খাগড়াছড়িতে আদিবাসী কবিদের মিলনমেলা
চাকমা, মারমা, ত্রিপুরাসহ নানা আদিবাসী ভাষার কবিতা নিয়ে সম্প্রতি খাগড়াছড়িতে ‘কবি ও কবিতা: পার্বত্য চট্টগ্রাম’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের অর্ধশতাধিক আদিবাসী কবি।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক সুসময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথো অং মারমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফসার আহমেদ, শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র।
সেমিনারে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার কবিতা নিয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপিত হয়। এসব প্রবন্ধে কবিতার গতিপ্রকৃতি, বিষয় ও আঙ্গিক নিয়ে আলোচনা করা হয়।
‘প্রসঙ্গ চাকমা কবি ও কবিতা’ শিরোনামে চাকমা কবিতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সুগত চাকমা। প্রবন্ধে তিনি বলেন, কবি শিবচরণ চাকমা রচিত গোজেন লামাহ্ হলো চাকমা ভাষার প্রথম গীতিকবিতা। ১৯৪৬ সালে রাঙামাটি থেকে প্রকাশিত রানী বিনীতা রায়–এর সম্পাদনায় গৈরিকা পত্রিকা বের হতো। এতে অনেক চাকমা কবিতা রানী নিজেই বঙ্গানুবাদ করে প্রকাশ করেছেন। সুগত চাকমা আরও জানান, ১৯৭৪ সালে কবি শামসুর রাহমানের কবিতার সঙ্গে চাকমা কবি দীপঙ্কর শ্রীজ্ঞান চাকমার ‘কখনও আনমনে’ কবিতাটিও রুশ ভাষায় অনুবাদ হয়ে প্রকাশিত হয়েছিল।
‘মারমা কবি ও কবিতা শীর্ষক প্রবন্ধে’ চিংলামং চৌধুরী বলেন, বাংলা হরফে সাহিত্য চর্চায় মারমা ভাষার প্রমিত উচ্চারণে বিকৃতি ঘটে। অন্যদিকে বাংলা হরফে কঠিন হয়ে ওঠা মারমা সাহিত্যের বিশুদ্ধ রস আস্বাদনে পাঠককুল ধৈর্য হারায়। এ ছাড়া মারমা ভাষা অঞ্চল ভেদে পার্থক্য থাকায় সাহিত্যের মূল বিষয় উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে মারমা কবি মংক্য শোয়েনু নেভীর কবিতা তিনি উল্লেখ করেন। প্রবন্ধে তিনি মারমা ভাষায় সাহিত্যচর্চার সমস্যা ও সম্ভাবনাগুলোকে চিহ্নিত হরেন।
‘ককবরক কাব্যচর্চার বর্তমান হালচাল’ প্রবন্ধে মথুরা বিকাশ ত্রিপুরা উল্লেখ করেন, ত্রিপুরার সাধু ও বৈষ্ণব সম্প্রদায় বহু দিন থেকে ককবরক ভাষায় কাব্যচর্চা করছেন। তাঁরা আধ্যাত্মিক সংগীত রচনায় এই ভাষা ব্যবহার করেন। পরে কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।