খাগড়াছড়িতে হাটবারে সড়কে কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলায় তিনটি বাজার সম্প্রসারণ না করায় হাটবারে মহাসড়ক দখল করে চলে কেনা-বেচা।
জেলার মাটিরাঙ্গায় অবস্থিত মাটিরাঙ্গা বাজার, গুইমারায় অবস্থিত গুইমারা বাজার ও মানিকছড়িতে অবস্থিত তিনটহরী বাজারে এমন অব্যবস্থা চোখে পড়েছে। সমস্যা সামাধানে স্থানীয় বাজার ফান্ড এগিয়ে না আসায় যানজটসহ নানা সমস্যা বাড়ছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, মাটিরাঙ্গা বাজার শনিবার, গুইমারা বাজার মঙ্গলবার ও তিনটহরী বাজার প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাট বসে।
বাজারের দিনেই এই স্থানগুলোতে সবচেয়ে বেশি ভিড় থাকে। পরিবহনশ্রমিকেরা জানান, সড়কে বাজার বসায় যানজট বাড়ে। বাসযাত্রীরাও হয়রানির শিকার হয়।
সম্প্রতি গুইমারা ও মাটিরাঙ্গা বাজার গিয়ে দেখা যায়, হাটবারের দিন বাজারে প্রচণ্ড ভিড়। দূর থেকে মালামাল নিয়ে আসা অস্থায়ী বিক্রেতারা জায়গা না পেয়ে সড়কের ওপর বসেই বিকিকিনি করছেন। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচলকারী যানবাহনগুলো এসব বাজার পার হতে গিয়ে গতি কমাতে বাধ্য হচ্ছে। বাজারগুলোয় পুলিশ মোতায়েন থাকলেও যানজট কমানো যাচ্ছে না।
গুইমারা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, গুইমারা বাজার সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে।
খাগড়াছড়ি-চটগ্রাম সড়কের বাসচালক মুহাম্মদ আবু সালেহ বলেন, হাটবারে শুধু মাটিরাঙ্গা বাজার বা গুইমারা বাজার অতিক্রম করতে অনেক সময় ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। সড়ক দখল করে বাজার গড়ে ওঠায় এত বেশি সময় লাগছে।
এ ব্যাপারে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাজার ফান্ড কর্তৃপক্ষের প্রশাসক চাইথোঅং মারমা বলেন, গুইমারা ও মাটিরাঙ্গা বাজার সম্প্রসারণের প্রস্তাব পার্বত্য জেলা পরিষদে রয়েছে। একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এ ব্যাপারে শিগগিরই সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করা হবে।