খাগড়াছড়ির তিন সন্ত্রাসী হামলা বিচ্ছিন্ন ঘটনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দিনে প্রায় একই সময়ে খাগড়াছড়িতে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনা ঘটলেও পুলিশের দাবি এসব আকস্মিক ও বিচ্ছিন্ন। ৬ ডিসেম্বর ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ ও হরতাল পলিত হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবিত সাধারণ মানুষ।
৬ ডিসেম্বর রাত আটটায় জেলার মানিকছড়ি উপজেলা সদরের রাজবাড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও মানিকছড়ি কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের শিক্ষক চিংসামং চৌধুরী নিহত ও জনসংহতি সমিতির (সন্তু লারমা) উপজেলা কমিটি সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপানা বাবু গুরুতর আহত হন। ওই দিন প্রায় একই সময়ে মাটিরাঙ্গা উপজেলার ধলিয়া সেতু এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জনসংহতি সমিতির (সন্তু লারমা) সদস্য আশুতোষ ত্রিপুরা গুরুতর আহত হন। প্রায় একই সময়ে পানছড়ি উপজেলার ছনটিলা এলাকার হরধরপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে রমজান আলী ও আনোয়ারা বেগম আহন হন। তঁারা দুজন স্বামী-স্ত্রী।
এসব ঘটনার সবচেয়ে জোরালো প্রতিবাদ আসে মারমা সম্প্রদায় থেকে। মানিকছড়িতে চিংসামং চৌধুরী মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি জেলা সদরের মারমা অধ্যুষিত পানখাইয়াপাড়ায় বিক্ষোভ মিছিল বের হয়। এই হামলার জন্য মারমা সম্প্রদায়ের নেতারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে। যদিও ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ শহরের বিক্ষোভ মিছিল বের করে। চিংসামং চৌধুরী হত্যার প্রতিবাদে মানিকছড়ি উপজেলা উত্তাল হয়ে উঠে। রবিবার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। ‘মানিকছড়ি নাগরিক পরিষদ’ ব্যানারে মানিকছড়ি উপজেলায় সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার হরতাল পালিত হয়। এদিকে পানছড়ি উপজেলায় বাঙালি দম্পতির ওপর হামলার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রোববার পানছড়িতে বিক্ষোভ মিছিল করে। খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করে ‘সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি’।
খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে খাগড়াছড়ি জেলায় শান্তির পরিবেশ বজায় ছিল। একই দিনে তিনটি ঘটনা ঘটলেও সেগুলো ছিল আকস্মিক ও বিচ্ছিন্ন। তা ছাড়া এসব অপরাধের সঙ্গে আঞ্চলিক রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে। এসব বিবেচনায় রেখে পুলিশ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।