খাগড়াছড়িতে কমলার নতুন জাত!

খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের গবেষকেরা বারি-২ নামের কমলার নতুন জাত উদ্ভাবনের দাবি করেছেন। কেন্দ্রের ১৬টি গাছে এখন শোভা পাচ্ছে এই জাতের কমলা। নতুন এই জাত ইতিমধ্যে জাতীয় বীজ প্রত্যয়নকেন্দ্রের স্বীকৃতিও পেয়েছে। গবেষকেরা বলছেন, পাহাড়ি এলাকায় কমলার এই জাতের ফলন ভালো হবে।
খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে দীঘিনালা উপজেলা সড়কের দিকে আড়াই কিলোমিটার গেলেই পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র। সম্প্রতি এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, বৈজ্ঞানিক কর্মকর্তাদের বাসভবন ঘেঁষে ১৬টি ছোট গাছে ফলেছে কমলা। কেন্দ্রের গবেষকেরা জানান, চীনা জাতের কমলার বীজ পরীক্ষামূলকভাবে ২০০৮ সালে লাগানো হয়েছিল এই কেন্দ্রে। নির্বাচন (সিলেকশন) পদ্ধতির মাধ্যমে পাহাড়ে চাষের উপযোগী জাতটির উদ্ভাবন করেন তাঁরা।
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রউফ প্রথম আলোকে বলেন, পার্বত্য অঞ্চলের আবহাওয়া ও মাটি বারি-২ কমলা চাষের উপযোগী। নতুন জাতটিতে রোগবালাইয়ের আক্রমণ কম হয়। তাই কৃষকেরা চাষ করে লাভবান হতে পারবেন।
নতুন জাতটি সম্পর্কে বলতে গিয়ে আবদুর রউফ জানান, বীজের মাধ্যমে এবং কলম করে এই জাতের কমলার চারা উৎপাদন করা যায়। মাঝারি আকারের ফলটি মিষ্টত্ব প্রায় চীনা কমলার কাছাকাছি। পাকা কমলার মিষ্টত্ব ১৭ থেকে ১৮ টিএস। আর পাকা চীনা কমলার মিষ্টত্ব ১৮ থেকে ১৯ টিএস বলে জানান তিনি।
এই কেন্দ্রের গবেষকেরা জানান, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কমলার চাষ হয়। এর মধ্যে রাঙামাটির সাজেকের কমলার খ্যাতি আছে দেশজুড়ে। গাছ–পাকা সাজেকের কমলা আকারে চায়না কমলার চেয়ে বড় হয়, যার মিষ্টত্ব ১৮ থেকে ১৯ টিএস। নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি সাজেকের কমলা নিয়েও তাঁরা গবেষণা করছেন বলে জানান।
খাগড়াছড়ি হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সুলতানা আফরোজ বলেন, পার্বত্য অঞ্চলের কৃষকদের জন্য বারি-২ কমলার জাতটি বড় পাওয়া। এই জাতের কমলা অনেকের ভাগ্য বদলে দিতে পারে। ইতিমধ্যে কৃষকদের মাঝে চারা বিতরণের কাজও চলছে।
গবেষকেরা জানান, কমলা চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ জরুরি। সাধারণত লাগানোর প্রথম তিন বছর কমলার ফলন তোলা ঠিক নয়। এই সময় ফুল ভেঙে দিতে হয়। সঠিক পরিচর্যা করলে তিন বছর পর ভালো ফলন পাওয়া যায়। তবে কাঁচা অবস্থায় কমলা পাড়লে তা টক থেকে যায়। কমলায় রং ধরলে তখন বাজারজাত করার জন্য গাছ থেকে ছিঁড়তে হবে।