খাগড়াছড়ির বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা, মাটিরাঙ্গা ও সদর উপজেলায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দীঘিনালা সেনা চিরন্তন আটাশ, মাটিরাঙ্গা থানা ও সামাজিক সংগঠন স্বপ্ন সিঁড়ি এসব শীতবস্ত্র বিতরণ করে।
২১ জানুয়ারি দীঘিনালা সেনা চিরন্তন আটাশের উদ্যোগে প্রায় পাঁচ শ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মহসীন রেজা। এ সময় উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুল আলম প্রমুখ।
জোন অধিনায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
২২ জানুয়ারি মাটিরাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী অসহায় ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন প্রমুখ। এতে ১৬০ জন অসহায় ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এদিকে ২০ জানুয়ারি স্বপ্ন সিঁড়ির উদ্যোগে চম্পাঘাট, ঠাকুরছড়া, বলপেয়া আদাম, গঞ্জপাড়া, শান্তিনগর ও কুমিল্লাটিলায় দরিদ্র ও পৌর শহরের ভাসমান মানুষের মধ্যে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।