খাগড়াছড়িতে নেতাদের সঙ্গে তৃণমূলের বিরোধ
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সাধারণ নেতা-কর্মীদের বিরোধ চরমে উঠেছে। সম্প্রতি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তৃণমূল নেতা-কর্মীদের দীর্ঘদিনের চাপা ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এ নিয়ে জেলা নেতাদের সমর্থকদের কয়েক দফা হামলার শিকার নেতা-কর্মীরা আরও হামলার আশঙ্কায় বর্তমানে এলাকাছাড়া।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা নেতাদের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, তৃণমূল নেতা-কর্মীদের প্রতি অবহেলা, না-পাওয়ার বেদনাসহ নানা কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ক্ষোভ জমেছে দীর্ঘদিন ধরে। ৬ সেপ্টেম্বর কর্মিসভা উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের খাগড়াছড়ি সফরের কর্মসূচি ঘোষণার পর এ বিরোধ চাঙা হয়ে ওঠে। জেলার নেতারা জনসভা করতে চাইলেও সহযোগী সংগঠনের তৃণমূল নেতা-কর্মীদের দাবি ছিল কর্মিসভা করা হোক, যাতে তাঁরা তাঁদের বঞ্চনা ও ক্ষোভের কথা প্রকাশ্যে বলতে পারেন।
কিন্তু জেলা নেতারা তাঁদের সিদ্ধান্তে অটল থাকেন। টাউন হলে অনুষ্ঠিত কর্মিসভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে ওবায়দুল কাদের, ড. হাসান মাহমুদ ও বীর বাহাদুর উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূল নেতা-কর্মীরা তাঁদের পক্ষে কথা বলার সুযোগ দেওয়ার দাবি তোলেন। তাঁরা জেলা নেতাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও টেন্ডারবাজির অভিযোগ তোলেন। এ সময় সমাবেশস্থলে শুরু হয় তুমুল হট্টগোল, বাগিবতণ্ডা, এমনকি হাতাহাতি। এ সময় জেলা নেতাদের অনুসারী কিছু নেতা-কর্মী অভিযোগকারীদের ওপর হামলা চালান। পরে কারও কারও বাড়ি গিয়েও হুমকি দেওয়া হয়। হুমকির কারণে অনেক নেতা-কর্মী এখন এলাকাছাড়া।
হামলায় আহত মহালছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, দীঘিনালা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর ও পানছড়ি উপজেলা ছাত্রলীগের নেতা মো. মোমিন জানান, হামলাকারীরা প্রভাবশালী নেতার আশীর্বাদপুষ্ট হওয়ায় পুলিশসহ উপস্থিত অন্য নেতা-কর্মীরা তাঁদের সাহায্যে এগিয়ে আসেনি। জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা বলেন, ‘আমরা বঞ্চনার কথা প্রকাশ করার মাধ্যমে দল ও সাধারণ নেতা-কর্মীদের প্রতি জেলা নেতাদের মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলাম। কিন্ত আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।
দলের বৃহত্তর স্বার্থে সেদিনের ঘটনার জন্য আমি সব দায় কাঁধে নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে ক্ষমা চেয়েছি। তার পরও আমাদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমি ও যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ভয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না।’
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ সেদিনের সমাবেশে জেলা নেতাদের সমালোচনা করে বক্তব্য দেন। সমাবেশের পরদিন সকালে দলীয় কার্যালয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করা হয়।
মো. জাবেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জেলা শাখার এক নেতার আশীর্বাদপুষ্ট ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বহিষ্কৃত লোকদের দিয়ে আমার ওপর হামলার চেষ্টা করা হয়। নিরাপত্তার অভাবে চার দিন ধরে পুলিশের আশ্রয়ে থেকে এখন এলাকা ছেড়ে চট্টগ্রামে পালিয়ে এসেছি।’ মানিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসের আলীর ওপর ১২ সেপ্টেম্বর হামলা চালানো হয়।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম বলেন, যুবলীগ নেতারা সেদিন পরিকল্পিতভাবে হট্টগোল শুরু করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের নেতা-কর্মীদের মধ্যে এমন বিরোধপূর্ণ পরিস্থিতি বজায় থাকলে তার প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে বলে সংশ্লিষ্ট অনেকে মন্তব্য করেন।
এ বিষয়ে মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল হক বলেন, যুবলীগের নেতাদের দাবির ধরন কিংবা তাদের বক্তব্যের ওপর জেলা নেতাদের বাধা দেওয়া কোনোটাই ঠিক হয়নি। তিনি এ সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।