খাগড়াছড়িতে ত্রিপিটক পাবলিশিং সোসাইটির সম্মেলন
খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর গ্রামে গত শুক্রবার দিনব্যাপী ত্রিপিটক পাবলিশিং সোসাইটির বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ত্রিপিটক পাবলিশিং সোসাইটির সদস্য ও পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধভিক্ষুরাও অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ত্রিপিটক পাবলিশিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সভাপতি মধুমঙ্গল চাকমা। তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন।
এরপর ধর্মীয় আলোচনায় অংশ নেন রাঙামাটি জেলার রাজবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ও ত্রিপিটক সম্পাদনা পরিষদের আহ্বায়ক শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির। তিনি বলেন, এ পর্যন্ত ত্রিপিটকের পাঁচটি বই প্রকাশ করা হয়েছে, যার মধ্যে চারটি বই প্রথমবারের মতো পালি ভাষা থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ ছাড়া উপস্থিত ছিলেন সৌরজগৎ মহাস্থবির, শাসন রক্ষিত মহাস্থবির, করুণা বংশ স্থবির, সুধিন কুমার চাকমা প্রমুখ।