খাগড়াছড়িতে বিদ্যালয় ও বসতবাড়ির পাশে তামাকচুল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুম শুরু হওয়ায় তামাকচুল্লিগুলোতে তামাকপাতা পোড়ানো শুরু হয়েছে। ফলে বায়ুদূষণ বেড়েছে। ছবিটি খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মাইনি সেতু এলাকা থেকে তোলা  l প্রথম আলো
মৌসুম শুরু হওয়ায় তামাকচুল্লিগুলোতে তামাকপাতা পোড়ানো শুরু হয়েছে। ফলে বায়ুদূষণ বেড়েছে। ছবিটি খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মাইনি সেতু এলাকা থেকে তোলা l প্রথম আলো

খাগড়াছড়ি জেলায় তামাক শুকানোর চুল্লি নির্মিত হয়েছে বিদ্যালয়, বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে। ফলে বিষাক্ত ধোঁয়ায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। এ ছাড়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তামাক পোড়ানোর কাজে নারী ও শিশুদের ব্যবহার করা হচ্ছে। তামাকচুল্লিগুলোতে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে গাছ।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের তথ্য অনুয়ায়ী, জেলায় এ বছর ৮০৫ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি—৬৪৬ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে দীঘিনালা উপজেলায়। জেলার মাটিরাঙ্গা উপজেলায় ৮০ হেক্টর, মহালছড়ি উপজেলায় ৬০ হেক্টর, সদর উপজেলায় ১২ হেক্টর, রামগড়ে পাঁচ হেক্টর ও মানিকছড়িতে দুই হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে।
সম্প্রতি সদর উপজেলার বিচিতলা বাঙালিপাড়া, গামারিঢালা গ্রাম, ম্যাজিস্ট্রেটপাড়া ও মহালছড়ি উপজেলার বলিপাড়া, নুনছড়ি গুচ্ছগ্রাম, মাইসছড়ি বাজারের আশপাশে ঘুরে অন্তত অর্ধশত তামাকচুল্লি দেখা গেছে। এসব চুল্লির অবস্থান ঘরবাড়ি ও বিদ্যালয়ের পাশে। তামাক শুকানোর আগে তামাকপাতা গোছানোর কাজ করতে দেখা গেছে নারী ও শিশু শ্রমিকদের। চুল্লির পাশে স্তূপ করে রাখা হয়েছে কাঠ।
সদর উপজেলার গামারিঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ম্যাজিস্ট্রেটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহালছড়ি উপজেলার জুরম্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজের মধ্যে একাধিক চুল্লি নির্মাণ করা হয়েছে। ম্যাজিস্ট্রেটপাড়া ও বলিপাড়ায় বৌদ্ধবিহারের পাশেই গড়ে তোলা হয়েছে তামাকচুল্লি।
ম্যাজিস্ট্রেটপাড়ার বাসিন্দা থৈঅংগ্য মারমা বলেন, তামাকচুল্লি থেকে নির্গত ধোঁয়া স্বাস্থ্যর জন্য ক্ষতিকর এটা সবাই জানে। তবু বেশি লাভের আশায় অনেকেই তামাক চাষ করেন।
গামারিঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ম্যাজিস্ট্রেটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জুরম্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, তামাক শুকানোর সময় চুল্লি থেকে যখন ধোঁয়া বের হয়, তখন তাঁদের মাথা ঘোরে। এ সময় শ্রেণিকক্ষে থাকাও দায় হয়ে পড়ে। মুখে কাপড় দিয়ে শ্রেিণর কার্যক্রম চালাতে হয়।
তামাকচুল্লির মালিকেরা প্রভাবশালী হওয়ার কারণে শিক্ষকেরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে সাহস করেননি।
বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও বসতবাড়ির পাশে তামাকচুল্লি স্থাপনের ব্যাপারে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যাঁরা ভূক্তভোগী তাঁরা অভিযোগ না করলে আমাদের করার কিছুই নেই। এ ব্যাপারে প্রথমেই ভূক্তভোগীদের সচেতন হওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।