খাগড়াছড়ি আদালতে বিচারপ্রার্থীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নেই কোনো বিশ্রামাগার ও শৌচাগার। এতে দূর-দূরান্ত থেকে আদালতে আসা মানুষজনকে দুর্ভোগে পড়তে হচ্ছে। বিচারপ্রার্থী ও দর্শনার্থীরা আদালত চত্ব্বরে বটগাছের নিচে ও ফুটপাতে বসেই বিশ্রাম নেন। আদালত চত্ব্বরে একটি গণশৌচাগার থাকলেও সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।রামগড় উপজেলা সদরের চৌধুরীপাড়া থেকে মামলার হাজিরা দিতে এসেছিলেন মো. ইয়াকুব আলী (৫৮)। তিনি বলেন, ‘এই আদালতে আমাকে গত দেড় বছর ধরে প্রায় প্রতিমাসে আসতে হয়। যেদিন হাজিরা থাকে সেদিন সকালে বাড়ি থেকে রওনা দিয়ে আড়াই ঘণ্টা বাসে চড়ে আদালতে আসতে হয়। নির্দিষ্ট সময়ে আদালতের কার্যক্রম শুরু হয় না বলে সমস্যা হয়। গাছের নিচে বা ফুটপাতে বসে অপেক্ষা করতে হয় কখন ডাক পড়বে।’মানিকছড়ি উপজেলার তিনটহরী থেকে আসা সবুজ চৌধুরী (৩৫) বলেন, ‘আদালতে বিভিন্ন কাজে অপেক্ষা করতে হয়। অথচ এখানে বসার কোনো জায়গাও নেই। রোদ, বৃষ্টি থেকে বাঁচতে গাছতলা ও আদালতের বারান্দায় আশ্রয় নিতে হয়।’ খাগড়াছড়ি আইনজীবী সমিতির সভাপতি তৈয়ব আলী বলেন, ‘আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের জন্য একটি বিশ্রামাগার অবশ্যই দরকার। আমাদের মক্কেলদের আমরা ঠিকমতো বসতে দিতে পারি না। আদালত প্রাঙ্গণে একটি বিশ্রামাগার ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শৌচাগার নির্মাণ করা জরুরি।’