কক্সবাজারের মহেশখালী উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে খাওয়ার পানির ব্যবস্থা নেই। বিদ্যালয়ে তিনটি নলকূপ থাকলেও একটি অনেক দিন ধরে নষ্ট। বাকি দুটিতে উঠছে পানের অনুপযোগী আয়রনযুক্ত পানি। ফলে খাওয়ার পানি নিয়ে কষ্ট পাচ্ছে শিক্ষার্থীরা।বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন শ। শিক্ষার্থীদের খাওয়ার পানির জন্য ২০১১ সালে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনটি নলকূপ স্থাপন করা হয়। কিন্তু বছর না যেতেই একটি অকেজো হয়ে যায়। বাকি দুটির পানিতে ছয় মাস ধরে আয়রনের মাত্রা এত বেশি বেড়েছে, যা পানের অনুপযোগী।শিক্ষার্থীরা জানায়, তাদের পাঠদান চলে সকাল ১০টা থেকে বেলা চারটা পর্যন্ত। বাড়ি থেকে বোতলে করে খাওয়ার পানি নিয়ে আসে তারা; যার পরিমাণ খুবই অল্প। দুপুরের আগেই এসব পানি শেষ হয়ে যায়। এরপর পানির জন্য বিদ্যালয়ের পাশের বাড়িঘরে ধরনা দিতে হয়। এ নিয়ে আশপাশের বাসিন্দারাও অনেক সময় বিরক্ত হন।গত মঙ্গলবার সকালে ওই বিদ্যালয় গিয়ে দেখা যায়, বাড়ি থেকে বিদ্যালয় আসার সময় অধিকাংশ ছাত্রী বইয়ের সঙ্গে হাতে করে একটি বিশুদ্ধ খাবার পানির বোতল আনতে দেখা গেছে। আর বোতলের পানি শেষ হলে তা বাইরে থেকে সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। ওই বিদ্যালয়ের অভিভাবক আবদুল রশিদ বলেন, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে খাওয়ার পানির ব্যবস্থা নেই। এ কারণে আশপাশের মানুষের কাছ থেকে পানি সংগ্রহ করে পান করতে গিয়ে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজেম উদ্দিন বলেন, খাবার পানির সমস্যা দূর করতে গভীর নলকূপ স্থাপনের বিষয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরে অবহিত করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। ফলে বিদ্যালয়ে খাওয়ার পানির সমস্যা লেগেই আছে।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, পানির সমস্যা নিরসনে তিন মাসের মধ্যে ওই বিদ্যালয়ে একটি গভীর নলকূপ স্থাপন করা হবে।