খাগড়াছড়িতে কৃতী শিক্ষার্থীদের সনাকের সংবর্ধনা
প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত খাগড়াছড়ির শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সচেতন নাগরিক কমিটি। ৫ আগস্ট শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ির সভাপতি সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির ৭৬ জন, অষ্টম শ্রেণির ৪৬ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও অভিনন্দনপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ছয়জনকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সনাক সদস্য বোধিসত্ত দেওয়ান, শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান যতীন্দ্র লাল ত্রিপুরা।