খাগড়াছড়ি শহরে সড়কে ভাঙন, যান চলাচলে ঝুঁকি
খাগড়াছড়ি শহরের তিনটি স্থানে সড়ক ভেঙে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে। এলাকার লোকজন এসব রাস্তা দ্রুত মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।
খাগড়াছড়ির প্রধান ব্যস্ততম সড়ক কলেজ রোডের শান্তিনগর মোড়ের সড়ক, রংই বৌদ্ধবিহারের পেছনে নয়নপুর এলাকার কালভার্টে ও মিলনপুরে ছড়ার পাড় ভেঙে গেছে।
নয়নপুরের বাসিন্দা শ্যামল কান্তি বসু জানান, এই এলাকার কালভার্টে দুটি বড় গর্ত দেখা দিয়েছে। গর্তগুলোর ওপর ঢাকনা দেওয়া জরুরি। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে কালভার্টের ওপর দিয়ে চলাচল করছে।
শহরের মিলনপুর এলাকায় ছড়ার পাড় ভেঙে গিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। ভেঙে যাওয়া পাড়টিও সহজে চোখে পড়ে না। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
খাগড়াছড়ি ট্রাফিক বিভাগের পরিদর্শক অভিজিৎ দেব রায় বলেন, শান্তিনগর মোড়ে রাস্তা দেবে যাওয়ার কারণ অপরিকল্পিতভাবে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ। নির্মাণের আগে ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করা হলে এই ভুল হতো না।
খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস বলেন, শান্তিনগরের ট্রাফিক আইল্যান্ডটি সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে নির্মাণ করা হয়েছে। তবে ট্রাফিক আইল্যােন্ডর কারণে রাস্তার এক পাশে গর্তের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কলেজ রোডটি অতি শিগগির সম্প্রসারণ করা হবে। তখন সবই সংস্কার করা হবে। এ ছাড়া নয়নপুরের কালভার্ট ও মিলনপুর এলাকায় ছড়ার পাড় ভেঙে যাওয়ার বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে রয়েছে।