খাগড়াছড়িতে বিশেষ উন্নয়ন কর্মসূচির প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয়
খাগড়াছড়ি সদর উপজেলায় বিশেষ উন্নয়ন কর্মসূচির জন্য এ বছরের শুরুতে ১০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়
পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়। বরাদ্দ করা খাদ্যশস্য দিয়ে উপজেলায় ২২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া
হয়। কিন্তু দুই মাস আগে প্রথম কিস্তিতে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য ছাড় করা হলেও অধিকাংশ প্রকল্পের অগ্রগতি
সন্তোষজনক নয়। প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করে ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে এই উন্নয়ন প্রকল্প
বাস্তবায়ন করা হচ্ছে। চলতি জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। পাশাপাশি এ মাসেই দ্বিতীয় কিস্তির আরও ৫০
টন খাদ্যশস্য ছাড় করার কথা রয়েছে। তবে প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট না হলে বাকি খাদ্যশস্য ছাড় করা হবে না বলে
জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমি প্রকল্পের অগ্রগতি
পরিদর্শন করছি। সব প্রকল্প এখনো ঘুরে দেখিনি। এর মধ্যে খাগড়াছড়ি ইউনিয়নে একটি মন্দির উন্নয়নের কাজ
আশানুরূপ হয়নি। প্রকল্পগুলোর কাজের মান সন্তোষজনক না হলে দ্বিতীয় কিস্তির খাদ্যশস্য ছাড় দেওয়া হবে না।’
সম্প্রতি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা যায়, কোনো কোনো প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। অনেক প্রকল্পের সুবিধাভোগীরা
বরাদ্দ সম্পর্কে জানেন না। আবার অনেক প্রকল্পে ইতিপূর্বে সম্পন্ন করা কাজকে উন্নয়ন হিসেবে দেখানো হচ্ছে।
খাগড়াছড়ি ইউনিয়নের ভুবন কারবারিপাড়ার লক্ষ্মীনারায়ণ মন্দির উন্নয়নে পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। মন্দির
পরিচালনা কমিটির সভাপতি তরুণ মোহন ত্রিপুরা ও কোষাধ্যক্ষ মিলন ত্রিপুরা জানান, তাঁরা ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যানের কাছ থেকে মন্দিরের কাজের জন্য ১০ হাজার টাকা পেয়েছেন। এ টাকা দিয়ে নয় বস্তা সিমেন্ট ও এক ট্রাক
বালু আনা হয়েছে। তবে এসব উপকরণ দিয়ে এখনো কোনো নির্মাণকাজ করা হয়নি।
গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়ায় অবস্থিত বৌদ্ধবিহার উন্নয়নের জন্য সাত মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বিহারের
প্রতিষ্ঠাতা রামকমল কারবারি (৮০) জানান, তিনি নিজের জমি বিক্রি করে বিহারের ঘর নির্মাণ করেছেন। আর পার্বত্য
চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিহারের চারপাশে পাকা দেয়াল নির্মিত হচ্ছে। উপজেলা পরিষদ থেকে এই বিহার
উন্নয়নে খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন।
এ ছাড়া খাগড়াছড়ি ইউনিয়নের স্বধর্মকানন বৌদ্ধবিহার ও গোলাবাড়ি ইউনিয়নের বেনুবন বৌদ্ধবিহার ঘুরে দেখা গেছে,
ওই দুটি বিহারের পরিচালনা কমিটি প্রকল্প শুরু হওয়ার আগেই মন্দিরের উন্নয়ন করেছিল। এখন বরাদ্দকৃত খাদ্যশস্য
মন্দির উন্নয়নে ব্যয় করা হয়েছে বলে দেখানো হচ্ছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ২২টি প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে ৫০
মেট্রিক টন খাদ্যশস্য ছাড় দেওয়া হয়েছে। সরেজমিনে প্রথম কিস্তির কাজ দেখার পরই দ্বিতীয় কিস্তি ছাড় দেওয়া হবে। আর
কাজ সন্তোষজনক না হলে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড় দেওয়া হবে না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম জানান, দ্বিতীয় কিস্তির খাদ্য শস্য ছাড় দেওয়ার আগে কাজ বুঝে নেওয়া
হবে।