খাগড়াছড়ির তিন সেরাবিদ্যালয়
এ বছর এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি জেলার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ৫৮ শতাংশ থাকলেও এ বছর বেড়ে হয়েছে ৭৫ দশমিক ২২ শতাংশ। জেলার সামগ্রিক ফলাফল ভালো হওয়ার পেছনে অবদান রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের। এর মধ্যে শীর্ষ তিনে রয়েছে জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়।
তাইন্দং উচ্চবিদ্যালয়: জেলার নামী বিদ্যালয়গুলোকে পেছনে ফেলে এ বছর এসএসসিতে শীর্ষস্থান দখল করেছে মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্ত এলাকার তাইন্দং উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭৬ জন। পাসের হার ৯৫ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে আটজন। জেলার মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে ৩৯ কিলোমিটার দূরে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই বিদ্যালয় ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। গত চার বছর ধরে এএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বছর এই বিদ্যালয়ের ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৪ জন। পাসের হার ছিল ৬৫ দশমিক ৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল দুজন পরীক্ষার্থী। বিদ্যালয়ের অপ্রতুল শিক্ষা-সরঞ্জাম ও অবকাঠামো ভালো ফলাফল অর্জনে বাধা হয়ে দাঁড়ায়নি।
শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতার কারণে এমন ভালো ফলাফল সম্ভব হয়েছে বলে জানান প্রধান শিক্ষক মো. আবুল কাশেম। তিনি বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষের সংকট রয়েছে। নেই প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। তবু ফলাফল ভালো হচ্ছে। এর কারণ হলো শিক্ষকেরা প্রত্যেক শিক্ষার্থীর প্রতি সমান মনযোগ দেন। বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে বাড়িতে পড়াশোনা করে সেদিকেও নজর দেওয়া হয়। এ ছাড়া শিক্ষকেরা পালা করে সন্ধ্যায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল: এবারের এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি জেলায় জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে শীর্ষে আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এই বিদ্যালয় থেকে এবার ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২ জন। পাসের হার ৯১ দশমিক ১৭ শতাংশ। তবে এ বছর বিদ্যালয়টির পাসের হারও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে কমেছে। গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৬ জন পরীক্ষার্থী। বিদ্যালয়ের অধ্যক্ষ মেজর নাছিরুল ইসলাম মীর বলেন, কঠোর শৃঙ্খলা ও শিক্ষকদের পরিকল্পনা অনুযায়ী পাঠদানের কারণে ভালো ফলাফল সম্ভব হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকেরা প্রত্যেক শিক্ষার্থীর প্রতি নজর রাখেন।
জিপিএ-৫ পাওয়া একমাত্র ছাত্রী শ্রাবন্তী চাকমার বাবা অপূর্ব বিকাশ চাকমা জানান, শিক্ষার্থীদের ফলাফল ভালো হওয়ার পেছনে কাজ করেছে শৃঙ্খলাবোধ। শিক্ষকদের সহযোগিতা ও দিকনির্দেশনাও সাফল্যের অন্যতম কারণ।
খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়: ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত কয়েক বছর ধরে এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বছর ২২৩ জন পরিক্ষার্থীর মধ্যে ২০৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে আটজন। পাসের হার ৯২ দশমিক ৮২ শতাংশ।
নানা প্রতিকূলতা ও সমীবদ্ধতা সত্ত্বেও বিদ্যালয়ের সার্বিক ফলাফল ভালো হচ্ছে। প্রধান শিক্ষক শ্রীলা তালুকাদারের মতে, অভিভাবকেরা আগের চেয়ে অনেক সচেতন হওয়ায় ফলাফল ভালো হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত সভাও করেছেন শিক্ষকেরা।