকি দিয়ে না খুলে আস্তে করে ন্যাপকিনটি খুলতে হবে। খাওয়ার সময় সেটি আপনার কোলের ওপর থাকবে। নিজের ন্যাপকিন এ সময় ব্যবহার না করাই ভালো।উফ্, এত শব্দ!শব্দ করে খাওয়া একধরনের অভদ্রতা। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু পাশের জনের খাওয়ার ইচ্ছাটা চলে গেছে আপনার শব্দের কারণে। খাবার মুখে দিয়ে কথা বলাও একদম মানা। মুখের খাবার শেষ করে কথা বলুন। খাবার ধীরে ধীরে চিবিয়ে খেলে শব্দ কম হবে, দেখতেও খারাপ লাগবে না।চামচের যুদ্ধমার্কিন ও ইউরোপিয় স্টাইল অনুযায়ী ছুরি ডান হাতে এবং কাঁটাচামচ বাঁ হাতে থাকবে। আমেরিকান রীতি অনুযায়ী খাবারকে ছোট ছোট টুকরো করে ছুরি নামিয়ে রাখতে হবে। এরপর কাঁটাচামচ ডান হাতে নিয়ে খেতে হবে। কিন্তু ব্রিটিশ নিয়ম অনুযায়ী বাঁ হাত দিয়ে খাওয়া হয় এবং ডান হাত দিয়ে কাটা হয়। পানীয় হাতে তুলে নেওয়ার সময় ছুরি ও চামচ নামিয়ে রাখতে হবে।নাজিম খান জানালেন আরও কিছু নিয়ম— মুঠোফোন ও ব্যাগ কখনোই টেবিলের ওপর রাখবেন না। খাওয়ার সময় কোনো হাতই টেবিলের ওপর রাখার নিয়ম নেই। অনেকে কনুই টেবিলের ওপর রাখেন; এটি দেখতে ভালো লাগে না। পরিবেশন করুন বাঁ দিক দিয়ে। খাওয়া শেষে প্লেট উঠিয়ে নিতে হবে ডান দিক দিয়ে। আপনার ডান দিকের গ্লাসটি তুলে নেবেন সব সময়। খাওয়ার টেবিলে সব সময় বাঁ দিক দিয়ে খাবারের ডিশ এগিয়ে দেবেন। স্যুপ খাওয়ার সময় ফুঁ দেবেন না। পুরো চামচ মুখে পুরে দেওয়া যাবে না। চামচের অল্প কিছু অংশ দিয়ে খেতে হবে। হাঁচি এলে দোকানের ন্যাপকিন ব্যবহার করবেন না। বাঁ কনুই অথবা হাত দিয়ে মুখ ঢেকে হাঁচি দিন। এ ছাড়া আপনার ন্যাপকিন ব্যবহার করতে পারেন। গ্লাসের নিচের অংশ ধরবেন। যিনি পরিবেশন করছেন, তাঁর সঙ্গে ভদ্র ব্যবহার করবেন। পরিবেশন করার পর ধন্যবাদ জানাতে ভুলবেন না। খাবার শেষে কাঁটাচামচ ও ছুরি আড়াআড়ি করে প্লেটের ওপর রাখুন। খাবার শেষে ন্যাপকিন ফোল্ড করে বাঁ দিকে রাখতে হবে; চেয়ারের ওপর রেখে আসা যাবে না।