খাগড়াছড়ি আওয়ামী লীগের কাউন্সিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি নির্বাচনের পক্ষে হলেও প্রবীণ নেতারা ভাবছেন সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করার কথা। তবে কাউন্সিলে কমিটি নির্বাচন হবে, না পরে ঘোষণা করা হবে তা চূড়ান্তভাবে নির্ভর করছে কেন্দ্রীয় কমিটির ভূমিকার ওপর।সাত বছর পর আজ এ কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ২০০৫ সালের ডিসেম্বরে শেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এই কাউন্সিলে সভাপতি পদে বর্তমান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক পদে জাহেদুল আলম মনোনীত হয়েছিলেন। যতীন্দ্র লাল ত্রিপুরা সভাপতি পদে মোট নয় বছর এবং জাহেদুল আলম দীর্ঘ ২০ বছর ধরে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান কমিটির সাংগঠনিক দুর্বলতা, স্বজনপ্রীতি ও দলের নাম ব্যবহার করে সরকারি সুযোগসুবিধা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মনে রয়েছে ক্ষোভ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী বলেন, আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদের ক্ষমতার শেষ পর্যায়ে এসেও এখানে জেলা কার্যালয়ের স্থায়ী ঠিকানা ঠিক করতে পারেননি নেতারা। এটা বর্তমান কমিটির চরম ব্যর্থতা। অথচ স্থায়ী ঠিকানা করার জন্য একটি তহবিলও গঠন করা হয়েছে। আজকের কাউন্সিলের মাধ্যমে দলকে আরও গতিশীল ও আগামী নির্বাচনে বিজয় ধরে রাখার উপযোগী কমিটি গঠনের সুযোগ হয়েছে বলে তাঁরা মন্তব্য করেন। এ ছাড়া দলকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটিতে আদিবাসী ও বাঙালিদের ভারসাম্য রক্ষা এবং নেতৃত্বে নবীন-প্রবীণের মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়েছেন অনেকে। জানা যায়, বর্তমান সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবারের কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন। ইতিমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, তথ্য ও প্রচার সম্পাদক সমীর দত্ত চাকমা ও জেলা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম আলীমউল্লাহর নাম আলোচনায় এসেছে। এঁদের মধ্যে দুজন প্রতিদ্বন্দ্বিতা করার কথা এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মংসুই প্রু চৌধুরী।এরই মধ্যে কমিটিতে নিজের পদ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে ঘুরে তৃণমূলের নেতা-কর্মীদের দোয়া ও সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্ট পদপ্রার্থীরা। জানা গেছে, খাগড়াছড়িতে এর আগে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ বা ব্যালটের মাধ্যমে কমিটি গঠন করা হয়নি। এবারও তৃণমূলের নেতা-কর্মীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি নির্বাচনের পক্ষে হলেও প্রবীণ নেতারা চান সমঝোতার ভিত্তিতে কমিটি গঠিত হোক। এ ব্যাপারে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই জানান, কাউন্সিলররা চাইলে এবারও তাঁরা নিজ নিজ পদে থাকতে আগ্রহী। তবে চূড়ান্তভাবে কমিটি গঠন কোন প্রক্রিয়ায় হয় তা দেখার জন্য আজকের কাউন্সিলের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।